আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি সোমবার (১৮ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ওপর সমালোচনার বিষয়টি উঠে আসে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিলার বলেন, “আমরা বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি এবং আশা করি, সরকার এই ধরনের আন্দোলনকে সহিংসভাবে দমন করবে না।” তিনি আরও বলেন, “বিশ্বের সব দেশেই আমরা একই কথা বলি—শান্তিপূর্ণ আন্দোলন দমন না করা উচিত, বরং তা সমর্থন করা উচিত।”

প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের ‘নূর হোসেন দিবস’ উপলক্ষে সমাবেশের ঘোষণা ও এতে পুলিশের বাধার বিষয়ে প্রশ্ন ওঠে। এছাড়াও, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়েও আলোচনা করা হয়। সাংবাদিকরা জানতে চান, এসব বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা সরকারের সঙ্গে কোনও আলোচনা করেছে কিনা।

এ প্রসঙ্গে মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আমি এখানে কিছু বলব না। তবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি এবং আশা করি সরকার কোনওভাবেই সেই আন্দোলন দমন করবে না।”

এ সময় সাংবাদিকরা বাংলাদেশ সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলেও মিলার স্পষ্ট করে কিছু বলেননি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




৩৭ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেশ কজন জ্যেষ্ঠ সাংবাদিকসহ ৩৭ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি প্রদান এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জন সদস্যের সদস্য পদ স্থগিত করা হলো। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নোটিশে জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবের যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে এই তালিকায় সিনিয়র অনেক সাংবাদিকের নাম রয়েছে। তারা হলেন- নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফরজানা রুপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল।

এই তালিকায় আরও আছেন জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজি আজমল হোসেন, আনিসুল রহমান, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, ইখতিয়ার উদ্দিন ও আবু জাফর সূর্য।




বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থান নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে এবং এখান থেকে আর পেছনে ফেরা যাবে না। তিনি আরও বলেন, সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে।

শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

সোমবার (১৮ নভেম্বর) বাণিজ্য উপদেষ্টা তার অফিস কক্ষে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক উয়াং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, মুক্তবাণিজ্য চুক্তি এবং কোরিয়ার বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্কোন্নয়ন হবে।”

বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং এবং চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি, তিনি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন।

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের যুবশ্রেণির মধ্যে বড় একটি শক্তি রয়েছে, এবং কোরিয়া তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চায়।” তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির তাদের চলমান উদ্যোগ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

রাষ্ট্রদূত আরও জানান, অন্যান্য দেশের তুলনায় কোরিয়া বাংলাদেশে অনেক খাতে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আত্মহত্যার ঝুঁকিতে প্রিয়জন? করণীয় জানালেন সাইকোলজিস্ট

বর্তমান যুগের প্রতিযোগিতামূলক জীবনে মানুষের মানসিক চাপ ও হতাশা ক্রমশ বাড়ছে। এর ফলে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আঁচল ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে, ২০২৩ সালে বাংলাদেশে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যেখানে নারী শিক্ষার্থীদের হার (৬০.২%) পুরুষ শিক্ষার্থীদের তুলনায় বেশি। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের প্রিয়জন হতাশার মধ্যে আছেন কিনা। তাই তাদের এই অবস্থা থেকে কীভাবে বের করে আনা যায় তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে চ্যানেল 24 অনলাইনের সঙ্গে কথা বলেছেন সাইকোলজিস্ট সূরাইয়া ইসলাম মুন্নি।

আত্মহত্যার পূর্ব লক্ষণসমূহ:

আপনার পরিবারের সদস্য কিংবা বন্ধুর মধ্যে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হতে হবে:

সবসময় মনমরা হয়ে থাকা এবং আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করা।

মৃত্যু নিয়ে লেখা কবিতা, চিঠি বা ব্যক্তিগত নোট।

ইন্টারনেটে আত্মহত্যার পদ্ধতি খোঁজা বা এর জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ।

জীবনে কোনো আশা নেই বা বেঁচে থাকার কোনো কারণ নেই বলে বারবার বলা।

মাদকের ব্যবহার বৃদ্ধি পাওয়া।

আচরণে হঠাৎ করেই উদ্বিগ্নতা বা উত্তেজনা, বেপরোয়া আচরণ।

স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো করতে না পারা।

একাকিত্ব অনুভব করা এবং অন্যদের থেকে নিজেকে গুটিয়ে নেয়া।

আত্মহত্যার প্রবণতা দেখা দিলে করণীয়:

১. আপনার কাছের মানুষটির আচরণ নিয়ে দুশ্চিন্তায় আছেন তা তাকে জানান। তার কথা কোনো ধরনের বিচার-বিশ্লেষণ ছাড়া শুনুন।

২. শান্ত পরিবেশে সরাসরি জিজ্ঞেস করুন, “তুমি কি আত্মহত্যার চিন্তা করছো?” যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাকে সহানুভূতির সাথে বুঝান।

৩. তাকে কখনো একা রেখে কোথাও যাবেন না। তার নিরাপত্তার জন্য সর্বদা পাশে থাকুন।

৪. এমন কিছু বলবেন না যাতে তার অপরাধবোধ বাড়ে। যেমন, “তুমি মারা গেলে সবাই বিপদে পড়বে” বা “জাহান্নামে যাবে” ইত্যাদি কথা বলা থেকে বিরত থাকুন।

৫. শান্ত থেকে মনোযোগ সহকারে তার কথা শুনুন। তাকে দোষারোপ করা যাবে না।

৬. কাউকে প্রতিশ্রুতি দেবেন না যে তার আত্মহত্যার কথা গোপন রাখবেন।

৭. বিশেষজ্ঞ সাইকোলজিস্টের পরামর্শ নিন। পেশাদার কাউন্সেলিং সেবা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

আপনার প্রিয়জনের মধ্যে যদি এ ধরনের লক্ষণ দেখতে পান, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। সচেতনতা এবং সহানুভূতি দিয়ে আপনি একজনের জীবন বাঁচাতে পারেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি জানান, শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে না দেওয়ায় এখনও ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তারা রেলপথ ছেড়ে দিলেই রেল চলাচল আবার শুরু হবে। এ জন্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, মহাখালী থেকে উপকূল এক্সপ্রেসে হামলায় ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছি না।’

রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনের কারণে সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস তেজগাঁওয়ে আটকা পড়ে। এরপর ঢাকাগামী আরও দুটি ট্রেন আটকা পড়ে। পরের ট্রেনগুলো রেলপথ অবরোধ করে আন্দোলনের কারণে ছাড়া সম্ভব হয়নি। ঢাকায়ও কোনও ট্রেন প্রবেশ করতে পারেনি।




পরীমণির ‘প্রেমে পড়া’ ভিডিওতে চমক, সত্যি নয় মজা!

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হামেশাই সংবাদের শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যে, নতুন করে প্রেমে পড়েছেন! এই ঘোষণার পরপরই অনুরাগীদের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা। সকলেই ভেবেছিলেন, সত্যিই পরীমণি নতুন সঙ্গী পেয়েছেন।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন পরী, যেখানে চলন্ত গাড়িতে কারও হাত ধরে থাকতে দেখা গেছে তাকে। আলিঙ্গনের মতো মুহূর্তে থাকা সেই ভিডিও দেখে অনেকেই মনে করেন, এটা নিশ্চয়ই পরীর নতুন প্রেমিক। ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’

এই পোস্টের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হইচই। পরীমণির অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরে দেন তার মন্তব্য বাক্স। অনেকেই ভেবেছিলেন, পরীমণি জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।

কিন্তু ঘটনার মোড় নেয় অন্যদিকে। কয়েকদিন পর পরীমণি আবার সেই ভিডিওটি সামনে নিয়ে আসেন। প্রকাশ করেন ভিডিওটির পুরো সত্য। মূলত, এটি ছিল শুধুমাত্র একটি ‘প্র্যাঙ্ক’ বা মজার ছলে করা ভিডিও। ভিডিওর শেষে দেখা যায়, পরীর সঙ্গী এবং তিনি মিলে হাসতে হাসতে মজা করছেন। পরীমণি ক্যাপশনে লিখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’

এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র ভক্তদের সঙ্গে মজা করার জন্য। তিনি আরও জানান, ‘গুজবে কান দেবেন না।’

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণি জানিয়েছিলেন, তিনি আর কোনো নতুন সম্পর্কে জড়াতে চান না। তার ছেলে রাজ্য এবং মেয়ে তার জীবনের দুই ডানা, তাদের নিয়েই সুখে আছেন তিনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে বিশেষ কৌশলে ওজনে প্রতারণা, বিপাকে ক্রেতারা

পটুয়াখালী পৌর নিউ মার্কেটের মুরগী বাজারে বিশেষ কৌশলে ওজনে কারচুপির ঘটনা প্রকাশ পেয়েছে। এতে ক্রেতারা পণ্য কিনে ওজনে ঠকছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে ভোক্তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে নিউ মার্কেটের মুরগী ব্যবসায়ী তুহিনের দোকানে দেখা যায়, তার ডিজিটাল ওজন যন্ত্রে একটি গুনা বাঁধা আছে। এ গুনাটি নিচে টেনে ধরলেই মিটারের স্কেলে অতিরিক্ত ওজন প্রদর্শিত হয়। ক্রেতারা অভিযোগ করেন, এই কৌশলে প্রতি কেজিতে ১০০-২০০ গ্রাম কম পণ্য দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত বাজার মনিটরিংয়ে আসেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া। তিনি বলেন, “তুহিনের মুরগীর দোকানে ডিজিটাল ওজন যন্ত্রে প্রতারণার প্রমাণ পেয়েছি। এ কারণে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তুহিনের বড় ভাই অপু বলেন, “আমাদের তিনটি দোকান আছে, যেগুলো একসঙ্গে পরিচালনা করা সম্ভব হয় না। মোহসীন নামে এক কর্মচারী এই দোকানটি দেখাশোনা করতেন। তার ওজনে কারচুপির বিষয়ে আমরা জানতাম না।”

বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, তুহিনের দোকানটি সবসময় বাজার দামের থেকে ১০-২০ টাকা কমে মুরগী বিক্রি করত, তবে প্রতি কেজিতে ১০০-২০০ গ্রাম কম দিয়ে সেই ঘাটতি পুষিয়ে নিত। বাজারের অন্য মুরগী ব্যবসায়ী মো. মামুন বলেন, “তাদের কারণে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমরা চাই প্রশাসন এর কঠোর ব্যবস্থা নিক।”

স্থানীয়রা দাবি করেছেন, প্রতিটি দোকানে ডিজিটাল ওজন যন্ত্র ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি চালানোর আহ্বান জানানো হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, “বাজার মনিটরিং আরও কঠোর করা হবে। কোনো ধরনের প্রতারণার ঘটনা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে মাদকবিরোধী মানববন্ধন, আইনি পদক্ষেপের দাবি

পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাউফল-বরিশাল মহাসড়কের গোসিংগা গ্রামের আফছেরের গ্যারেজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একাধিক মাদক ও হত্যা মামলার আসামি মিন্টু মৃধা এলাকার পরিবেশ নষ্ট করছেন। পুলিশের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায়, তিনি বারবার গ্রেফতার হওয়া সত্ত্বেও আইনের ফাঁক ফোকর দিয়ে দ্রুত জামিন পেয়ে যান এবং পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। বক্তারা আরও অভিযোগ করেন, মিন্টু মৃধার স্ত্রী রাবিয়া, একই পরিবারের রাকিব ও মুসাও মাদক ব্যবসার সাথে জড়িত।

গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক খান এবং স্থানীয় যুবদল নেতা আলী আজগর সুজনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা দাবি করেন, মাদকের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার পরিবেশ আরও অবনতি ঘটবে। বক্তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গণহত্যা’: হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ১৭ ডিসেম্বর মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্টের ‘গণহত্যার’ মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পাশাপাশি সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে ‘গণহত্যার’ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এ আদালত।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে বলেন, প্রাথমিক তদন্তে জুলাই অগাস্টে ‘নিপীড়নের পটভূমি’ পাওয়া গেছে। তদন্ত শেষ করার জন্য দুই মাস সময় প্রয়োজন।

পরে ট্রাইব্যুনাল এক মাস সময় দিয়ে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।




পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত

পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির দায়ে জরিমানা করেন। তিনি জানান, “কচ্ছপ এক ধরনের বন্যপ্রাণী যা প্রায় বিলুপ্তির পথে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।”

এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আসাদুল্লাহ হাসান মুছা জানান, দীর্ঘদিন ধরে সোহেল হাওলাদার কচ্ছপ বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। সেই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অভিযানকালে পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো নিরাপদে মুক্ত করে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম