এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা

চন্দ্রদ্বীপ ডেস্ক: এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার এ কথা জানান।

তিনি বলেন, “সুস্থ থাকলে ইনশাল্লাহ ম্যাডাম (বৃহস্পতিবার) সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলার সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান বুধবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় গিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বৃহস্পতিবার সেনানিবাসের এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনব‌্যাপী অনুষ্ঠানে প্রতিবছর দিনটি ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ।




সৌদি যুবরাজের বিরুদ্ধে ৯২৫ বিলিয়ন ডলারের তহবিল-ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে ৯৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সংবাদ সংস্থা এএফপির বরাতে দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির ভিন্ন মতাবলম্বী শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবেরদের প্রতিষ্ঠান ও সম্পত্তি জব্দ করেছেন সৌদি যুবরাজ। ওই বছরই তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছ থেকে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন তিনি।

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবেরদের মালিকানাধীন প্রতিষ্ঠান-সম্পত্তি জব্দ করছেন মোহাম্মদ বিন সালমান, পরে সেসব রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) আওতায় নিয়ে যান।

ফলে অস্বাভাবিকভাবে ফুলে-ফেঁপে উঠে পিআইএফের সম্পদের পরিমাণ। এক দশক আগে রাষ্ট্রীয় এই তহবিলে সম্পদের পরিমাণ ছিল ৮ হাজার ৪০০ কোটি ডলার। বর্তমানে এটির সম্পদের পরিমাণ ১০ গুণের বেশি বেড়ে হয়েছে ৯২ হাজার ৫০০ কোটি ডলার (৯২৫ বিলিয়ন ডলার)।

প্রসঙ্গত, পদাধিকার বলে পিআইএফের সার্বিক নিয়ন্ত্রণ রয়েছে ৩৯ বছর বয়সী সৌদি যুবরাজের হাতে। এ তহবিলের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় হবে সে সম্পর্কেও তার সিদ্ধান্তই চূড়ান্ত।

এইচআরডব্লিউ’র প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়েছে, ‘পিআইএফের মাধ্যমে সৌদি যুবরাজ রাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপকভাবে নিজের প্রভাব বিস্তার করেছেন, যা অভূতপূর্ব। এর আগে কখনও কোনো শাসক দেশের অর্থনীতিতে এত প্রভাব বিস্তার করতে পারেননি। তবে দেশের অর্থনীতিতে যুবরাজ মোহাম্মদের এই পরিমাণ প্রভাবশালী হয়ে ওঠা শেষ পর্যন্ত সৌদির জনগণের কোনো উপকারে আসবে কি না তা নিয়ে গভীর সংশয় দেখা গেছে।’

এদিকে সালমানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএফের আওতাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিক-কর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা, সেইসঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ রয়েছে।




গুগলের নতুন এআই টুল: স্প্যাম কল ঠেকাতে দারুণ উদ্যোগ

বর্তমান প্রযুক্তি বিশ্বে গুগল শুধু সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যবহারকারীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ফিচার এনে সেবাকে আরও উন্নত করতে প্রতিনিয়ত কাজ করছে। এবার গুগল নিয়ে আসছে একটি এআই-চালিত স্প্যাম ডিটেকশন টুল, যা ব্যবহারকারীদের স্প্যাম কল এবং মেসেজের বিরক্তি থেকে মুক্তি দেবে।

সারাবিশ্বে স্প্যাম কল এবং মেসেজের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। ব্যক্তিগত তথ্য চুরি থেকে আর্থিক ক্ষতিসহ নানা সমস্যার মূল কারণ এই স্প্যাম। গুগল এবার এই সমস্যার সমাধানে এক নতুন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

গুগল স্প্যাম এবং ডেঞ্জারাস অ্যাপ অ্যালার্ট টুল:
গুগলের নতুন টুলের নাম “গুগল স্প্যাম এবং ডেঞ্জারাস অ্যাপ অ্যালার্ট টুল”। এটি গুগলের পিক্সেল ফোনের সাথে প্রি-ইনস্টল করা ফোন অ্যাপে কাজ করবে। এই টুলটি এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে কলের ঝুঁকি নির্ধারণ করে ব্যবহারকারীকে সতর্ক করবে।

কীভাবে কাজ করবে এই টুল?

১. ঝুঁকিপূর্ণ কল শনাক্ত:
এআই টেকনোলজি ব্যবহার করে ইনকামিং কল বিশ্লেষণ করবে এবং সম্ভাব্য স্ক্যাম বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করবে।

২. লাইভ সতর্কতা:
কল আসার সময় স্ক্রিনে “লাইকলি স্ক্যাম” বা “সাস্পিশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্টেড ফর দিজ কল” লেবেল দেখাবে। ব্যবহারকারী চাইলে কলটি কেটে দিতে পারবেন অথবা এটি “নট অ্যা স্প্যাম” হিসেবে মার্ক করতে পারবেন।

৩. কলারের কথার বিশ্লেষণ:
মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে কলারের কথোপকথন শুনে এটি প্রতারক কি না তা চিহ্নিত করবে।

অ্যাপ নজরদারি:
এআই প্রযুক্তির মাধ্যমে শুধু কল নয়, ঝুঁকিপূর্ণ অ্যাপগুলোর কার্যকলাপের উপরও নজরদারি চালাবে গুগল। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি বা ক্ষতির ঝুঁকি কমবে।

কেন এটি ব্যতিক্রম?

অন্যান্য স্প্যাম ডিটেকশন অ্যাপ থেকে গুগলের এই টুল আলাদা কারণ এটি ইনকামিং কল বিশ্লেষণ ছাড়াও কলারের কথোপকথন বিশ্লেষণ করে প্রতারণা শনাক্ত করতে সক্ষম।

গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে আরও স্বস্তি এনে দেবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে
এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো গতকাল বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এ হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই গতকালের এ হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




সানার সামরিক শক্তির কাছে ওয়াশিংটনের পরাজয় অব্যাহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৬ সেপ্টেম্বর ইয়েমেনি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলার পর লোহিত সাগর থেকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পালিয়ে গেছে।

ইউএস নেভাল ইনস্টিটিউটের উদ্ধৃতি দিয়ে ২৬ সেপ্টেম্বর ইয়েমেনি নিউজ এজেন্সি আরও জানায় ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এলাকা ছেড়ে যাওয়ার পর ইউএস ৭ম ফ্লিট এলাকায় প্রবেশ করেছে। পার্সটুডে জানিয়েছে, গত এক বছরে এই দ্বিতীয়বার পশ্চিম এশিয়া থেকে আমেরিকার বিমানবাহী রণতরী সরে গেল।

পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ যখন বৃদ্ধি পাচ্ছে তখনই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে ওয়াশিংটনের পরাজয়ও অব্যাহত রয়েছে। সেইসাথে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের আধিপত্য ভেঙে পড়ছে।

আইজেনহাওয়ার, রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী পালিয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকা স্বীকার করেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর উন্নত এবং আধুনিক সামরিক সক্ষমতা রয়েছে। আমেরিকার নৌবাহিনীর জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বড় বাধা এবং চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।

গত কয়েক মাস ধরে, ইয়েমেনি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ বাহিনীর সমর্থনে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ কিংবা ইসরাইল অভিমুখি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের সেনাবাহিনী ইসরাইলের অভ্যন্তরে বিশেষ করে তেল আবিবে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী অঙ্গিকার করেছে, যতদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল গাজায় তাদের আক্রমণ বন্ধ না করবে ততদিন লোহিত সাগরে ইসরাইলি জাহাজ এবং ইসরাইলগামী জাহাজের ওপর হামলা চালিয়ে যাবে।#




বাউফল সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অর্ধশত বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

কলেজ চত্বরে পতিত জমিতে ছাত্রদলের নেতা-কর্মীরা ফলজ ও বনজ মিলিয়ে ৫০টি গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে ছাত্রদলের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ শেষে কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইসতিয়াক রসুল সোয়েব বলেন, “দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে ছাত্রদল। এই ধারাবাহিকতায় সবুজ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই অভ্যুথানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, সেসব গণমাধ্যম চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সকে প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে ধরে পদক্ষেপ নেবে সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ১৫-১৬ বছর আমাদের ভয়েস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে; কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে… এ ধরনের পরিবেশ আমরা যেন না করি। আমরা যেন আমাদের অ্যাটিচিউডে ফ্যাসিবাদী না হই। আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে না নিই। বাংলাদেশে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েস আমরা যেন কেড়ে না নিই। আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম জানাই। প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক।

শফিকুল আলম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে কিলিং হয়েছে, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এগুলো বের করব। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনা অনেক প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার বিবরণ আছে। কে কী করেছেন সেটা রয়েছে। প্রত্যেকটা ঘটনা ধরে ধরে কার কী রোল ছিল সেটা লিপিবদ্ধ করে রাখতে হবে। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপগুলোকে আমরা ইনভাইট করব। তারা যাতে এসে ইনভেস্টিগেশন করে দেখে দেশে কী ধরনের সাংবাদিকতা হয়েছে। প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে। তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু গত ১৫ বছরে কী ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানুক।

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই-এর আহ্বায়ক সাংবাদিক জয়নাল আবেদীন শিশিরের সভাপতিত্বে এবং মুখপাত্র প্লাবন তারিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাসসের সিনিয়র সাংবাদিক এস এম রাশেদুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন, গবেষক ও শিক্ষক মাহাবুব আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও একতার বাংলাদেশের সদস্য সচিব তাহমিদ আল মুদাসসির, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার শিহাব উদ্দিন খান, নিউ এইজের সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদ প্রমুখ।




পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস উদযাপিত

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় একতা ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এবং স্টুডেন্ট ক্লাবের আয়োজনে টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মুজিব কিল্লা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টিয়াখালী বাজার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধন শেষে মুজিব কিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত।

বক্তারা শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মাদক প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং শিশুদের প্রতি সমাজের সকলের যত্নবান হওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা

পটুয়াখালীর মহিপুরে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করতে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় মহিপুর থানার আলীপুর শেখ রাসেল সেতু সংলগ্ন আলীপুর মধ্য বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতানের সভাপতিত্বে এবং মহিপুর থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সাগর সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআই শেখ ফিরোজ আলম, এএসআই ইউনুস, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী রেদোয়ান হাওলাদার, এবং থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা।

অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সমাজের অসংগতি দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রশাসন ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা মাদক, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৮ কর্মকর্তা হলেন- সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।