সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে, ফাউন্ডেশনের সব লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

বিএফআইইউ এক বিজ্ঞপ্তিতে জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন সাময়িক স্থগিত করা হয়েছে।

সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোর বিস্তারিত তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, এবং লেনদেন বিবরণী সংযোজিত এক্সেল শিট আকারে পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত থাকা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে।

সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে আছেন সায়মা ওয়াজেদ পুতুল, মুজহারুল মান্নান এবং জয়ন বারী রিজভী। ফাউন্ডেশনটি মানসিক অক্ষমতা, স্নায়বিক অক্ষমতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করে আসছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মোহাম্মদপুরে কুকুর ও বিড়াল হত্যায় তোলপাড়, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুর ও বিড়াল হত্যার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। গত শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডে তিনটি কুকুর ও একটি বিড়াল মারা যায়। প্রাণীদের কল্যাণে কাজ করা সংস্থা দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে এবং এর বিচার চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সংস্থাটির সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ জানান, “১০টি কুকুর ও একটি বিড়াল মেরে ফেলা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রাণী সরিয়ে ফেলা হয়েছে। আমরা মৃত প্রাণীদের ময়নাতদন্ত করাব এবং আদালতে মামলা করব।”

কুকুর হত্যার ঘটনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। অন্য প্রাণীর বিশ্বাসের অমর্যাদা করলে আপনি মানুষ নন।”

তমা মির্জা আরও লেখেন, “একটি কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটি বিড়াল যদি আপনাকে বিশ্বাস করে, সেটাই প্রকৃত মানবিকতার প্রমাণ। অন্য প্রাণীরাই প্রমাণ দেবে, আপনি সত্যিকারের মানুষ কি না।”

তমা মির্জা ঢালিউডের পরিচিত মুখ। তিনি ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্ব-চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এই ঘটনার পর এলাকাবাসী ও প্রাণী কল্যাণ সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারা দোষীদের শাস্তির দাবি তুলেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



‘মুভিং বাংলাদেশ’ নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বাতিল, নির্মাণে থেমে নেই নুহাশ

চার বছর আগে নুহাশ হুমায়ূন ঘোষণা দিয়েছিলেন ‘মুভিং বাংলাদেশ’ নামে একটি সিনেমা নির্মাণের। বিদেশি উৎসব থেকে তহবিল পেলেও প্রাথমিক পর্যায়ে প্রযোজক সংকট দেখা দেয়। পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়। তবে সম্প্রতি এই প্রকল্পে বরাদ্দ দেওয়া ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, সিনেমায় বিনিয়োগ করা মন্ত্রণালয়ের কাজ নয়। তাই এই প্রকল্প থেকে সরে এসেছে মন্ত্রণালয়।

সিনেমাটি ইতোমধ্যে দেশের বাইরে থেকে বিভিন্ন উৎসবের মাধ্যমে উল্লেখযোগ্য তহবিল পেয়েছে। এর মধ্যে তাইপে ফিল্ম কমিশন থেকে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা এবং সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড থেকে ২৫ লাখ টাকা এসেছে। পাশাপাশি টোকিও গ্রান্ট ফাইনান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহায়তা পেয়েছে সিনেমাটি।

প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, বরাদ্দ বাতিল হলেও সিনেমার নির্মাণ কাজ থেমে থাকবে না। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি প্রজেক্টে প্রযোজকের কাজ হলো তহবিল সংগ্রহ করা। ৫০ লাখ টাকা এ প্রকল্পের জন্য খুবই ছোট একটি পরিমাণ। আমাদের প্রধান লক্ষ্য হলো সিনেমাটি শেষ করা এবং বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।”

নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছেন, চিত্রনাট্যের ওপর তার বিশেষ গুরুত্ব। তিনি বলেন, “গল্প ও চিত্রনাট্য ঠিক থাকলে সিনেমা নির্মাণে কোনো সমস্যা হবে না। এটি আমার প্রথম ফিচার ফিল্ম, তাই যথেষ্ট মনোযোগ দিয়ে কাজ করছি। দেশের বাইরের সহযোগিতা আমাদের জন্য বড় আশীর্বাদ।”

সিনেমার গল্প দেশের তরুণ প্রজন্মকে ঘিরে। প্রযোজক জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক গল্প নয়, বরং সব সময়ের জন্য প্রাসঙ্গিক। আগামী বছর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

নুহাশ হুমায়ূন ও তার টিমের আত্মবিশ্বাস ‘মুভিং বাংলাদেশ’ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় জেলের জালে ধরা পড়ল ৪২ কেজি ওজনের বিরল কচ্ছপ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে সদর ইউনিয়নের পক্ষিয়া এলাকার মো. সাইফুল ইসলাম নামের এক জেলের জালে এটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি ধরা পড়ার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিরল প্রজাতির এই কচ্ছপ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি জব্দ করেন।

উপজেলা প্রশাসন এবং প্রাণী সুরক্ষা সংগঠন ‘অ্যানিমেলস লাভার’ টিমের সহযোগিতায় কচ্ছপটিকে নিরাপদে পানপট্টি লঞ্চঘাট এলাকার সাগর মোহনায় অবমুক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “বিরল প্রজাতির এই কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে সাগরে অবমুক্ত করে তার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে সহায়তা করা হয়েছে।”

অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পক্ষিয়া বিট কর্মকর্তা জামাল হোসেন, এবং ‘অ্যানিমেলস লাভার’ টিমের লিডার মো. সোহেল হোসেন রাসেল।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে একদিকে কৌতূহল সৃষ্টি হয়েছে, অন্যদিকে পরিবেশ সুরক্ষায় বন বিভাগের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আইপিএলে সর্বোচ্চ দামে ইতিহাস গড়লেন পান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকল না। সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে আজ প্রথমে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন আইয়ার। পরে সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত।

ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।




১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

রোববার (২৪ নভেম্বর) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করা ব্যক্তিরা হলেন— দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শারাফত, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, টিভি টুডে প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন নাহার মুন্নি, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ ঘোষ সৈকত, গাজী টিভির এডিটর (রিসার্চ) অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী।

হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।




পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২

চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখাওয়া প্রদেশে শিয়া ও সুন্নি মতাবলম্বীদের সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। গত তিন দিন ধরে চলা এই সহিংসতায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫৬ জন। রোববার প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত বৃহস্পতিবার দেশটির ওই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মাঝে গত কয়েক মাস ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড়শ জন নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, গত ২১, ২২ ও ২৩ নভেম্বরে শিয়া- সুন্নিদের সংঘর্ষ ও গাড়িতে হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। এই সংঘাতে ১৫৬ জন আহত হয়েছেন।




ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯

চন্দ্রদ্বীপ ডেস্ক: শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭৯ জন।

রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দা। এর মধ্যে পাঁচ জন উত্তর সিটির, চার জন দক্ষিণ সিটির। বাকি দুই জন খুলনা বিভাগের।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ৬১২ জন।




আমাদের নিয়ত সহিহ, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমাদের নিয়ত সহিহ, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব।

রোববার (২৪ নভেম্বর) শপথগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, যে শপথ নিয়েছি এর সম্মানটা রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি (সুযোগ) হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল (স্বচ্ছ ও গ্রহণযোগ্য) ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুত বদ্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে। যেমন- এখন নানা রকম কথা হচ্ছে- আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে। সংবিধানে যদি এটার ফয়সালা না হয় তাহলে আমরা নির্বাচনটা করব কীভাবে। ইলেকশন করতে ইয়ং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছে, তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে। আমাকে ভোটার লিস্ট করতে হবে, কোথায় কোথায় রিফর্মশেনের দরকার হবে, সেটা আমরা পাব। এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। আগে তাদের পরামর্শ আসুক। এর যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা এলোমেলো হয়ে যাবে। সংস্কার কমিশন কাজ করছে, এটা শেষ হোক। আর বেশিদিন তো নেই। সরকার বলছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট দেবে। আপনারা আশস্ত থাকুন, আমাদের নিয়ত সহিহ। ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। এবার আরেকটা সুযোগ এসেছে, রাজনৈতিক দলগুলো, যারা নির্বাচন করবে তারা ১৫-১৬ বছর ধরে বলে আসছে আমরা ভোটের অধিকার চাই। আমরা আমাদের ভোট দিতে চাই। সুতরাং আমরা তাদের সঙ্গে পাব। তাদের দাবিকে বাস্তবায়ন করব, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক, অনেক বির্তক চলছে, বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন।

এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নেন।

দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসন ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২১ নভেম্বর (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন




আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর নিলামে একের পর এক চমক দেখা যাচ্ছে। বিশেষ করে প্রথম ঘণ্টাতেই এসেছে বড় খবর। শ্রীয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে চমক সৃষ্টি করেছিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু নিলামের পরবর্তী মিনিটগুলোতেই নতুন রেকর্ড তৈরি হয়। ঋষভ পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড!

আজ রোববার (২৪ নভেম্বর), সৌদি আরবের রিয়াদে আইপিএল ২০২৫ এর নিলাম শুরু হয়েছে। প্রথমেই শ্রেয়াস আইয়ারকে কিনে পাঞ্জাব কিংস নজর কাড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই এই রেকর্ড ভেঙে দেন ঋষভ পান্ত, যাকে ২৭ কোটি রুপিতে নিয়েছে লক্ষ্ণৌ। এর মাধ্যমে পান্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করলেন।

এছাড়া, মেগা নিলামে গুজরাট টাইটানস ১৫ কোটি ৫০ লাখ রুপিতে জস বাটলারকে দলে নিয়েছে। ৭ মৌসুম ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাটলার এবার গুজরাটে খেলবেন।

অন্যদিকে, গত মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবার ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

নিলামের শুরুতেই পাঞ্জাব কিংস আরশদীপ সিংকে ১৮ রুপিতে দলে নেয়, এবং এর পরেই শ্রেয়াস আইয়ারের জন্য পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। শেষমেশ পাঞ্জাব আইয়ারকে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নিয়ে চমক সৃষ্টি করে।

এই নিলামটি আইপিএল ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে, যেখানে সব দলেরই শক্তিশালী খেলোয়াড়দের দলে নেওয়ার জন্য বড় অঙ্কের টাকা খরচ করার প্রবণতা দেখা যাচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম