পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৭ শিক্ষার্থী বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুল হককে আহ্বায়ক এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন এবং সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. আসাদুল হক জানান, “কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চলছে।”

র‌্যাগিংয়ের ঘটনায় প্রাথমিকভাবে চিহ্নিত ৭ শিক্ষার্থীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন:
১. জিহাদ হাসান জীম
২. সুপেল চাকমা
৩. জুনাইদ হোসাইন
৪. সৌরভ সরকার শাওন
৫. প্রিতম কারন
৬. তানভিরুল ইসলাম সিয়াম

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ৭ জনকে চিহ্নিত করে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গত শনিবার রাতে পবিপ্রবি’র এম কেরামত আলী হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হন। তাদের মধ্যে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থের অপটাস স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়ে ভারত চলে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে।

তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য কঠিন পরিস্থিতিতে। ১২ রানে ৩ উইকেট হারিয়ে দিনের শেষ করেছিল তারা। এমন অবস্থায় অস্ট্রেলিয়াকে আরেকটি অলৌকিক কিছু দরকার ছিল, কিন্তু তাদের কোনো খেলোয়াড়ই সেই অলৌকিক কিছু করতে পারেননি।

ট্র্যাভিস হেড ৮৯ রানের ইনিংস খেলেও ম্যাচে টার্ন আনতে পারেননি। শেষে বুমরাহর হাতে তিনি কুপোকাত হন। মিচেল স্টার্ক এবং ক্যামেরন মার্শ কিছুটা প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়া ২৩৮ রানে অলআউট হয়ে যায়।

ভারতের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। যশপ্রীত বুমরাহ দুই ইনিংসে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর ২ উইকেট নেন।

ভারতের এই বিশাল জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক বড় পরিবর্তন ঘটে। ভারত এখন শীর্ষে উঠে এসেছে, তাদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.১১%। এর আগে নিউজিল্যান্ডের কাছে হারের পর তাদের পয়েন্ট শতাংশ ছিল ৫৮.৩৩%। অপরদিকে, অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ কমে ৫৭.৬৯% হয়েছে, যা আগে ছিল ৬২.৫০%।

তবে, ভারতের শীর্ষে অবস্থান চূড়ান্ত হতে আরও কিছু ম্যাচে ধারাবাহিকতা রাখতে হবে। যদি তারা সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো খেলে, তবে ফাইনালের টিকিট নিশ্চিত হবে।

এটা ভারতের জন্য বড় প্রাপ্তি, কারণ তারা এর আগে দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেও শিরোপা অর্জন করতে পারেনি। ২০২১ সালে তারা নিউজিল্যান্ডের কাছে এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মেডিকেল ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। তবে আবেদন শুরু এবং শেষের তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।




চার দিনের সফরে ঢাকায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম

চন্দ্রদ্বীপ ডেস্ক: চার দিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় আসেন তিনি। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বর্তমানে কক্সবাজারের পথে রয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি।

তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি।

২৫ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে থাকবেন তিনি। কক্সবাজারে গিয়ে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে ভুক্তভোগীদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

জানা গেছে, কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

২১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান জানান, আইসিসির অফিস অফ দ্যা প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত উইট‌নেম প্রো‌টেকশান প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।

রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটার তদন্ত করছে আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে। রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এ আদালত একটি সমঝোতা সই করেছে। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি।

প্রসঙ্গত, সবশেষ গত বছরের (২০২৩) জুলাইয়ে বাংলাদেশ সফর করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম।




নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ: ইইউ

বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা, তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না।

যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি।

সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী, যাকে বলা হয় রোম কনভেনশন।

সাইপ্রাস সফরের সময় ইইউর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐচ্ছিক রায় নয় যে মানলাম না।

তিনি সতর্ক করে বলেছেন, সেই একই বাধ্যবাধকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্যও।

যুক্তরাষ্ট্র আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরাইল বলেছে আইসিসির পদক্ষেপ ইহুদিবিরোধী।




১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে বলে বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়।

রোববার (২৪ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউয়ের দেয়া চিঠিতে বলা হয়, লেনদেন স্থগিতের নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে আলোচিত ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

এছাড়া বিএফআইইউয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন- দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শারাফত, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, টিভি টুডে প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ ঘোষ সৈকত, গাজী টিভির এডিটর (রিসার্চ) অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী।




ইসরায়েলে একদিনে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহ বলেছে, তারা “প্রথমবারের মতো” দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি “সামরিক লক্ষ্যবস্তুতেও” অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন “মাঝারি থেকে গুরুতর” অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে।




মার্কিন–ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস–সমর্থক

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন–ইহুদি তরুণদের এক–তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গাজায় দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ মার্কিন–ইহুদি তরুণ। গত বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম এ খবর জানায়।

তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭ শতাংশ।

এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন–ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার ১০ শতাংশ।




জাতীয় প্রেসক্লাব থেকে ৬ সদস্যকে বহিষ্কার, ৪ জনের পদ স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব থেকে ছয় জনকে বহিষ্কার এবং চার জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য এবং পতিত সরকারের পাতানো নির্বাচনে সংশ্লিষ্টতার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বানচালের চক্রান্ত, সভায় উশৃঙ্খল আচরণ এবং বিভিন্ন সময় প্রেস ক্লাবে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপদস্তের সঙ্গে জড়িত থাকা সদস্যদের শাস্তির দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা।

তাদের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতরা হলেন: শামসুল হক দুররানী, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম প্রধান, ওবায়দুল হক খান, রাশেদ চৌধুরী ও ফারাজি আজমল হোসেন।




ইসলামী সমাজ ব্যবস্থায় বৈষম্য থাকবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সমাজে ধনী-গরিবের বৈষম্য নিরসন করার জন্য ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেখানে ধনীর সম্পদের একটি অংশ গরিবদের জন্য নির্ধারিত রয়েছে।

শনিবার পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র, পথশিশু, দুস্থ-অসহায় নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “এটি কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং আমাদের সামাজিক দায়িত্ব। ইসলামী সমাজ ব্যবস্থায় এই দায়িত্ব পালন করা বাধ্যতামূলক।”

ড. মাসুদ আরো বলেন, “ইসলামী শিক্ষা হচ্ছে, শুধু নিজের আরাম-আয়েশে সন্তুষ্ট থাকা নয়, সমাজে বসবাসকারী অন্যদের দুঃখ-কষ্ট লাঘবে দায়িত্ব পালন করতে হবে। এটি আল্লাহর প্রদত্ত বিধান। কিন্তু সেই বিধান যথাযথভাবে পালন হচ্ছে না, কারণ আল্লাহর বিধানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য বিদ্যমান।”

এ সময় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট, জনগণের সম্পদ বিদেশে পাচার হবে না। জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের।”

ড. মাসুদ আরও বলেন, “ধনী-গরিব, নারী-পুরুষ, জাতি-গোষ্ঠী কিংবা ধর্মবর্ণের বিভাজন বা বিভেদের সুযোগ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নেই। রাষ্ট্রের কাছে সবাই নাগরিক, সবাই সমান অধিকার ও মর্যাদা লাভ করবে।” তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু মুসলিমদের নয়, দেশের সকল ধর্মের মানুষকেও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম