ভোলার সাবেক এমপি জ্যাকব কারাগারে

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এই আদেশ দেন। এর আগে, পুলিশ হেফাজত থেকে আব্দুল্লাহ আল জ্যাকবকে আদালতে হাজির করলে রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাকে কারাগারে রাখার আবেদন জানান। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর, হত্যাচেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে, গত ২০ নভেম্বর রূপনগর থানার মামলায় আবারও তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শামীম হাওলাদার গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল্লাহ আল জ্যাকবকে ১২২ নম্বর আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সহকারী কমিশনারসহ ১২ পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশালে থানায় আটকে পুলিশ নির্যাতন চালানোর অভিযোগে ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার, কোতোয়ালি মডেল থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা রয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন আদালতে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ২০১৮ সালে মাওলানা কামাল হোসেনকে পুলিশ বাদী মামলায় ৪ মাস ২২ দিন কারাবন্দি রাখা হয়েছিল এবং এই সময় পুলিশ তাকে কোতোয়ালি মডেল থানায় আটক রেখে নির্যাতন চালায়।

মামলার বিষয়ে মেট্রোপলিটন (সদর আমলি) আদালতের বিচারক নুরুল আমিন সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন:

  • সাবেক সহকারী পুলিশ কমিশনার (সদর সার্কেল) রাসেল
  • কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন
  • উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, ফিরোজ, শামিম, দ্বীপায়ন
  • কনস্টেবল ইউনুস, এএসআই নজরুল ইসলাম, মেহেদী হাসান
  • কনস্টেবল হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম এবং নয়ন চন্দ্র সরকার

২০১৮ সালে এই পুলিশ সদস্যরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় এবং নগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে পুলিশি নির্যাতনের শিকার মাওলানা কামাল হোসেন ছয় বছর পর আদালতে মামলা দায়ের করেছেন, যাতে তিনি ঘটনার বিচার চেয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দল পেলেন না যেসব নামী তারকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশের সমর্থকদের মাঝে তাই একরাশ হতাশা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও দেখা গেছে।

মুস্তাফিজ কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ কিংবা কিংবদন্তি বনে যাওয়া ক্রিকেটারদের অনেকেই দল পাননি নিলামে। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল ৭৫ লাখ রুপি। দুজনের কারো প্রতিই আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজগুলোর।

দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। আইপিএলে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।




ভারতে মসজিদ ভাঙার ঘটনায় হতাহত মুসল্লি, জামায়াতের নিন্দা

ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চারজন মুসল্লি নিহত এবং অনেক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারতের উত্তর প্রদেশে মুঘল আমলের একটি জামে মসজিদকে হিন্দুরা মন্দির বলে দাবি করে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দেয়। এরই জেরে পুলিশের গুলিতে চারজন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনা চরম অমানবিক ও ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “ভারতে বিজেপি সরকারের আমলে মুসলিম মসজিদ ও মাদ্রাসাগুলোর ওপর পরিকল্পিত আক্রমণ বেড়েই চলেছে। মসজিদের স্থানে মন্দির থাকার মিথ্যা দাবি তুলে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ স্বীকৃত মানবিক ও ধর্মীয় অধিকারের লঙ্ঘন।”

তিনি ভারতের মুসলিম জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধর্মীয় অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে ভারতের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান এবং সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হতে বলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত জারি

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকার খবরও পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২,০৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৯৯৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৯৯৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৯৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আইপিএলের মেগা নিলাম শেষে কে কোন দলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইপিএলের মেগানিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত।

১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচা করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়।
আইপিএলের মেগানিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার দল পাননি। তেমনি নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো।

দু’দিনের সৌদি আরবের জেড্ডায় হওয়া মেগানিলামে বেশ উত্তেজনা দেখা গেল। ভাঙল ইতিহাস। আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ঋষভ পান্ত। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আয়ার। আইপিএলের মঞ্চে মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে নজির গড়ল বৈভব সূর্যবংশী।

কলকাতা নাইট রাইডার্স
রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), আন্দ্রে রাসেল (রিটেনশন), সুনীল নারাইন (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন)।

বেঙ্কটেশ আয়ার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেন্সার জনসন, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রভমান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।

চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কোয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), মাথিশা পাথিরানা (রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন)।

নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ।

দিল্লি ক্যাপিটালস
অক্ষর প্যাটেল (রিটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), ট্রিস্টান স্টাবস (রিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন)

লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে।

গুজরাট টাইটান্স
রশিদ খান (রিটেনশন), শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (রিটেনশন)

জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েৎজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু।

লখনৌ সুপার জায়ান্টস
নিকোলাস পুরান (রিটেনশন), মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন)

ঋষভ পান্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল।

মুম্বাই ইন্ডিয়ান্স
জাসপ্রীত বুমরাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব ( রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক ভার্মা (রিটেনশন)

ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিচ টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার।

পাঞ্জাব কিংস
শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন)
শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু।

রাজস্থান রয়্যালস
যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ ( রিটেনশন), শিমরন হেটমেয়ার (রিটেনশন), সন্দীপ শর্মা (রিটেনশন)

জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ দয়াল (রিটেনশন)

জশ হ্যাজেলউড, ফিল সল্ট , জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুনগিসানি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

সানরাইজার্স হায়দরাবাদ
হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), অভিষেক শর্মা (রিটেনশন), ট্রেভিস হেড (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন)

ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে।




কলম্বিয়াকে বিধ্বস্ত করে শিরোপা আর্জেন্টিনার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, সবখানেই যেন আলবিসেলেস্তেদের দাপট। ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে তারা। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

পেরুতে আয়োজন করা হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

সোমবার লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল।
ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো।

কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লিলে।
এর আগে, গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্র নিয়ে রানার্সআপ হয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে ফাইনাল নিশ্চিতের পর এবার শিরোপাও ঘরে তুলল মেসির দেশের ফুটসাল খেলোয়াড়েরা।




যেসব আয়ে কর দিতে হবে না

চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যক্তির কিছু আয় আছে, যা করমুক্ত। এসব আয়ের বিপরীতে কর দিতে না হলেও আয়কর ফাইলে তা লিপিবদ্ধ করলে বৈধ উৎস হিসেবে সাদা টাকা তৈরি করবে। জেনে নেওয়া যাক সেসব আয় সম্পর্কে।

করদাতার করমুক্ত ও কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে তা রিটার্নে উল্লেখ করতে হবে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—

(১) সরকারি পেনশন তহবিল থেকে করদাতার প্রাপ্য বা বকেয়া পেনশন;

(২) সরকারি আনুতোষিক তহবিল থেকে পাওয়া করদাতার অনধিক আড়াই কোটি টাকা আয়;

(৩) কোনো স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল ও অনুমোদিত আনুতোষিক তহবিল থেকে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা আয়;

(৪) সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা ও তাদের নিয়ন্ত্রিত ইউনিট বা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী স্বেচ্ছায় অবসরের সময় এ উদ্দেশ্যে সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ;

(৫) পেনশনারস সেভিংস সার্টিফিকেট থেকে সুদ হিসেবে পাওয়া অর্থ বা অর্থের সমষ্টি। তবে সংশ্লিষ্ট আয়বর্ষের শেষে ওই সার্টিফিকেটে বিনিয়োগ করা অর্থের পুঞ্জীভূত অর্জিত মূল্য অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত;

(৬) কোনো নিয়োগকারীর পক্ষ থেকে কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণের ক্ষেত্রে

(ক) ওই ব্যয় সম্পূর্ণভাবে ও আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালন বাবদ ব্যয় করা হয়;

(৭) কোনো অংশীদারি ফার্মের অংশীদার হিসেবে মূলধনি আয় বাবদ প্রাপ্ত আয়ের অংশ, যার ওপর ওই ফার্ম কর পরিশোধ করেছে;

(৮) হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন, যার ওপর ওই পরিবার কর পরিশোধ করেছে;

(৯) বাংলাদেশি কোনো ব্যক্তি করদাতার বিদেশে উপার্জিত আয়, যা তিনি প্রবাসী আয় হিসেবে বাংলাদেশে এনেছেন;

(১০) কোনো করদাতার ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টারলিং প্রিমিয়াম বন্ড থেকে প্রাপ্ত আয়;

(১১) রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—পার্বত্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয়, যা পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে উদ্ভূত হয়েছে;

(১২) কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি খাত থেকে অনধিক দুই লাখ টাকা পর্যন্ত আয়, যদি ওই ব্যক্তি—

(ক) পেশায় কৃষক হন;

(খ) সংশ্লিষ্ট আয়বর্ষের নিম্নবর্ণিত আয় ছাড়া অন্য কোনো আয় না থাকে, যথা—

(অ) জমি চাষাবাদ থেকে আয়;

(আ) সুদ বা মুনাফা বাবদ অনধিক ২০ হাজার টাকা আয়;

(১৩) সফটওয়্যার তৈরিসহ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি খাতের ব্যবসায় আয়। খাতগুলো হলো এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট; ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট; রোবোটিকস প্রসেস আউটসোর্সিং; সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস; সাইবার সিকিউরিটি সার্ভিস; ডিজিটাল ডেটা অ্যানালিটিকস ও ডেটা সায়েন্স; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ডিজিটাল গ্রাফিকস ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন; আইটি ফ্রিল্যান্সিং; কল সেন্টার সার্ভিস; ডকুমেন্টে কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।

তবে শর্ত থাকে যে চলতি বছরের ১ জুলাই থেকে ওই ব্যবসায়ের সব আয়, ব্যয় ও বিনিয়োগ শতভাগ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

(১৪) ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে হস্তশিল্প রপ্তানি থেকে আয়;

(১৫) যেকোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প থেকে আয়, যার—

(ক) শিল্পটি নারীর মালিকানাধীন হলে বার্ষিক লেনদেন ৭০ লাখ টাকার কম;

(খ) অন্যান্য ক্ষেত্রে, বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকার টাকা;

(১৬) শর্ত সাপেক্ষে, ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তির জিরো কুপন বন্ড থেকে কোনো আয়; যেমন (ক) বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান জিরো কুপন বন্ড ইস্যু করলে;

(খ) বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠানের ইস্যু করা জিরো কুপন বন্ড;

(১৭) ‘চাকরি থেকে আয়’ হিসেবে পরিগণিত আয়ের এক–তৃতীয়াংশ বা সাড়ে চার লাখ টাকার মধ্যে যেটা কম;

(১৮) কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানী বা ভাতা বাবদ সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ;

(১৯) সরকারের কাছ থেকে প্রাপ্ত কোনো পদক/পুরস্কার;

(২০) কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা থেকে আয়;

(২১) আইসিবির ইউনিট ফান্ড থেকে অর্জিত আয়;

(২২) ৩০ জুন ২০৩০ তারিখের মধ্যে কোনো সমুদ্রগামী জাহাজ থেকে অর্জিত আয় প্রবাসী আয় হিসেবে দেশে আনা হলে।

করমুক্ত আয় করদাতার মোট আয়ে অন্তর্ভুক্ত হবে না। এসব আয় রিটার্নে করমুক্ত আয়ের কলামে প্রদর্শন করতে হবে। তবে কর দিবসের মধ্যে রিটার্ন জমা না দিলে এসব আয়ে কর অব্যাহতি সুবিধা পাওয়া যাবে না।




সচিবালয়ে নতুন করে অস্থিরতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিবালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব এবং যুগ্নসচিব পদে পদোন্নতির জন্য ক্যাডার বহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণের লক্ষ্যে সচিবালয় কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৬ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ দিন অতিবাহিত হলেও উক্ত সভার কার্যবিবরণী এখনো অনুমোদন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রাখায় কর্মচারীদের মনে ক্ষোভ, হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। পরে অর্থ বিবাগের যুগ্মসচিব ড, নাদিরা সুলতানার রুমে দেখা করার চেষ্টা করলে তিনি রুমের দরজা বন্ধ করেদেন।

গতকাল সোমবার বেলা ১১টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েক শতাধিক কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংগঠিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (এপিডি) দপ্তরে ক্ষোভ ও হতাশার কথা জানান। পরবর্তীতে অর্থ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ক্ষোভের কথা জানান এবং বিষয়গুলো আশু নিরসনের জন্য অনুরোধ করেন। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পদনাম পরিবর্তন সংক্রান্ত গত ১৪ আগস্টের প্রস্তাবের ওপর এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বিধি অনুবিভাগের চাহিদা মোতাবেক স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রণয়ন না করায় কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত সুরাহা না করা হলে কর্মচারীদের ক্ষোভ দিন দিন বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে।




‘নির্বাচনে না ভোট’ চালুর প্রস্তাব ইলিয়াস কাঞ্চনের

নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন এবার নির্বাচনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব দিলেন। দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসা এই জনপ্রিয় ব্যক্তিত্ব তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় তিনি এসব প্রস্তাব দেন। সভায় নিজের বক্তব্য তুলে ধরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

ইলিয়াস কাঞ্চনের প্রথম প্রস্তাব হলো নির্বাচনে ‘না ভোট’ চালু করা। তিনি বলেন, “যদি কোনো প্রার্থী জনগণের পছন্দ না হয়, তবে তাদের যেন ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখা হয়। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে।”

দ্বিতীয় প্রস্তাবে তিনি উল্লেখ করেন, নির্বাচনে কারো অধিকার ক্ষুণ্ন হলে সেই ব্যক্তিকে দ্রুত ন্যায়বিচার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের মধ্যে বিশেষ বিচারব্যবস্থা থাকা প্রয়োজন। “নির্বাচন-সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে এত সময় লাগে যে, অনেক সময় পুরো মেয়াদ শেষ হয়ে যায়। এতে ভুক্তভোগী বিচার থেকে বঞ্চিত হন,” যোগ করেন তিনি।

তৃতীয় প্রস্তাবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, “ইভিএমসহ নানা সরঞ্জাম কেনাকাটায় বিগত সরকারের সময় বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়েছে। এ ধরনের তছরুপ জনগণের আস্থা নষ্ট করেছে। স্বচ্ছতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”

সভায় উপস্থিত ছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সদস্য মো. আবদুল আলীম এবং জেসমিন টুলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ইলিয়াস কাঞ্চনের এসব প্রস্তাব নির্বাচনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন অনেকেই।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম