৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজই

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন আজ বৃহস্পতিবারই প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে শেষ সময়ে এসে আরও কিছু নতুন পদ যুক্ত হচ্ছে এই বিসিএসে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন আজ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসসির ক্যাডার শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেভাবেই কাজ চলছে। পদ কিছু নতুন এসেছে। যাচাই–বাছাই চলছে। ক্যাডার ও নন–ক্যাডারের কিছু পদ বাড়তে পারে। এদিকে টেলিটকের সঙ্গে আমাদের ছিল। বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো সমস্যা না হলে আজই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।




ইসকন: কঠোর অবস্থানে সরকার, হাই কোর্টে জানাল রাষ্ট্রপক্ষ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাই কোর্টকে জানিয়েছে সরকার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ– ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ওই প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল।

আসাদ উদ্দিন আদালতকে বলেন, এ ঘটনায় সরকারের অবস্থান ‘কঠোর’। এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে, একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন এবং আরেকটিতে ৪৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ভিডিও দেখে আরও ছয়জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ তৎপর আছে। জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।

এরপর হাই কোর্ট বেঞ্চ বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে, যাতে জানমালের ক্ষতি না হয়, যাতে জনগণের উদ্বেগ না থাকে।

এরপর আবেদনকারী আইনজীবী মো. মনিরুজ্জামান ইসকানের নিষিদ্ধের পক্ষে বললে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক আবার রাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বলেন এবং তার (আবেদনকারী) দুঃশ্চিন্তা দূর হবে বলে আশা প্রকাশ করেন। তবে ইসকনের বিষয়ে নির্দিষ্ট কোনো আদেশ আদালত এদিন দেয়নি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে সেখানে কোর্ট তো হস্তক্ষেপ করবে না। সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন কোর্ট হস্তক্ষেপ করে।”

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার এই বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনটি করেন। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আর্জিও তিনি জানান।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত। পরে এক দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ইংরেজি নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস এর সংক্ষিপ্ত রূপ হল ইসকন। হিন্দু ধর্মগুরু অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালে নিউ ইয়র্কে এ সংগঠন প্রতিষ্ঠা করেন।

ইসকন মূলত গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী। বর্তমানে বিশ্বে ইসকনের ৫০ হাজারের বেশি মন্দির ও কেন্দ্র রয়েছে। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র ছাড়াও পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া এবং ভারত উপমহাদেশে এ সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামে ইসকন পরিচালিত মন্দির পুণ্ডরীক ধামের অধ্যক্ষ, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে মঙ্গলবার তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের হাকিম আদালত।

ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বেলা সোয়া ১২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

বুধবার সাইফুল ইসলামের জানাজায় অংশ নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমও ইসকন নিষিদ্ধের দাবি তোলেন।




উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরী হিসেবে রাউহি ফাত্তুহর নাম ঘোষণা করেছেন। আব্বাসের পর কে তার উত্তরসূরী হবেন, তা নিয়ে কয়েক বছর ধরে জল্পনা চলার প্রেক্ষাপটে এই ঘোষণা দেয়া হলো।

আব্বাস বুধবার এক ডিক্রি জারি করে পরবর্তী প্রধানের নাম প্রকাশ করেন। রাউহি ফাত্তুহ ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিলের সভাপতি। ডিক্রিতে বলা হয়েছে, যদি পিএ প্রেসিডেন্টের পদটি শূন্য হয়, তবে সাময়িকভাবে রাউহি ওই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ফিলিস্তিনি নির্বাচনী আইন অনুযায়ী, ফাত্তুহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলে তিনি ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ইয়াসির আব্বাস মারা যাওয়ার পর ফাত্তুহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০৫ সালের জানুয়ারিতে আব্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফাত্তুহ ইতোপূর্বে ফিলিস্তিনি আইন পরিষদের স্পিকারের দায়িত্বও পালন করেছেন।

তবে ফাত্তুহর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০০৮ সালে ইসরাইল ও জর্ডানের সীমান্ত ক্রসিংয়ে তল্লাসির সময় তার গাড়িতে তিন হাজার মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। তিনি কয়েক মিলিয়ন ডলার মূল্যমানের মোবাইল ফোনগুলো পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ফোনগুলো পাচার করার জন্য ইসরাইলের ইস্যু করা ভিআইপি পাস ব্যবহার করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দায় তার চালকের ওপর চাপিয়েছিলেন।

এদিকে ফিলিস্তিনিদের মধ্যে আব্বাসও খুব অজনপ্রিয়। ফিলিস্তিনিরা মনে করে, তিনি ইসরাইলের স্বার্থে কাজ করেন। তার বয়স ৮৯ বছর।




সৌদিসহ যেসব দেশে নিষিদ্ধ ইসকন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম ‘উগ্রবাদী’ আখ্যা দিয়ে এটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিও উঠেছে। বিষয়টি এখন আদালতে নির্ধারিত হবে।

উগ্রবাদিতার অভিযোগ থাকায় ইসকনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল।

এই নোটিশে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না।

এছাড়া ইসকনের কর্মকাণ্ড তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কেমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।




দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার স্মরণসভায় আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে হট্টগোলের সৃষ্টি

পটুয়াখালী জেলার দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদের স্মরণসভায় আওয়ামীলীগ নেতাদের উপস্থিতি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় উপজেলা কৃষকলীগের সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী মৃর্ধা এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি নিয়ে সভাকক্ষে উপস্থিত ছাত্র জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময়, কিছু ছাত্র জনতা সভাকক্ষ থেকে বের হয়ে যান, কারণ তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দ ছাত্র জনতার উপর হালমার ঘটনা ঘটিয়েছে।

স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন এবং দুমকি থানা অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ। এছাড়া, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় কোচিং সেন্টারে ৯ শিক্ষার্থীর শ্বাসকষ্ট, আতঙ্কে অভিভাবকরা

 

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় অবস্থিত জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে একসঙ্গে ৯ শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফারজানা (১৪), রুবা (১৪) ও জেরিন (১৪) উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং নেবুলাইজার ব্যবহার করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সময় কোচিং সেন্টারের কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না, ফলে কী কারণে এমনটি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। এই ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তবে চিকিৎসার পর বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এটি ফাংশনাল ডিজঅর্ডারের কারণে হতে পারে, তবে বিস্তারিত পরীক্ষার পরই নিশ্চিত কিছু বলা সম্ভব হবে।

এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



৬ বছর পর আইয়ুব বাচ্চুর নতুন গান “ইনবক্স” প্রকাশ পাচ্ছে

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জীবনযাত্রা শেষ হয়েছে ছয় বছর আগে, কিন্তু তার অসংখ্য গানে এখনও শ্রোতারা একাত্ম হয়ে আছেন। নতুন কোনো গান শোনা যাবে না, এমন ধারণা করেও আইয়ুব বাচ্চুর ভক্তরা অবশেষে আশার আলো দেখলেন। সম্প্রতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ঘোষণা দিয়েছেন যে, তার স্বামীর নতুন গান “ইনবক্স” শিরোনামে ১ ডিসেম্বর প্রকাশিত হবে।

১ ডিসেম্বর দিনটি বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে কারণ এটি “বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে” হিসেবে পালিত হয়। এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে এই দিনে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। সেই দিনকে স্মরণীয় করে রাখতে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এলআরবি সদস্যদের কাছ থেকে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও ‘এবি কিচেন’-এ অনেক অপ্রকাশিত গান রয়েছে। আইয়ুব বাচ্চু কখনো নির্দিষ্টসংখ্যক গান তৈরি না করে অনেক গান তৈরি করতেন, যার মধ্যে কিছু গান বাছাই করে অ্যালবামে স্থান পেত এবং বাকি গানগুলো থেকে যেত হার্ডডিস্কে। এবি ফাউন্ডেশন এখন সেই গানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছে, আর এর প্রথম গান হিসেবে আসছে “ইনবক্স”।

গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজেই। কোলাহল কমিউনিকেশনের ব্যানারে এই গানের ভিডিও পরিচালনা করেছেন তানভীর তারেক।

এলআরবি সদস্য আবদুল্লাহ আল মাসুদ জানান, ১ ডিসেম্বর গানটি প্রকাশের জন্য দিনটি নির্বাচন করা হয়েছে কারণ এটি ব্যান্ড সংগীতের বিশেষ দিন হিসেবে চিহ্নিত, এবং ব্যান্ড ফেস্টের সঙ্গে সম্পর্কিত।

ফেরদৌস আক্তার চন্দনা আরও জানান, আইয়ুব বাচ্চুর আরও অনেক গান অপ্রকাশিত রয়েছে এবং ধীরে ধীরে সেগুলো প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চিঠি ডট মি অ্যাপ: গোপনীয়তার বিপদে সাবধানতা অবলম্বন করুন

সম্প্রতি, “চিঠি ডট মি” নামের একটি অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার সুযোগ দেয়, এবং এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, অ্যাপটির মাঝে যে বিপদ লুকিয়ে আছে তা হতে পারে ভয়ংকর, কারণ এটি ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফাঁস করার ঝুঁকি তৈরি করতে পারে।

অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তাবলীতে স্পষ্টভাবে বলা রয়েছে যে, কিছু পরিমাণ তথ্য তারা সংগ্রহ করবে। এর সাথে আরো উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে, তবে এর সুরক্ষা সম্পর্কে কিছুই নিশ্চিত নয়। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা তথ্য সুরক্ষিত কিনা, তা নিশ্চিত করা হয়নি। অ্যাপটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং মোবাইলের ইউনিক আইডি অ্যাক্সেস করার পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও সংগ্রহ করতে পারে, ফলে সেই তথ্য অন্যের কাছে চলে যেতে পারে যেকোনো সময়।

এছাড়া, এই অ্যাপটি যোগাযোগের জন্য একটি সাধারণ জিমেইল আইডি (chithi.me.app@gmail.com) ব্যবহার করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ব্যক্তি সহজেই এমন আইডি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এবং এই ধরনের অপরাধীকে চিহ্নিত করা কঠিন হতে পারে।

এমন পরিস্থিতিতে, “চিঠি ডট মি” অ্যাপ ব্যবহার করার আগে ব্যবহারকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধা

বর্তমানে, বেশ কিছু অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করলেই ব্যবহারকারীর অবস্থান, আদান-প্রদান করা বার্তা এবং ফোন কলের তথ্য গোপনে সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেয়। এসব অ্যাপ সাধারণত স্টকারওয়্যার নামে পরিচিত, এবং এগুলোর কারণে ব্যক্তি তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ ধরনের সমস্যার মোকাবিলায় অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘হু ইজ স্পাইয়িং অন মি’ নামে একটি নতুন সুবিধা যুক্ত করেছে।

নতুন এই সুবিধাটি একটি স্টকারওয়্যার স্ক্যানারের মাধ্যমে কাজ করে, যা গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা অ্যাপগুলো শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা যে কোন সন্দেহজনক অ্যাপ এবং ১০০ মিটার এর মধ্যে থাকা তথ্য সংগ্রহকারী যন্ত্রগুলো সম্পর্কে সতর্কতা পেতে পারবেন। এছাড়া, এটি ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও দেয়।

ক্যাসপারস্কির কনজ্যুমার প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা জানিয়েছেন, “ক্যাসপারস্কি স্টকারওয়্যারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা প্রথম যারা ব্যবহারকারীদের এই ধরনের থার্ড-পার্টি ট্র্যাকিং সম্পর্কে সতর্ক করেছি। আমরা আমাদের পণ্যগুলো ক্রমাগত উন্নত করছি, যাতে ব্যবহারকারীদের ডিজিটাল ও অফলাইন স্টকিং থেকেও সুরক্ষা প্রদান করা যায়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ ও সমাধান

মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া এমন একটি সমস্যা, যা শরীর ও মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এটি অনেক সময় সাময়িক হলেও দীর্ঘমেয়াদে এ সমস্যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চলুন জেনে নিই এর কারণ ও প্রতিকার।

মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাব্য কারণ:

১. অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ:
অতিরিক্ত মানসিক চাপ বা অবসাদের কারণে অনেকেরই মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে।

২. মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার:
রাত পর্যন্ত মোবাইল বা স্ক্রিন ব্যবহার মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটনিন হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করে, যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. শারীরিক সমস্যা:

ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস

প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি (পুরুষদের ক্ষেত্রে)

হৃদরোগের কারণে শ্বাসকষ্ট

গর্ভাবস্থার শেষ পর্যায়ের অস্বস্তি

৪. খাবারের অভ্যাস:

রাতে অনেক দেরি করে খাবার খাওয়া।

খাওয়ার পরপরই শুয়ে পড়া, যা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) এর কারণ হতে পারে। এর ফলে শোবার পর কাশি, গলা জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট হতে পারে।

ভালো ঘুমের জন্য করণীয়:

১. সূর্য ডোবার পর চা, কফি বা ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন।
২. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।
৩. বিকেলে নিয়মিত হাঁটুন।
৪. ঘুমানোর ৪ ঘণ্টা আগে মোবাইল বা কম্পিউটার স্ক্রিন ব্যবহার বন্ধ করুন।
৫. রাতে বেশি দেরি করে শোবেন না।
৬. খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর শুতে যান।
৭. ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করতে পারেন।
৮. প্রার্থনা বা ধ্যান করুন।
৯. শারীরিক সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

**মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম**