ভোলায় স্মরণ সভায় শহীদ পরিবারকে অর্থ সহায়তা

ভোলায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় শহীদ এবং আহত পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, শহীদ ৪৬ পরিবার এবং আহত ২০ পরিবারকে প্রতিজন ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর হোসেন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি হারুন অর রশিদ, বিজিবি সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীসহ শহীদ ও আহত পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন। সভার শুরুতে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই মূল্যবান শিক্ষাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে ধরে রাখতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নেছারাবাদে টিকটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে এবং সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। উভয়ই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার (৩০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের পিরোজপুর আদালতে পাঠানো হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



তিন দিনব্যাপী চরমোনাই মাহফিল শেষ আখেরি মোনাজাতে

চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। মাহফিলের শেষ অধিবেশন পরিচালনা করেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি আখেরি বয়ানে বলেন, “মানুষ আজ আল্লাহর নির্দেশনা থেকে সরে গিয়ে নাফরমানির দিকে ঝুঁকে পড়ছে। এমনকি মৃত্যুর পরে মাফ না পাওয়া পর্যন্ত মানুষের আত্মাকে পশুর মতো মনে করা উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহভীতি তথা তাকওয়ার চর্চা অত্যন্ত জরুরি।”

পীর সাহেব আরও বলেন, “নিজেকে ছোট মনে করে অহংকার ও হিংসা পরিত্যাগ করতে হবে। সকাল-বিকাল জিকির, কুরআন তিলাওয়াত এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত। পরিবারের মধ্যে দ্বীনের চর্চা চালু করতে হবে। নিয়মিত সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে অংশ নেওয়া উচিত।”

আখেরি মোনাজাতে তিনি ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। এছাড়াও তিনি মুরিদদের ইসলামী নিয়ম-কানুন মেনে চলার এবং আল্লাহর পথে ফিরে আসার পরামর্শ দেন।

এবারের মাহফিলে চারজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। চরমোনাই অস্থায়ী হাসপাতালের মাধ্যমে প্রায় দুই হাজার মুসল্লিকে চিকিৎসা দেওয়া হয়। মাহফিল চলাকালে দুই মুসল্লি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাদের জানাজা শেষে মরদেহ নিজ নিজ এলাকায় প্রেরণ করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি। অর্থাৎ আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।

তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।”

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎতকারে গ্রাহাম আরও বলেন, “ইসরায়েলের সরকার এবং জনগণকে আমি বলেছি যে এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ব্যাপারটি মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন। আমি যদ্দুর বুঝতে পারছি, ক্ষমতা হস্তান্তরের এই সময়টিতে এ ইস্যুতে ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন একসঙ্গে কাজ করবে।”

গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকার। সেই চুক্তি স্বাক্ষরের পর থেকেই গাজায় যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে বেশি মনযোগী হয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। সেই সাক্ষাতে ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচনে জিতে যান— তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধের অবসান দেখতে ইচ্ছুক তিনি।

তবে ট্রাম্প এও বলেছিলেন যে তিনি চান ইসরায়েল বিজয়ী হোক এবং যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি করেছে, তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ভয়াবহ এ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৪ হাজার ৪০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও এক লক্ষাধিক।

এই জিম্মিদের মধ্যে ১০৭ জনকে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিরতিতে মুক্তি দিয়েছিল হামাস। তারপর গত এক বছরে কয়েক জন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী, কয়েকজন নিহতও হয়েছেন। বর্তমানে হামাসের কব্জায় ১০১ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এক্সিওস, টাইমস অব ইসরায়েল




টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।

গত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার আইরিশরাও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।




এই প্রথম যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে। সেটি হলো- গত প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে— সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে।

শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটনের এই প্রস্তাবে তিনি সম্মত কি না।

জবাবে জেলেনস্কি বলেন, “আমরা যদি এই যুদ্ধের সহিংসতা-ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে— সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই— সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন।”

“আমরা প্রথমে ন্যাটোর ছাতার তলায় যেতে চাই। তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয়— এটা সম্ভব।”

তিনি বলেন, যে যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পায়— সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী। তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে।

“ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধানবিরোধী”, সাক্ষাৎকারে বলেন জেলেনস্কি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

গত তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন— ইউক্রেনের এই চার প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। ২০২২ সালের সেপ্টেম্বরে চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো।

এদিকে ওই একই মাসে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে কিয়েভ; কিন্তু ন্যাটোর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয়।

এদিকে এর কিছুদিন পর মস্কোর পক্ষ থেকে কিয়েভকে প্রস্তাব দেওয়া হয় যে যদি ইউক্রেন আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী।

এর পাল্টা জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি এই ৫ অঞ্চল ইউক্রেনকে ফিরিয়ে দেয় এবং নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে তিনি যুদ্ধবিরতির সংলাপ শুরু করতে রাজি আছেন।

স্বাভাবিকভাবেই রাশিয়ার তার প্রস্তাব মেনে নেয়নি। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত বিরতিও আসেনি।

সূত্র : আরটি, স্কাই নিউজ




রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।

শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।

ম্যাচের শুরুর দিলেই দলকে এগিয়ে দেন রোনালদো। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আল নাসরের দর্শকদের। ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।

এর আগে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে ফেরার আর পথ ছিল না তাদের।

সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্‌র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।




রাখাইন পরিবারে সহায়তা: পটুয়াখালীতে নতুন দৃষ্টান্ত

কলাপাড়ার নয়াপাড়া রাখাইন পল্লীতে পাঁচ রাখাইন পরিবারকে গৃহ নির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ২৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং পাঁচ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। রাখাইন নেতা এমং তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল আদিবাসী ফোরামের সভাপতি মংচোথিন তালুকদার এবং কারিতাস কর্মকর্তা রাখাইন মংমিয়া।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, “রাখাইন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে।” তিনি আরও জানান, রাখাইন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নয়াপাড়ায় দুটি রাখাইন ঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে থাকবে তাঁতসহ অন্যান্য ঐতিহ্যবাহী উপকরণ।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শুধু রাখাইন সম্প্রদায়ের উন্নয়নে ভূমিকা রাখবে না, বরং কুয়াকাটায় পর্যটকদের আকর্ষণও বৃদ্ধি করবে। পর্যটকরা এখানে এলে রাখাইন জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির নানাদিক সম্পর্কে জানতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কৃষক লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষক লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা হাসনে-হেনা নামের এক মহিলা, জানিয়েছেন যে, আবু জাফর তাকে নলকূপ দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা নেন, কিন্তু আজ পর্যন্ত নলকূপ না দেওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন।

প্রায় ৪ মাস আগে কৃষক লীগ নেতা আবু জাফর ওই মহিলাকে নলকূপ দেওয়ার আশ্বাস দিয়ে ৪০ হাজার টাকা নেন, কিন্তু এ পর্যন্ত কিছুই প্রদান করেননি। টাকা ফেরত চাওয়ার পর তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

ভুক্তভোগী মহিলা হাসনে-হেনা বলেন, “নলকূপ তো দিলেনই না, বরং আমার ৪০ হাজার টাকা ফেরতও দিচ্ছে না। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেখান।”

অভিযুক্ত কৃষক লীগ নেতা আবু জাফর বিষয়টি অস্বীকার করে বলেন, “এটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি কারও কাছে টাকা নিয়ে নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

Tags: পটুয়াখালী, মির্জাগঞ্জ, কৃষক লীগ, আবু জাফর, প্রতারণা, নলকূপ, অভিযোগ, কৃষক লীগ নেতা, প্রতিকার, উপজেলা নির্বাহী অফিসার, হাসনে-হেনা

 




খোলা আকাশের নিচে পরীক্ষা: গলাচিপার মাদ্রাসার শিক্ষার্থীদের বিপত্তি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের দক্ষিণ বলইবুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে খোলা আকাশের নিচে ক্লাস করছেন এবং বার্ষিক পরীক্ষা দিচ্ছেন। নতুন ভবন নির্মাণের জন্য পুরানো ভবন অপসারণ করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। খোলা আকাশের নিচে রোদের তাপ ও প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে, যা তাদের জন্য নানা সমস্যা সৃষ্টি করছে।

মাদ্রাসার সুপার, মোহাম্মদ আব্দুল মালেক, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা ব্যবহার করার অনুমতি চান। উপজেলা নির্বাহী অফিসার ওই আবেদনপত্রে স্বাক্ষর করে অনুমতি দেন, কিন্তু দক্ষিণ বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন অনুমতি দিতে অস্বীকৃতি জানান।

এ কারণে, মাদ্রাসার শিক্ষার্থীরা গত ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত খোলা আকাশের নিচে পরীক্ষার কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হন। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে এবং দাবি জানিয়েছে যাতে শিক্ষার্থীরা যেন নিরাপদ ও সুবিধাজনক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

বলইবুনিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে ৩৫০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসা সুপার মোহাম্মদ আব্দুল মালেক জানান, ইউএনওর অনুমতিপত্র নিয়ে তারা প্রধান শিক্ষক মো. বাবুল হোসেনের কাছে যান, কিন্তু তিনি তাদেরকে ভবনের নিচতলা ব্যবহার করতে দেননি।

এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন জানিয়েছেন, তিনি অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন না, এবং উপজেলা শিক্ষা অফিসার থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত তার কিছু করার নেই।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “আমি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা ব্যবহারের জন্য লিখিত অনুমতি দিয়েছি এবং প্রধান শিক্ষককে ফোনে না পেয়ে সহকারী শিক্ষককে মৌখিকভাবে জানিয়েছি। কেন এটি বাস্তবায়িত হয়নি, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম