বাউফলে শিশুদের খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নবম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নবম শ্রেণির শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে।

আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) ওই এলাকার নুর আলম চৌকিদারের ছেলে ও আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে শিশুদের মধ্যে খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে রাতেই এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে নবাব চৌকিদারের দাবি, রেদায়েন ও তার বাবা নুর আলম আগে তাদের ওপর হামলা চালান।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আল-আমিন




না ভোট চালু ও প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

চন্দ্রদ্বীপ নিউজ:  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে  গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন   করেছে উপদেষ্টা পরিষদ।

আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে-ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।

বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো-ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরো বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।

নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর দেশি-বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী।

সংশোধনীর মধ্যে আরো রয়েছে, নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন-কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।




এমকে নারী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেকআপ ট্রেনিং অনুষ্ঠিত

নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এমকে নারী কল্যাণ সোসাইটি। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আজকের প্রশিক্ষণ সেশনটি ছিলো মেকআপ কোর্স বিষয়ক, যেখানে অংশগ্রহণকারীরা সৌন্দর্যচর্চা ও পেশাগত মেকআপ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করেছে জাতীয় যুব শক্তি ও ব্যাক। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণী ও নারী সমাজকে দক্ষ করে তোলা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।

এমকে নারী কল্যাণ সোসাইটির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক নারীকে আত্মনির্ভরশীল ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের আড়িয়াল খাঁ নদীতে উদ্ধার হলো বিশালাকৃতির নোঙর

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদীর তলদেশ থেকে বিশালাকৃতির একটি নোঙর উদ্ধার করা হয়েছে। নোঙরটি উদ্ধারে স্থানীয় জেলেরা দুই দিনের প্রচেষ্টা চালিয়ে ডুবুরিদের সহায়তায় নদ থেকে তুলে আনেন।

হবিনগর গ্রামের স্থানীয় জেলে জসিম উদ্দিন জানান, তিনি পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলছিলেন। কিছুক্ষণ পর জালটি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। প্রথমে মনে হয়েছিল কোনো গাছের মূল আটকে গেছে, পরে দেখা যায় এটি একটি লোহার নোঙর।

স্থানীয়রা নোঙরটির পুরনো হওয়ায় ধারণা করছেন, এটি ব্রিটিশ বা পাকিস্তান আমলে ব্যবহৃত বড় জাহাজ থেকে নদে পড়ে থাকতে পারে। নোঙরের দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং স্থানীয় অনুমান অনুযায়ী ওজন দেড় থেকে দুই টনের মধ্যে। নোঙরের সঙ্গে লোহার মোটা শিকলও পাওয়া গেছে।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘নোঙরটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচ্য। বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এত বড় নোঙর কীভাবে নদে এল, তা এখনও অজানা এবং বিষয়টি তদন্তাধীন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নাজিরপুরে শ্যামাপূজায় কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে নদীর শাঁখারীকাঠী বাজার সংলগ্ন এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নদীর দুপাশে কয়েক হাজার মানুষ ভিড় জমায় এবং গ্রামীণ ঐতিহ্য দেখতে নদীতে ট্রলার ও নৌকা দিয়ে ভ্রমণ করেন।

নৌকাবাইচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান লিটন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এছাড়াও শতাধিক ট্রলার ও নৌকায় কয়েকশ দর্শনার্থী নদীতে নৌকাবাইচ উপভোগ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইলে কথা বলার নিষেধাজ্ঞা ও বাবা-মায়ের বকাঝকা পেয়ে অভিমান করে জান্নাতি আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

ঘটনা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে এবং টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জান্নাতি মোবাইলে কথা বলছিলেন। এ সময় তার বাবা মোতালেব হাওলাদার তাকে কথা বলতে নিষেধ করেন এবং মা-বাবা দুজনেই বকাঝকা করেন। এতে অভিমান করে জান্নাতি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

জান্নাতিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমানের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অর্থ সংকটে ধুঁকছে কাঠের পুল নির্মাণ, ৯ যাত্রীর মৃত্যুর স্থান এখনও ঝুঁকিপূর্ণ

বরগুনার হলদিয়া হাট সংলগ্ন খালে গত ২২ জুন লোহার ব্রীজ ধসে যাওয়ায় ৯ জন যাত্রী নিহত হয়েছিলেন। সেই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর উদ্যোগে ৩২২ ফুট দৈর্ঘ্যের কাঠের পুল নির্মাণ শুরু হয়। তবে বর্তমানে অর্থের অভাবে নির্মাণ কাজ মন্থর গতিতে এগোচ্ছে।

হলদিয়া ইউনিয়নের নান্নু মোল্লা জানান, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়দের সহযোগিতায় পুলটির নির্মাণ উদ্যোগ নেওয়া হয়। পুরো কাঠের পুলটির প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ৮ লক্ষ টাকা, যার মধ্যে মিস্ত্রি খরচ প্রায় ৩ লক্ষ টাকা।

পুল নির্মাণে ব্যবহারকৃত কাঠ এলাকাবাসী থেকে সংগ্রহ করা হলেও গাছ কাটার মজুরি, বহন এবং করাতকল থেকে নির্মাণস্থলে আনার খরচ এক লক্ষ ৫০ হাজার টাকারও বেশি হয়েছে। ইতোমধ্যে পুলটির ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৪০ শতাংশ নির্মাণে অর্থ সংকট ও ব্যয়বৃদ্ধির কারণে কাজ হিমশিম খাচ্ছে।

তিনি আরও জানান, পুল নির্মাণের সময় চলাচলকারী মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের কাছ থেকে কিছু অর্থ পাওয়ার আশা ছিল, কিন্তু তা কার্যকর হয়নি। সরকারি সহায়তাও না পাওয়ায় অর্থসংকট আরও প্রকট হয়েছে।

এজন্য নান্নু মোল্লা ও পুল নির্মাণের অন্যতম উদ্যোক্তা মকবুল খান তাদের ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বরে অর্থ সহযোগিতা কামনা করেছেন। সহায়তা পাঠাতে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যাবে:

  • বিকাশ: ০১৭১২৮৫৬৪৮৩, ০১৭২৬২৭৭১১
  • নগদ: ০১৮২৪৪৯১২২৩

উল্লেখ্য, হলদিয়া খালের ওপর লোহার পুল ধসে যাওয়ার ফলে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে যায়, ঘটনার স্থানটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। কাঠের পুল নির্মাণের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা পুনঃস্থাপন করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পাথরঘাটা দুঃখে ভরা জীবন: সুভাষিণীর সংগ্রাম ও আশা

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের সুভাষিণী রাণী। স্বামী দীর্ঘ বছর ধরে শয্যাশায়ী, তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে এক মেয়ে বাকপ্রতিবন্ধী, আরেকটি শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাজ করতে না পারায় সংসারে নেমে এসেছে কঠিন সময়। সংসারের সব দায়িত্ব পড়ে সুভাষিণীর কাঁধে।

সুভাষিণী বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে সংসারের খরচ চালাচ্ছেন। ধান চাষ, সবজি চাষ ও গৃহস্থালি কাজের পাশাপাশি তিনি বাঁশ শিল্পে যুক্ত। তিনি তৈরি করেন মাছ ধরার চাই, ঝুড়ি, কুলা, চালুনি, মাথাল সহ কৃষিকাজে ব্যবহৃত নানা সামগ্রী। এসব পণ্য পাথরঘাটা বাজারের নারীদের জন্য সংরক্ষিত স্থানে বিক্রি করেন।

সুভাষিণীর লক্ষ্য হলো প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ বাঁশের তৈরি পণ্যের ব্যবহার বাড়ানো। তিনি বেসরকারি সংস্থা রূপান্তরের সঙ্গে কাজ করে প্লাস্টিক দূষণ কমাতে সচেষ্ট।

তিনি বলেন, “৩ মেয়ে, ১ ছেলে। স্বামী দীর্ঘদিন অসুস্থ। তিন মেয়ের মধ্যে দুই প্রতিবন্ধী। সংসারের হাল ধরে রাখতে আমার উপার্জন একমাত্র পথ। জীবন চালাতে তো কাজ করতেই হবে।”

সুভাষিণী প্রতিদিন মাঠে-ঘাটে, ঘরের আঙিনায়, বাঁশ দিয়ে সাজি, ঝুড়িসহ নানা পণ্য তৈরি করে সংসার চালান। হাতে-বুকে ব্যথা হলেও তিনি থেমে থাকেন না।

তিনি আরও বলেন, “কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি করতে চাই, বাঁশ শিল্পে মান বাড়াতে চাই। বেসরকারি সংস্থা সিসিডিবির এনগেজ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট ও জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পেয়েছে।”

প্রকল্প সমন্বয়কারী অভিজিৎ মজুমদার রতন বলেন, “সুভাষিণী রাণী গ্রামে একজন উদাহরণ। কৃষিকাজ ও বাঁশ শিল্পে তার দক্ষতা এবং উদ্যোগ অন্যান্যদের জন্য প্রেরণা। তার সংগ্রাম ও মনোবল প্রশংসনীয়।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ভারী বৃষ্টিতে ধসে পড়ল লোহার সেতু, যোগাযোগ ব্যাহত

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামে ভারী বৃষ্টির কারণে ধসে পড়েছে একটি লোহার সেতু। এতে কয়েক হাজার মানুষ যোগাযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২০০৪ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল নয়টার দিকে ভারী বৃষ্টির সময় সেতুটি ধসে খালে পড়ে। এ ঘটনায় এলাকার নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হয়েছে।

এলাকাবাসী প্রভাষক ফারুক আহমেদ বলেন, “এই সেতুটি দিয়ে আগাপাড়া ও ছোনবুনিয়া গ্রামের মানুষজন বরগুনা সদরসহ অন্যান্য বাজারে যাতায়াত করত। সেতু ধসে পড়ায় পালের বালিয়াতলী সরকারি বিদ্যালয় এবং রাখাইন পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়বে। দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, “লোহার সেতু ধসে পড়ার বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনা-বাকেরগঞ্জ সড়ক ঝুঁকিপূর্ণ, যানজট ও দুর্ঘটনার ‘মরণফাঁদ’

বরগুনা-বাকেরগঞ্জ সড়কের বেতাগী বাসস্ট্যান্ড থেকে নিয়ামতি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশ এখন সাধারণ পথ নয়, বরং যানজট ও দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। চার বছর আগে সারাই করা সড়কটি ফের খানাখন্দে ভরপুর, এবং বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নামমাত্র মেরামতের কারণে জনসাধারণের চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শতাধিক বড় ছোট গর্ত এবং উঠে যাওয়া কার্পেটিংয়ের কারণে সড়কটি কাদাপানির নদীতে পরিণত হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গভীরতা বোঝা যায় না, ফলে ছোট যানবাহন, মোটরসাইকেল, মাহিন্দ্রা গাড়ি উল্টে যাচ্ছে। বড় ট্রাক ও বাসও হেলেদুলে চলাচল করছে। এতে যাত্রী ও চালকদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।

বেতাগী পৌরসভার বাসিন্দা গোলাম হোসেন বলেন, “এটাকে মহাসড়ক বলা মজার ব্যাপার। দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। দ্রুত নতুন নির্মাণ না হলে দুর্ভোগের অবসান হবে না।”
মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম যোগ করেন, “বৃষ্টিতে পানি জমে রাস্তা চালানো অসম্ভব। গর্তে পানি থাকায় গভীরতা বোঝা যায় না। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই, গাড়ির মেরামতে অনেক খরচ হয়।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১২ সালের প্রকল্পের আওতায় ২০১৫ সালে সড়কটি নির্মাণ করা হলেও নিম্নমানের কাজের কারণে দ্রুত ভাঙতে শুরু করে। ২০১৯-২০ অর্থবছরে নামমাত্র সংস্কার হলেও তা টেকসই হয়নি। এর পর থেকে গত ৪-৫ বছর কোনো কার্যকর সংস্কার হয়নি, ফলে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে।

বেতাগী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী শেখ তৌফিক আজিজ জানিয়েছেন, “জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা সড়কটির স্থায়ী সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। একটি পূর্ণাঙ্গ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। খুব শীঘ্রই অর্থ বরাদ্দ পেলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫