১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবসের’ ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

গতকাল (রোববার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।




১০ ব্যাংক ‘ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বারপ্রান্তে’: শ্বেতপত্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য তিন শ্রেণির ব্যক্তিদের দায় দেখতে পেয়েছে অর্থনীতির হালচাল জানতে গঠিত কমিটি; যাদের তৈরি শ্বেতপত্রে বেসরকারি ১০টি ব্যাংক ‘ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বারপ্রান্তে’ চলে যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। তারল্য সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে বলে এত আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোববার অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তার কার্যালয়ে ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকারের শাসনামলের অর্থনীতি নিয়ে প্রনয়ণ করা এ শ্বেতপত্র জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

‘ডিসেকশন অব এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শীর্ষক প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে এটির খসড়া শ্বেতপত্র প্রণয়ন কমিটির ফেইসবুকে পেইজে প্রকাশ করা হয়।

খেলাপি ঋণকে ব্যাংক খাতের ‘কালো গর্ত’ হিসেবে চিহ্নিত করে শ্বেতপত্রে বলা হয়েছে, ব্যাংক খাতের সমস্যা যতটুকু দৃশ্যমান হচ্ছে এর চেয়ে অন্তত তিনগুণ বেশি অদৃশ্য রয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, মূলত ২০১০ সাল থেকে দেশের ব্যাংকগুলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শুরু করে। এ কারণে ব্যাংক খাতের প্রায় এক তৃতীয়াংশ ঋণই খারাপ বা খেলাপি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক যা দেখাচ্ছে, এর চেয়ে অনেক বেশি ঋণ খারাপ হয়ে গেছে। আর্থিক প্রতিবেদনে কাগজে কলমে ‘উইন্ডো ড্রেসিং’ করে মুনাফা দেখাচ্ছে ব্যাংক।

এতে বলা হয়, বেসরকারি ১০টি ব্যাংক ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছে। তারল্য সংকট তীব্র হওয়ায় এসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে।




বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ

বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় জনতা এক মানববন্ধনের আয়োজন করেছে।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করে। বক্তারা চেয়ারম্যান মহাসিনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশ, ইউপি প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম এবং ইউপি সদস্য মোজাহেদুল ইসলাম। তারা চেয়ারম্যান মহাসিনকে অপসারণ করে ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

তবে চেয়ারম্যান মহাসিন দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমার সুনাম ক্ষুণ্ণ করতে এ মানববন্ধনের আয়োজন করেছে।”

মানববন্ধনের বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




প্রবাসী আয়ে ধারাবাহিক উত্থান: নভেম্বর মাসে এসেছে ২১৯ কোটি ডলার

প্রবাসী আয়ের প্রবাহে নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৩৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা চার মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর মধ্যে:

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৮ লাখ ডলার

আগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলার

 

নভেম্বর মাসে এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৬ কোটি ৬ লাখ ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার ডলার

বেসরকারি ব্যাংকগুলো: ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার

কৃষি ব্যাংক (বিশেষায়িত): ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার

বিদেশি ব্যাংক: ৬২ লাখ ৮০ হাজার ডলার

তবে, ৯টি ব্যাংক রেমিট্যান্স আনতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাংকগুলো হলো:

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)

বিশেষায়িত ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)

বেসরকারি ব্যাংক: কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক

বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

 

২০২০ সালের জুলাই মাসে দেশে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এছাড়া ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে রেকর্ড।

 

বিশ্লেষকদের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রবাসীদের উৎসাহিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ব্যাংকিং চ্যানেলের সহজলভ্যতার ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




বিজয়ের মাসে প্রতিদিন একটি দেশের গান শেয়ার করবেন মেহের আফরোজ শাওন

বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে, এবং ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছিল। এই মাসের শুরুতেই নতুন এক উদ্যোগের কথা জানালেন জনপ্রিয় নির্মাতা, অভিনেত্রী এবং গায়িকা মেহের আফরোজ শাওন।

রোববার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করে শাওন জানিয়ে দেন যে, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন। গানটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, “বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব। যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয়, তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।”

আরো পড়ুন : ঢাকার আন্দোলন-বিক্ষোভ নিয়ে মেহের আফরোজ শাওনের ব্যঙ্গাত্মক মন্তব্য

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন, যখন লাল-সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে স্থান পায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। মূলত, বিজয় দিবসের মাসটিকে স্মরণীয় করে রাখতে শাওন প্রতিদিন একটি করে দেশাত্মবোধক গান তার ফেসবুক পেজে শেয়ার করবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মশার কামড় থেকে হতে পারে ভয়াবহ রোগ

বর্তমানে মশার কামড়ে শুধু ডেঙ্গু নয়, হতে পারে আরও মারাত্মক সব রোগ। ডেঙ্গুর প্রকোপ দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন মশাবাহিত রোগের আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে ডেঙ্গুর পাশাপাশি ইয়েলো ফিভার, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, জিকা, সিন্ডবিসসহ ভয়াবহ রোগগুলোর কথা জেনে সাবধান থাকা জরুরি।

ডেঙ্গু:

এডিস ইজিপ্টাই মশার কামড়ে ডেঙ্গু হয়। এ রোগে শরীরে ব্যথা, লাল গুটি, মাংসপেশী এবং হাড়ের জোড়ায় ব্যথা দেখা দেয়। চরম পর্যায়ে রক্তক্ষরণের কারণে মৃত্যুও হতে পারে। আবার দ্বিতীয়বার ডেঙ্গু হলে তা আরও মারাত্মক আকার ধারণ করে।

ইয়েলো ফিভার:

টাইগার মশা ও এডিস প্রজাতির মশা ইয়েলো ফিভার ছড়ায়। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশে এ রোগের ঝুঁকি বেশি। লক্ষণ হিসেবে জ্বর, বমি এবং পরে মেনিনজাইটিস দেখা দেয়।

চিকুনগুনিয়া:

কয়েক বছর আগে চিকুনগুনিয়া দেশে মহামারির রূপ নেয়। এর ফলে হাড়ের জোড়ায় তীব্র ব্যথা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে আশার কথা হলো, একবার চিকুনগুনিয়া হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

ম্যালেরিয়া:

অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়। এ রোগে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় এবং সঠিক চিকিৎসা না হলে মৃত্যুর আশঙ্কা থাকে।

জিকা ভাইরাস:

২০১৫ সালে জিকা ভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছিল। এডিস মশা এই ভাইরাস বহন করে। গর্ভবতী নারীরা এ রোগে আক্রান্ত হলে নবজাতকের মধ্যে শারীরিক বিকৃতি দেখা দিতে পারে।

সিন্ডবিস:

কুলেক্স মশার মাধ্যমে ছড়ানো এ রোগে জ্বর, মস্তিষ্কে প্রদাহ এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা দেখা দেয়।

ওয়েস্ট নাইল ফিভার:

বয়স্ক বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য এই রোগ ভয়াবহ হতে পারে। এতে মেনিনজাইটিস এবং মায়োকার্ডিটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।

লাইশম্যানিয়াসিস:

গর্ভবতী মশার কামড়ে ছড়ানো এই রোগে ত্বকের ক্ষত, জ্বর এবং মাথাব্যথা দেখা দেয়। চিকিৎসার অভাবে এটি লিভার ও কিডনিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

প্রতিরোধ:

মশাবাহিত এসব রোগ থেকে বাঁচতে মশা থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিকল্প নেই। ঘরে-বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং মশার কামড় এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলায় সাইফুল কাজী (২১) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকার নিজ বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত সাইফুল দেলোয়ার কাজীর ছেলে এবং আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তবে এ ঘটনায় স্বজনদের সন্দেহ রয়েছে। তারা অভিযোগ করেছেন, সাইফুল মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। ঘরের আড়া ও ফ্লোরের উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি, অথচ সাইফুলের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। ফলে এটি আত্মহত্যা বলে মেনে নেওয়া কঠিন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইসরাইলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ খোদ প্রতিরক্ষা প্রধানের

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরাইলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরাইলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।

শনিবার ইসরাইল সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি। যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, ‘আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হল বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা।’




বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র , চূড়ান্ত প্রতিবেদন জমা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজ রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হয়।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রমুখ।

শ্বেতপত্র প্রতিবেদন জমা দেওয়ার পরে কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে জানান, প্রধান উপদেষ্টা শ্বেতপত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত করেছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন এটি (শ্বেতপত্র প্রতিবেদন) একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে দুরবস্থা চলে আসছে, এই প্রতিবেদনের মাধ্যমে তা উন্মোচিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশে কৃত্রিম উন্নয়নের যে বয়ান প্রচলিত ছিল, তাকেও ধূলিসাৎ করেছে।

শ্বেতপত্র কমিটির প্রধান জানান, প্রধান উপদেষ্টা মনে করেন যে এই শ্বেতপত্রকে সাধারণ মানুষের মধ্যে প্রচার এবং এ নিয়ে পড়াশোনা করা উচিত। প্রয়োজনে এটিকে আগামী দিনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত।




পটুয়াখালীর কলাপাড়ায় উড়ন্ত বিলুপ্তপ্রায় সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের একটি উড়ন্ত বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী। শনিবার সন্ধ্যায় সাপটি উদ্ধার করা হয় এবং বর্তমানে এটি প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। রবিবার সন্ধ্যায় সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লাউডগা সাপটি উজ্জ্বল সবুজ বর্ণের, নলাকার এবং সুচালো নাকের সাথে লম্বা। এটি মূলত ব্যাঙ এবং সরীসৃপ জাতীয় প্রাণি খেয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এই সাপটি উড়ন্ত, অর্থাৎ এটি লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে যায়। এর বিষ মৃদু হলেও কিছুটা বিপজ্জনক।

আরো পড়ুন : কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা

অ্যানিমেল লাভারস সদস্য ইউসুফ রনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর সাপটি উদ্ধার করা হয়। সাপটি সাধারণত দেখা যায় না, তবে যখন পাওয়া যায় তখন বিশেষ যত্ন নিতে হয়।

এনিমেল লাভারস কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “আমরা সাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিছুটা সুস্থ হলে বন বিভাগের সহায়তায় এটি অবমুক্ত করা হবে। এর আগে আমরা অনেক বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম