স্বৈরাচারের মিথ্যাচার: ভারত থেকে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরশাসক শেখ হাসিনা তার ভার্চুয়াল মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন নিয়মিত বিরতিতে। এবার তিনি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভারতের মাটি থেকে ভার্চুয়াল বক্তৃতা করেছেন।

দেশটিতে আশ্রয় নেয়ার পর থেকেই তার বেশ কিছু অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও এ নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করেছেন, সেগুলো এআই কারসাজি সন্দেহে। কিন্তু এবারের এই বক্তৃতা নিয়ে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রিপোর্ট করেছে ভারতের অন্যতম বাংলা পোর্টাল আনন্দ বাজার। রিপোর্টটি হুবহু তুলে ধরা হলো-

ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনাসভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষেছেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর মন্তব্য, ‘ইউনূসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে।’

নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, ‘আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে মুহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তাঁরাই মাস্টারমাইন্ড। এমনকি, তারেক রহমান (প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা) লন্ডন থেকে বলেছেন যে, যদি মৃত্যু চলতেই থাকে, তা হলে সরকার টিকে থাকবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মুজিবুর রহমানের কন্যা। মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চলছে। কেন আক্রান্ত হচ্ছে মন্দির, গির্জা?’




জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে ভক্তদের কাছে নিজের কিছুই আড়াল করেন না। ফলে ভক্তদেরও তার প্রতি ব্যাপক কৌতূহল আগ্রহও দেখা যায়।

পরীমনি তার ব্যক্তিজীবনে বহু প্রেমে জড়িয়েছেন। করেছেন একাধিক বিয়েও। বলা যায়, সঙ্গী পালটে সহসাই থামেননি পরী; যা কারোই অজানা নয়।

এবার এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। পরী জানান, জীবনের প্রথম দিনে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরীমনি।

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ বলে রাখা ভালো, পরীমনি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবেও যার পরিচিতি রয়েছে।

এরপর প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাওয়া হলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ‘এটা তো হিসেব করে বলতে হবে।’ সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরীমনি বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম ছবি মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন’ -হাসতে হাসতে বললেন পরী।

পরীমনি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’




চিন্ময়ের জামিন শুনানি পেছাল এক মাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন।

মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাঁকেও আদালতে হাজির করা হয়নি। তবে কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হয়নি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আদালতে সংঘটিত ঘটনায় করা সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।




যুদ্ধ শেষে গাজা শাসন করবে হামাস-ফাতাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজার শাসকগোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে প্রশাসনিক দায়িত্ব ভাগ করে নেয়ার জন্য একটি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হয়েছে।

মঙ্গলবার উভয় পক্ষের মধ্যস্থতাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পরিকল্পনা অনুযায়ী ইসরাইল-অধ্যুষিত পশ্চিম তীরের অংশবিশেষের প্রশাসকের দায়িত্ব পালনকারী সংগঠন ফাতাহ এবং ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস যৌথভাবে গাজা ভূখণ্ডের প্রশাসন পরিচালনার জন্য একটি কমিটি নিয়োগ দেবে। এ কমিটিতে ঊর্ধ্বে ১৫ জন রাজনৈতিকভাবে নিরপেক্ষ টেকনোক্র্যাট থাকতে পারেন।

কর্মকর্তারা জানায়, ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্তের পর এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় বেশ কয়েক মাস ধরে গাজার সংঘাত বন্ধের জন্য আলোচনা চললেও এখনো ইসরাইল ও হামাসের মধ্যে এ বিষয়ে কোনো চুক্তি হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সফল হওয়ায় গাজার যুদ্ধবিরতির উদ্যোগে গতিবেগের সঞ্চার হতে পারে।




ইউনূসের সঙ্গে সংলাপ, বিএনপির যেসব নেতা থাকবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতাদের পর এবার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে বুধবার (৪ ডিসেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির পাঁচ নেতা অংশ নেবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপের আহ্বান করেছেন। তার ডাকে বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ যাবেন বিএনপির পাঁচজন নেতা।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এ জেড এম জাহিদ হোসেন।




কলাপাড়ায় পানির বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় প্রায় কোটি টাকার বকেয়া পানির বিল আদায়ে গ্রাহকদের নোটিশ প্রদান এবং মাইকিং করার পর সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে পৌরসভা। মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সূত্র জানায়, সাবেক মেয়রদের শাসনামলে পৌরসভার পানি শাখার কাছে গ্রাহকদের বকেয়া বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি টাকায়। নানা প্রচেষ্টায় ৫ আগস্ট থেকে কয়েক লাখ টাকা আদায় করা হলেও এখনো বকেয়ার পরিমাণ প্রায় ৭৪ লাখ ১৪ হাজার ৩২১ টাকা। রাজনৈতিক স্বজনপ্রীতি এবং ভোটের হিসাব-নিকাশের কারণে পূর্বে গ্রাহকদের কাছ থেকে এই পাওনা আদায়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযানের প্রথম দিনেই পৌরসভার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. তারিকুজ্জামান তারা, ব্যবসায়ী রুহুল আমিনের মমতা রাইস মিল, এবং মনির বেপারীর বাসভবনে। তাদের কাছে বকেয়া রয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৫৫ টাকা।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ বলেন, প্রভাবশালী গ্রাহকদের কাছে বকেয়া আদায়ে পৌরসভা এখন হার্ডলাইনে রয়েছে। সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে পৌরসভার পাওনা আদায়ে জোর দেওয়া হচ্ছে।

পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, বকেয়া আদায়ের এই অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। আন্টিগাতে প্রথম ম্যাচে না পরলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো টাইগাররা। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ।




বরগুনার আমতলীতে স্ত্রীর পরকীয়ায় আসক্তি নিয়ে সংঘর্ষ, স্বামী হত্যা করলেন

বরগুনা জেলার আমতলীতে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে বাগবিতণ্ডার পর স্বামী মনিরুল ইসলাম কর্তৃক স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনার ঘটে। নিহত স্ত্রীর নাম তিন্নি (২০), তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম ছিল নিজাম উদ্দিন।

ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। অভিযুক্ত স্বামী মনিরুল ইসলাম ওই গ্রামের হারুন খাঁর ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।

জানা গেছে, আট মাস আগে পারিবারিকভাবে মনিরুল ও তিন্নির বিয়ে হয়। তবে কিছুদিন ধরেই স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে তাদের মধ্যে অশান্তি চলছিল। এই বিষয় নিয়ে গত কয়েকদিন আগে পারিবারিকভাবে বৈঠকও হয়েছিল। যদিও স্ত্রীর কাছ থেকে কোনো আপত্তি আসেনি, কিন্তু মঙ্গলবার বিকেলে তিন্নি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মুঠোফোনে কথা বলছিল। এই কারণে স্বামী মনিরুলের সঙ্গে তাদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী মনিরুল স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তিন্নিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের কাছ থেকে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী মনিরুল পালানোর চেষ্টা করেন, কিন্তু স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মনিরুলকে আটক করে এবং নিহতের মরদেহ থানায় নিয়ে যায় সুরতহাল প্রতিবেদন করার জন্য।

নিহতের চাচাত ভাই নূরে আলম জানিয়েছেন, স্ত্রীর পরকীয়া প্রেমে আসক্তি নিয়ে বাগবিতণ্ডায় এই ঘটনা ঘটেছে, এবং স্বামী মনিরুল তাকে পিটিয়ে হত্যা করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিরুলকে আটক করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আ.লীগ নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার মানপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শহিদুল ইসলাম মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে একটি ভবনে তাদের একান্তে সময় কাটাতে দেখে স্থানীয়রা ভবনের প্রবেশদ্বার তালাবদ্ধ করে দেন। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শহিদুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অনেকেই অবগত থাকলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। তবে সম্প্রতি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এ ঘটনা প্রকাশ্যে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক শহিদুল ইসলাম এবং ওই নারীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর ক্রিকেটারের

বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে পড়ে ওয়াহিদ ওহী (১৪) নামে এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওহী বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের ছেলে। সে ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার বিবরণে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, একটি পণ্যবাহী ট্রাক সাগরদীর দিকে যাচ্ছিল। ট্রাকটি হাসপাতালের গেটের সামনে এলে ওহী সাইকেল নিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। এসময় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেল ট্রাকের পেছনের চাকায় আটকে যায়। ট্রাকের ধাক্কায় ওহী পড়ে গিয়ে মাথায় এবং কাঁধে গুরুতর আঘাত পায়।

দ্রুত তাকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওহীর সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, তারা স্টেডিয়ামে ক্রিকেট প্র্যাকটিস শেষে বাড়ি ফিরছিল। পথে ট্রাকের সঙ্গে ওহীর সাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের এক ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত মা মাকসুদা বেগমের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম