ভোলায় সাবেক চার সংসদ সদস্যসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদীর অভিযোগে আরও অজ্ঞাত ৩০০-৪০০ জনকেও আসামি করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সাবেক চার সংসদ সদস্য হলেন:

ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ

ভোলা-২ আসনের আলী আজম মুকুল

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

আলী আজম মুকুল এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বর্তমানে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, তোফায়েল আহমেদ ও নুরুন্নবী চৌধুরী শাওনের অবস্থান নিশ্চিত করা যায়নি। ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় নেই বলে জানা গেছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্মী আরিফ হোসেন।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই মামলার তদন্ত শুরু করেছে।

এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পিরোজপুরে শ্রমিক দলের কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা, শত্রুতার প্রতিশোধের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে শ্রমিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রায় ছয় বছর পর থানায় মামলা হয়েছে। গত ১৮ অক্টোবর চা-দোকানি মো. মাসুম তালুকদার বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে মামলাটি করেন। অভিযোগ উঠেছে, শত্রুতার প্রতিশোধ নিতে মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

২০১৯ সালের ২০ জানুয়ারি বলদিয়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে মামলা হলেও, এতে জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে দিনমজুর, প্রতিবন্ধী, ওয়ার্ড বিএনপির কর্মীসহ নিরীহ ব্যক্তিদের নাম আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।

বাদী মাসুম তালুকদার জানিয়েছেন, মামলার খসড়া তিনি তৈরি করেননি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. শাহীন আহমেদ এটি প্রস্তুত করে তাকে বাদী বানিয়েছেন। এমনকি মামলার এজাহারে যাদের নাম রয়েছে, তাদের অনেকেই এ ঘটনায় জড়িত নন।

দিনমজুর মো. এমদাদুল তালুকদার বলেন, “আমি দিনমজুর মানুষ। মামলার কারণে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি।”

একইভাবে কলেজছাত্র রানা তালুকদার অভিযোগ করেন, “আমাকে মামলায় আসামি করে এখন মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবি করা হচ্ছে।”

এছাড়া মানসিক প্রতিবন্ধী আলাউদ্দীনকে (৬৪) পর্যন্ত আসামি করা হয়েছে। জনপ্রতিনিধি মো. বাবুল মিয়া বলেন, “রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত না হয়েও আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। বাদী মাসুম মামলার থেকে অব্যাহতি দিতে ৫০ হাজার টাকা দাবি করেছেন।”

মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, “বিএনপি সমর্থকদের কিছু সাধারণ মানুষ মামলার আসামি হয়েছেন। তবে আমি কারও কাছ থেকে টাকা চাইনি।”

অন্যদিকে, শাহীন আহমেদ মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, “অভিযোগ তদন্ত চলছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রসিকিউটর আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টায় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদনের ওপর শুনানি হবে।




রাঙ্গাবালীতে আমনের বাম্পার ফলন: কৃষকদের মুখে হাসি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলার ছয়টি ইউনিয়নের মাঠজুড়ে দুলছে সোনালি ফসলের শীষ। ধান পাকতে শুরু করায় কৃষকরা এখন ধান কাটার উৎসবে মেতে উঠেছেন। কাটা-মাড়াই শেষে খরচ মিটিয়ে ধারদেনা পরিশোধ করতে পারবেন বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে রাঙ্গাবালীতে ২৮,৪৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি সঠিক পরিচর্যার কারণে প্রত্যাশিত ফলন পেয়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, ধানের শীষে ভরে উঠেছে জমি। অনেক জমিতে ধান কাটা শুরু হলেও কিছু নিচু জমির ধান কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। কৃষকদের মতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং ধান পাকতেও বেশি সময় লাগেনি।

কৃষকরা জানান, সব খরচ বাদ দিয়ে এবার তারা লাভবান হবেন বলে আশা করছেন। তবে স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা নিয়ে তাদের কিছু ক্ষোভ রয়েছে। তাদের দাবি, চাষাবাদে সহযোগিতার জন্য কৃষি অফিস থেকে তেমন সহায়তা পাননি।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ধান ঘরে তুলতে পারবে। প্রতি হেক্টরে গড়ে ৫ মেট্রিক টন ফলন হবে বলে আশা করা হচ্ছে।”

কৃষকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ধানের বীজ ও সার বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে পরামর্শ দিয়েছি। তবে একটি মাত্র অফিসের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যদি কেউ বাদ পড়ে থাকে, তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করব।”

ধান কাটার উৎসবে মেতে উঠেছেন কৃষকরা। তাদের দুঃখ-কষ্ট ও অভিযোগকে ছাপিয়ে গেছে মাঠভর্তি পাকা ধানের দৃশ্য। এখন চলছে ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী গ্রেফতার

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরশহরের যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল। বুধবার (৪ ডিসেম্বর) ভান্ডারিয়া পৌর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসমা সুলতানা যুথী পিরোজপুরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন খান বলেন, “আসমা সুলতানা যুথী পিরোজপুর সদর থানার একটি মামলায় গ্রেফতার হয়েছেন।”

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিও!

চন্দ্রদ্বীপ ডেস্ক: অপেক্ষাকৃত দেরিতে হলেও চলতি মৌসুমে গ্রামাঞ্চলে শীতের দেখা মিলেছে। যদিও তীব্র শীত হানা দেয়নি। তবে আবহাওয়া অফিস বলছে, শীতের শুরুটা যেমনই হোক ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। এরমধ্যে চারটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। আর এ সময়ের শেষ দিকে এক থেকে দুই শিলাবৃষ্টিসহ ঝড়ও হতে পারে।

বুধবার (০৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত তিন মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, এই তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এছাড়া দেশে তিন থেকে আটটি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬ থেকে ০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তিনটি থেকে চারটি তীব্র শৈত্য প্রবাহে (০৪ থেকে ০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

একইসঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।




প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ: সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। দেশের রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হতে পারে, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশবাসীর ওপর চেপে বসা জগদ্দল পাথর সরেছে। এটা যাদের পছন্দ হয়নি, তারা এখন আমাদের দেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের মতো অর্জনকে মুছে দিতে চায়। এ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে তারা একসঙ্গে আছেন।

অন্তর্বর্তীকালীন সরকার এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে এ ঐকমত্যের কথা উঠে আসে। শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার যড়যন্ত্র চলছে। দেশের বিরুদ্ধেও চলছে ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের ঐক্যের জরুরি। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই। আমাদের গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনকে ভারতের শাসকগোষ্ঠী এখনো মেনে নেয়নি। পতিত ফ্যাসিবাদের পরাজয়কে ভারত সরকার নিজেদের পরাজয় হিসাবে বিবেচনা করছে। সংলাপে তিনটি বিষয় আলোচনায় অগ্রাধিকার পায়। এগুলো হলো-বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং তাদের অধিকার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ।




পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারতের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক; যা আগে থেকেই ঢাকার হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা যতটুকু জানি, এটা ১০ ডিসেম্বর হবে; একদিন আগেও হতে পারে।”

বৈঠকটি ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) নামে পরিচিত। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘গতিশীলতা’ ফিরবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এমন সময় বৈঠকটি হতে যাচ্ছে, যখন নানা ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে।

এ বৈরিতা আরও কিছুটা বেড়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সাম্প্রতিক হামলার ঘটনার মধ্য দিয়ে।

এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এটা খুবই স্পষ্ট, আমরা চাই ভালো সম্পর্ক। তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে, দুইপক্ষকেই চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।”

পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনায় নিয়মিত আলোচনার প্ল্যাটফর্ম এফওসি। সর্বশেষ বৈঠক হয় ২০২৩ সালের নভেম্বরে; দিল্লিতে।

এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ভারতের নেতৃত্বে থাকবেন সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এবার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে গত ২১ নভেম্বর এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছিলেন, “কী বিষয়ে আলোচনা হবে, তা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয়, সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। কেবল নির্দিষ্ট বিষয় আসবে, সে রকম নয়।

“সাধারণত বর্তমান যে সম্পর্ক সেটার বিষয়গুলো আসে, ভবিষ্যতে এই সম্পর্ক সম্প্রসারণের কী কী ক্ষেত্র চিহ্নিত করা যায় সেই বিষয়গুলোও আসে। কাজে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে। বলা যায় দুদেশের সম্পর্কের সব বিষয় স্থান পাবে।”




ভিয়েনা কনভেনশন ‘লঙ্ঘন’ করেছে ভারত, যে ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর এটিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরেও বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভিয়েনা কনভেনশনের কথা উল্লেখ করেছে।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘পরিকল্পিতভাবে’ বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা।

হামলার সময় ভারতীয় পুলিশের সদস্যরা সেটি না থামিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন তারা।
হামলার ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন।

যদিও হামলায় দুঃখপ্রকাশ করে ভারত বলছে, বাংলাদেশের সঙ্গে তারা একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়। ঘটনা তদন্তে দেশটি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে।




ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

ডাচ-বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ৫ দিনের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংককে নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য তাদের কেন্দ্রীয় ব্যাংকিং সার্ভিস ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর আবেদন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম