৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরায়েলি বাহিনীর

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরই ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে।

১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মারিভ পত্রিকার বরাতে আলজাজিরা বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে, তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রবাসী-বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে ‘১৯৭৪ সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে।’

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে সংযুক্ত করে।

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেশবাসীর উদ্দেশে নিজেদের প্রথম বিবৃতি সম্প্রচার করেছেন বিদ্রোহীরা।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বেসামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টিভিতে এক ব্যক্তি বলেছেন, ‘দামেস্ক শহর মুক্ত করা হয়েছে।’

ওই ব্যক্তি বলেন, অত্যাচারী বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে। দামেস্কের কারাগার থেকে সব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আমরা আশা করি, আমাদের সব যোদ্ধা এবং নাগরিকরা সিরিয়া রাষ্ট্রের সম্পত্তি সংরক্ষণ করবে। সিরিয়া দীর্ঘজীবী হোক।




পটুয়াখালীতে হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা এস.এ জকির হিরু, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. মফিজুর রহমান খান।

বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সনদ বাতিল, ভাতা গ্রহণকারীদের টাকা ফেরত প্রদান, এবং যারা এই প্রক্রিয়ায় সহায়তা করেছেন তাদের শাস্তির দাবি জানান। সেই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জমি দখলের অভিযোগে গলাচিপায় সনাতনীদের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল এবং এর প্রতিকারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

রোববার (৮ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সত্যরঞ্জন পাটনী।

তিনি জানান, গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫.৮৪২ শতাংশ জমির বণ্টন নিয়ে রায় পাওয়া যায়। রায়ের বিরুদ্ধে কিছু প্রভাবশালী ব্যক্তি আপিল করলে আপিল আদালতও তাদের পক্ষে রায় দেয়।

ফাইনাল ডিক্রি পেয়ে ৬/২০২৪ নম্বর দেওয়ানী ডিক্রি জারি করা হয়। আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার জমি মাপজোক করে ঢোলসহ নিশান ও স্থায়ী পিলার স্থাপন করেন। এরপর তারা জমি চাষ করেন এবং ধান ফলান।

সম্প্রতি ওই প্রভাবশালী মহল পৈত্রিক ভিটা ও জমি দখল করে ধান কেটে নেয়। প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষা ব্যবহার, মারধর এবং হত্যার হুমকি দেয়। এমনকি ভুক্তভোগীরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় ভুক্তভোগীরা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল রানী মাঝি, সুখু রানী মাঝি, স্মৃতি রানী মাঝি, সত্য মাঝি এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কথিত ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক গুরু এই সংগঠনটি আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে।

শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে আরএসএসের এক কর্মকর্তা বলেছেন, ‘‘দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্যরা প্রতিবেশী বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘‘নিপীড়নের’’ বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবেন।’’

সংবাদ সম্মেলনে আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল বলেছেন, ‘‘আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আগামী ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজের’ ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে।’’




দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা, পালালেন প্রেসিডেন্ট আসাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আর আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান আসাদ।

অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।




চ্যালেঞ্জের মধ্যেই আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে : উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত অ্যানুয়াল বাল্টিক কনফারেন্স অন ডিফেন্সের (এবিসিডি) উদ্বোধনী অধিবেশনে দেশের জটিল অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতির ইঙ্গিত দেন তিনি।

আয় বৈষম্যকে দেশের অন্যতম উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এই বৈষম্য মোকাবেলায় মানসম্মত শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশের মর্যাদার সাথে সংশ্লিষ্ট কিছু সুবিধা ধরে রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আমাদের আর এলডিসি হিসেবে থাকা সম্ভব নয়। উন্নত দেশগুলোর কাছ থেকে কিছু সুবিধা বজায় রাখার জন্য আলোচনা চলছে। অনেক দেশের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।’

একটি আলাদা অধিবেশনে, বাংলাদেশ কিভাবে মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে- তার চিত্র তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্ডারমিট এস গিল।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ফোকাল পয়েন্ট হওয়া উচিত উল্লেখ করে তিনি দেশে উদ্যোক্তা গড়ে তোলা এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানান।

সূত্র : ইউএনবি




এক যুগ পর সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: তেহরানের কারাগার থেকে সাময়িক মুক্তি পেলেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। নার্গিসের জীবনসঙ্গী ত্বাকি রাহমানির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘প্রপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন তিনি। কারাবন্দী অবস্থায় ২০২৩ সালে নোবেল পদক পান তিনি। ২০১১ সাল থেকে তাকে কয়েক দফায় বেশ কয়েকটি জেলে থাকতে হয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি জানিয়েছেন, ‘ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। ইতোমধ্যে তিনি মুক্তি পেয়েছেন। ২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে।




চলতি মৌসুমে তিন দফা শৈত্যপ্রবাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঋতুচক্রে এখন হেমন্ত। সাঁঝ-প্রভাতে জনপদগুলো ঢেকে নিচ্ছে কুয়াশার চাদরে। ঘাসের ডগায়, বৃক্ষ পল্লবে মুক্তোর মতো শিশিরের বিন্দু টলমল করছে। ভোরের সোনা রোদ তাপ ছড়াতে না ছড়াতেই দিন ফুরিয়ে যাচ্ছে। রাত হচ্ছে দীর্ঘ। ইতিমধ্যে দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত।

পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাটসহ উত্তরের জেলাগুলোতে শীতের দাপটে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতের দাপট, কুয়াশায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। গতকাল নওগাঁয় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যা এই মৌসুমে সর্বনিম্ন।

বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। যতই দিন যাচ্ছে ততই নওগাঁর তাপমাত্রা কমছে। গত দুই দিন নওগাঁর তাপমাত্রা ১২ ডিগ্রিতে অবস্থান করলেও শনিবার (৭ ডিসেম্বর) সেই তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যা এই মৌসুমে সর্বনিম্ন। সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, এ বছরের শীত মৌসুমে তিনটি হাড় কাঁপানো তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এতে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট ১৩টি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে ৮ থেকে ১০টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে (০৪-০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। এদিকে চলতি ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১২টি শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। এ সময়ের শেষ দিকে শিলাবৃষ্টি ও ঝড়ও হতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ের মধ্যে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রবিবার ও কাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।




সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে আসাদের মিত্র ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: মিত্রদেশ সিরিয়ায় অবস্থানরত কমান্ডারসহ সেনাসদস্যদের গতকাল শুক্রবার সরিয়ে নেওয়া শুরু করেছে ইরান। এমন এক সময় তেহরানের সেনা সরিয়ে নেওয়ার এ খবর জানা গেল, যখন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছেন বিদ্রোহীরা।

আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও অন্তত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে গতকাল এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।




রাজধানী দামেস্ক ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার

চন্দ্রদ্বীপ ডেস্ক:সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারি বাহিনী এখনো প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তবে দামেস্কের বিভিন্ন শহরতলি ইতিমধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন।