বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। ঘরের মাঠে স্বাগতিক মেয়েদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো সফরকারী আয়ারল্যান্ড।

চায়ের দেশ সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার। বড় স্কোরের আশা জাগিয়েও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে বাংলাদেশ।

নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় জয় থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল আয়ারল্যান্ড। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ হাসি হেসেছে আইরিশ মেয়েরাই।




প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপের ২৮ রাষ্ট্রদূত

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ জন রাষ্ট্রদূত।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।

জানা গেছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

পট পরিবর্তনের পরে ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম।

বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকছে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, এ সভা বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের রাষ্ট্রদূতের ঢাকায় আসার খবর ১৭ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, কয়েক দিনের মধ্যে দিল্লিতে থাকা ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের রাষ্ট্রদূত একযোগে তার সঙ্গে দেখা করতে আসছেন, যা বাংলাদেশে আগে কখনও ঘটেনি।




সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি এবং তাস।

তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “পরিবারের সদস্যদেরসহ মস্কো এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে।”

সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদরের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান মস্কো জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। আরও বলা হয়েছে, ক্ষমতা দখলকারী বিদ্রোহীগোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ায় রুশ সেনাদের ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি তারা করবে না।




ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্রসচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব।

রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে এদিন ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সংশ্লিষ্টরা বলছেন, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন দুই পররাষ্ট্রসচিব। পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।




সিরিয়া শুধুই সিরীয়দের: এরদোয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রতিবেশী সিরিয়া ১৩ বছর ধরে যে শান্তি ও প্রশান্তি চেয়েছে তা যেন অর্জন করতে পারে সেই আশা ব্যক্ত করেছে তুরস্ক। শনিবার (৭ ডিসেম্বর) তুরস্কের একে পার্টি গাজিয়ানটেপের ৮তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে ভাষণে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্কের ‘এমনকি কোনও দেশের নুড়ির দিকেও’ নজর নেই এবং ‘সিরিয়া শুধুই সিরীয়দের’। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, সিরিয়ার ইদলিবে বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান হামলা সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করেছে।

তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে, যা আঙ্কারা উপেক্ষা করতে পারে না। কেননা, সংঘাতবিধ্বস্ত দেশটির সঙ্গে তাদের ৯১০ কিলোমিটার (৫৬৫ মাইল) সীমান্ত রয়েছে।




হোয়াটসঅ্যাপে টাইপিং ইন্ডিকেটর ও ‘লিস্টস’ ফিচার নিয়ে এলো মেটা

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়, এটি ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং কার্যকরী অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন দুটি ফিচার যুক্ত করেছে, যা চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

টাইপিং ইন্ডিকেটর ফিচার

নতুন ফিচার হিসেবে ‘টাইপিং ইন্ডিকেটর’ চালু করা হয়েছে। এটি ব্যবহারকারীদের টাইপ করার সময় তাদের কার্যকলাপ দেখাবে। সংবাদমাধ্যম এমএসএন জানায়, যখন কেউ টাইপ করতে শুরু করবেন, তখন ওয়ান-অন-ওয়ান চ্যাট কিংবা গ্রুপ চ্যাটে বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর একটি ‘বাবল’। এর পাশেই থাকবে ইউজারের প্রোফাইল ছবি, যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন।

আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই ফিচারটি কার্যকর করা হয়েছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী হবে। ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন গ্রুপে এই মুহূর্তে কারা সক্রিয় আছেন। এটি ‘রিয়েল টাইম’ ভাবনার আদান-প্রদানকে সহজ এবং কার্যকর করবে।

‘লিস্টস’ ফিচার

হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার নাম ‘লিস্টস’। এটি ব্যবহারকারীদের চ্যাট আলাদা ভাবে সাজাতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে চ্যাটগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করতে পারবেন, যেমন: পরিবার, অফিস, বা প্রতিবেশী।

যারা প্রতিদিন বহু গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট পরিচালনা করেন, তাদের জন্য এটি বেশ কার্যকর। প্রতিটি বিভাগ আলাদা স্পেস দেওয়ার ফলে চ্যাটিং অভিজ্ঞতা আরও সুসংহত হবে।

নতুন ফিচারের উদ্দেশ্য

মেটার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফিচার তৈরি করা। এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের চ্যাটিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।

আজ রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। আর সূচনা হলো একটি নতুন যুগের।

বাশার আল-আসাদের দেশ থেকে পালানো, তাঁর টানা দুই যুগের সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচটিএসের প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই বিদ্রোহী নেতার অতীত-বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তাঁর কার্যক্রমের একাল-সেকাল তুলে ধরেছে।

আবু মোহাম্মদ আল-জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল-শারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তাঁর বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তাঁর পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কের অদূরে বসতি স্থাপন করে।

দামেস্কে থাকাকালে জোলানি কী করতেন, তা জানা যায় না। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল-কায়েদায় যোগ দেন। এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তাঁর নাম ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। পাঁচ বছর আটক থাকেন।

গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল-আসাদ সহিংসতার পথ বেছে নেন। এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।




বিমান দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল-আসাদ?

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। দেশটির ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) রোববার এক বিবৃতিতে বলেছে, ‘‘রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত।’’ বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাশার-আল আসাদ। কিন্তু বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।




ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে কালাম সিদ্দিকী ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। মাঠে ক্রিকেটারদের কৃতজ্ঞতার সিজদাহ। উড়ল বাংলাদেশের পতাকা। ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের ইয়াং টাইগার্সরা। ফাইনালের মহারণে বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ভারত শেষ হলো ১৩৯ রানে।
আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্রক্ষণ। এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটাও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।

১৯৯ রানের ছোটো এক লক্ষ্য। কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বতসমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলারদের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।




কীর্তনখোলা নদীতে বল্লগেট -স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ থাকা তিনজনের লাশ উদ্ধার করেছে বরিশাল সদর নৌ পুলিশ।

নিহতরা হলেন: ১,মো. রাছেল আসিন (২৪), পটুয়াখালীর লোনেওয়াপাড়া (৮ নং ওয়ার্ড), কলাপাড়া এলাকার আজগর আলী হাং-এর ছেলে।

২,মো. আলামিন (২০), ভোলার উত্তর চর এলাকার বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।

৩,মো. ইমরান হোসেন ইমন (২৯), ভোলা সদর বনিয়া এলাকার মো. মাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরমোনাই বেলতলা খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বরিশাল সদর নৌ পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল সদর নৌ পুলিশের এসআই ওমর ফারুক জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো চরমোনাই বেলতলা খেয়াঘাট এলাকার বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

শনিবার রাতে বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চরমোনাই ঘাট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে স্পিডবোটটি দ্রুত ডুবে যায়।

দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া তিনজন নিখোঁজ ছিলেন, যাদের লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার জানান, সংঘর্ষের পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত ছিল। নদীতে ডুবে যাওয়া স্পিডবোট ও নিখোঁজ যাত্রীদের সন্ধানে স্থানীয় বাসিন্দারা সহায়তা করেন। এ ঘটনায় নৌ পুলিশ একটি মামলা দায়ের হয়েছে । দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।