গুগল ক্রোমে আসছে নতুন তথ্য যাচাই ফিচার

প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের জন্য তথ্য প্রয়োজন হয় এবং সেই তথ্য আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করি। তবে অনেকেই জানেন না, এসব তথ্য সত্য কি না। এবার গুগল ক্রোম ব্রাউজারে আসছে এমন একটি নতুন ফিচার যা তথ্য যাচাইয়ের কাজটিকে সহজ করে তুলবে।

এদিকে, গুগল ক্রোমে যুক্ত হতে চলেছে একটি নতুন ফিচার, যার নাম ‘স্টোর রিভিউস’। এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ওয়েবসাইটের তথ্যের সত্যতা যাচাই করবে এবং একটি সারাংশ তৈরি করবে। এরপর, ব্যবহারকারীরা যখন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সারাংশটি তাদেরকে প্রদর্শন করবে। এর ফলে তারা জানতে পারবেন ওয়েবসাইটের তথ্য কতটা সঠিক বা গ্রহণযোগ্য।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি চালু হলে, ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের সারাংশ থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, ইনস্টাগ্রাম স্টোরিজে সম্প্রতি এসেছে নতুন একটি ফিচার, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সহজ তথ্য শেয়ারিংয়ের সুযোগ তৈরি করবে।

ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বেশ কিছু অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগ করেছে। যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে, আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কয়েন ভাগ্য পাশে পেলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেন মেহেদী হাসান মিরাজরা। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে উইন্ডিজ পেসার মারকুইনো মিন্ডলের।

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ওইদিন ব্যাটিং অর্ডারের চারে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০১ বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং।

প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।




কুয়াকাটায় যুবদলের চার নেতা বহিষ্কার

পটুয়াখালীর কুয়াকাটায় নৈতিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এক দিনের ব্যবধানে চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সকালে বহিষ্কৃত নেতা ছিলেন কুয়াকাটা পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ২নং সদস্য মো. হাসান। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়।

একই দিনে সকালে আরও তিন নেতা—কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী, ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার, এবং যুবদল সদস্য মো. ইউসুফ ঘরামিকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত মো. হাসান বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন এবং এটি রাজনৈতিক চক্রান্ত। জেলা যুবদলের কাছে এর ব্যাখ্যা চাইবো।”

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, “দলীয় নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে জেলা যুবদল আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এটি তাদের সরাসরি সিদ্ধান্ত।”

পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লিখিত বক্তব্যে জানান, “নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শিপলু খান অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা যুবদল জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুদকের নতুন চেয়ারম্যান মোমেন, নিয়োগ পেয়েছেন দুই কমিশনারও

চন্দ্রদ্বীপ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবদুল মোমেনকে। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, নিয়োগ পাওয়া চেয়ারম্যান আবদুল মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর (খালেদা জিয়ার) সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

গত ২৯ অক্টোবর বিগত আওয়ামী সরকারের আজ্ঞাবহ মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশনের পতন হয়। ওইদিন দুদকের তৎকালীন চেয়ারম্যানসহ কমিশনার (তদন্ত) জহুরুল হক ও কমিশনার আছিয়া খাতুন (অনুসন্ধান) দুপুরে পদত্যাগ করেন। পরবর্তীকালে ৩১ অক্টোবর পদত্যাগপত্র গৃহীত হয়।




সিরিজ বাঁচানোর ম্যাচে রেকর্ড অক্ষত রাখার লড়াই বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: টানা জয়ের সুখস্মৃতি নিয়েই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটিং সহায়ক উইকেটে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারার মাশুল গুণতে হয়েছে ৫ উইকেটের হার দিয়ে।

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ওইদিন ব্যাটিং অর্ডারের চারে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংসটা খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০১ বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং।

তিন ম্যাচ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।




জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।




শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হ‌য়ে‌ছে। এ ছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।




১৭ বছর পর মেসিকে ছাড়া ফিফার বিশ্ব একাদশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লিওনেল মেসি কেন ফিফার বিশ্বসেরা একাদশের সংক্ষিপ্ত বিবেচনায় এলেন– সেটাই প্রশ্ন উগড়ে দিয়েছিল ফুটবল দুনিয়াতে। এই প্রশ্ন উঠেছিল আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। অবশ্য চূড়ান্ত একাদশে নেই দুজনের কেউই। তাতে দীর্ঘ ১৭ বছর পর লিওনেল মেসিকে ছাড়াই গঠিত হলো ফিফার বর্ষসেরা একাদশ। ২০০৬ সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা।

মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই আলোচনায় চলে এসেছিলেন। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। অবশ্য চূড়ান্ত একাদশটা শুধু ইউরোপ না, বলতে গেলে সীমাবদ্ধ হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মাঝে। ১১ জনের ১০ জনই এসেছেন এই দুই ক্লাব থেকে।

একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুস। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এদের মধ্যে এমবাপে অবশ্য শুরুর দিকটা পার করেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের মাঝে। ম্যানসিটির চারজন এডারসন মোয়ারেস, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ)
গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (নারী)
গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যান ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)

মিডফিল্ডার: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন), কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)

ফরোয়ার্ড: বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)।




বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা কমিটি গঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার নতুন আমীর হিসেবে সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইযুম এবং সেক্রেটারি হিসেবে মাওলানা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি গঠনকালে, উপজেলা মজলিসে শূরা সদস্য হিসেবে নির্বাচিত হন এমবি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক ফরুকী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আমিনুল ইসলাম, হাকিম মোঃ মহিব্বুল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন সহ আরও অনেকে। ২০২৫-২০২৬ কার্যকালের জন্য এই নতুন কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। এছাড়া, আজ রবিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী দলের অফিসে আনুষ্ঠিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

এর পাশাপাশি ১০ সদস্যের কর্মপরিষদও গঠন করা হয়েছে। নতুন কমিটি জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার বিভিন্ন কর্মকাণ্ডে আরও গতিশীলতার দিকে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকীতে উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগলকে আটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বসবাসরত ওই যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দুমকী উপজেলা পরিষদের কর্মচারীরা ডাক বাংলোর ভেতরে এক যুবক ও যুবতীকে বসবাস করতে দেখে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মাহমুদকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে ওই যুগলকে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, “ডাক বাংলোতে কেউ বসবাস করছে, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। কেয়ারটেকারকেও মোবাইলে পাচ্ছি না। বিষয়টি জেলা পরিষদে লিখিতভাবে জানানো হবে।”

পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. জিল্লুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে যাই। প্রক্টরিয়াল বডি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।” তবে পবিপ্রবি প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনে যোগাযোগযোগ্য না থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম