শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১১ ডিসেম্বর) শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চবলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রি
এ অবস্থায় বুধবার (১১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারেl

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী ৫ দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।




সিরিয়া সীমান্তে ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল: জাতিসংঘ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাশার আল-আসাদ সরকারের পতনে সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছে।

জেরুজালেমের দাবি, আসাদের শাসনের অবসানের পর ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনও হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার ভূখণ্ডের সীমান্তে ইসরাইলের অবস্থান সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে অবহিত করা এক চিঠিতে, জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতে হস্তক্ষেপ করছে না ইসরাইল। আমাদের কার্যক্রম শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষার জন্য।

ইসরাইল-সিরিয়া সীমান্তে ২৩৫ বর্গ-কিলোমিটারের বাফার জোনটি ১৯৭৪ সালে ইসরাইল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইয়োম কিপপুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে।

তবে ইসরাইল রোববার বলেছেন, আসাদ সরকারের পতনের সাথে, সিরিয়ায় শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা চুক্তিটিকে বাতিল বলে মনে করেছে। নেতানিয়াহু সীমান্ত পরিদর্শনের সময় বলেন, ৫০ বছর আগের চুক্তিটির পতন হয়েছে।

নেতানিয়াহু জানান, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে গিয়েছে। তাই তিনি বাফার জোন এবং কাছাকাছি কমান্ডিং অবস্থানগুলো দখল করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না।’

এদিকে সিরিয়া সীমান্তের অভ্যন্তরে ইসরাইলের সামরিক অবস্থান ও দখলের নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক এবং মিশর। বিপরীতে, ইসরাইলি নিরাপত্তা উদ্বেগের সাথে সহানুভূতিশীল হয়ে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে এসব হামলায় সমর্থন করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে শোষণ করা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরাইলের পক্ষে অগ্রহণযোগ্য বলে মনে করে দোহা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপের নিন্দা করেছে, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’

আর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরাইলের আরও সিরিয়ার ভূমি দখলের নিন্দা করে এবং বাফার জোনে আইডিএফের অবস্থানকে একটি নতুন বাস্তবতা প্রয়োগ করার প্রচেষ্টা হিসাবে দেখে। এছাড়া ইরান ইসরাইলের আগ্রাসী আচরণকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে।




সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দেবে তুরস্ক

চন্দ্রদ্বীপ ডেস্ক: শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সিরিয়ার সাথে সংযুক্ত তুরস্কের ইয়ালদাগি সীমান্ত গেট খুলে দেয়ার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোগান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ইয়ালদাগি সীমান্ত গেট খুলে দেয়া হবে।

এদিকে ৭ ডিসেম্বর তুরস্কের একে পার্টি গাজিয়ানটেপের ৮তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্কের ‘এমনকি কোনো দেশের নুড়ির দিকেও’ নজর নেই এবং ‘সিরিয়া শুধুই সিরীয়দের’।

এরদোয়ান বলেন, সিরিয়ার ইদলিবে বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান হামলা সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করেছে।

তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে, যা আঙ্কারা উপেক্ষা করতে পারে না। কেন না, সংঘাতবিধ্বস্ত দেশটির সাথে তাদের ৯১০ কিলোমিটার (৫৬৫ মাইল) সীমান্ত রয়েছে।




ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে, তা সঠিক হয়েছে। আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আশা করি তারা বাংলাদেশের রুল অব ল’র প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।

আন্তর্জাতিক এ আইন বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন শেষে রিকোয়েস্টের পর যদি ফেরত না পাঠানো হয় তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কি না তা বাংলাদেশ সরকার ঠিক করবে।

বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড থাকলে আসামিকে ফেরত দিতে চায় না– এ বিষয়ে টবি ক্যাডম্যান বলেন, বাংলাদেশের বাস্তবতাটা আলাদা, এ বিষয়টা ওই সব দেশকে বুঝতে হবে। আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন টবি ক্যাডম্যান।

এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে টবি ক্যাডম্যান লেখেন, ‘এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া বি ক্যাডম্যানের ভূমিকা হবে বলে পৃথক আরেকটি পোস্টে জানিয়েছে টবি ক্যাডম্যানের ল’ ফার্ম গার্নিকা ৩৭।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন টবি ক্যাডম্যান। গত ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই সাক্ষাৎ হয়েছিল।




সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল-বশির। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মাদ আল-বশির বলেছেন, ‘‘তিনি ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন।’’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সিরিয়ার তুলনামূলক কম পরিচিত এই বিদ্রোহী নেতার অতীতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট এক অঞ্চলের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ওই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

তিনি বলেছেন, ‘‘আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি। বৈঠকে ইদলিব ও এর আশপাশের মুক্তিকালীন সরকারের একটি দল এবং ক্ষমতাচ্যুত সরকারে কাজ করা সদস্যরা অংশ নিয়েছিলেন।’’

মোহাম্মদ আল-বশির বলেন, ‘অন্তর্বতীকালীন সরকারের কাছে ফাইল ও প্রতিষ্ঠান হস্তান্তর’ শিরোনামে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পেছনে দুটি পতাকা দেখা যায়।

এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধকালীন আসাদের বিরোধীদের ব্যবহার করা সবুজ, কালো এবং সাদা রঙের একটি পতাকা এবং কালো কালিতে কালিমা লেখা আরেকটি সাদা পতাকা ছিল। সাধারণত সুন্নি ইসলামপন্থী যোদ্ধারা সিরিয়ায় কালো কালিতে কালিমা লেখা সাদা পতাকা উড়ান।




সরকার বদলের পর ব্যাংকে কমছে কোটিপতি গ্রাহক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা প্রায় ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। গত সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে আর্থিক সংকটে পড়েছে দেশ। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে পড়ে ব্যাংকে টাকা জমানোর পরিমাণ কমেছে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যাও কমেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে— এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা তিন মাসে ১ হাজার ৬৫৭টি কমেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে ব্যাংকে টাকা জমানোর চেয়ে অনেকে আগের জমানো অর্থ ভেঙে খাচ্ছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সাবেক এমপি মন্ত্রী ও নেতাসহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের হিসাব নেওয়া শুরু হয়েছে। অনেকের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হয়েছে। ফলে বড় অঙ্কের আমানতকারীরা ভয়ে টাকা সরিয়ে ফেলছেন। এসব কারণে বিত্তশালী ও বড় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যা ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি। এসব হিসাবে জমা আছে ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা। জুন প্রান্তিকে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৫২৩টি এবং এসব হিসাবে জমা ছিল ১৮ লাখ ৩৮ হাজার ৮৩ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে হিসাবের সংখ্যা বাড়লেও টাকার অংকে আমানতের পরিমাণ কমেছে।




১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ক্যারিবীয়রা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে। মাঝে হোম ও অ্যাওয়ে মিলিয়ে চারটি সিরিজই নিজেদের দখলে নেয় টাইগাররা। এবার আর তরুণ নির্ভর বাংলাদেশ দল সেই দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য দিয়ে তারা ৭ উইকেটের হারে সিরিজও খুইয়েছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হলো স্বাগতিক শাই হোপের দলের। তারা মাত্র ৩৬.৫ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তাড়ায় সফল হয়েছে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং। আরেক ওপেনার এভিন লুইস ৪৯ ও কেসি কার্টি ৪৫ রান করেন। বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আফিফ হোসেন।

সিরিজের তিনটি ওয়ানডেই হচ্ছে সেন্ট কিটসের একই ভেন্যুতে। প্রথম ওয়ানডেতে যেখানে ২৯৪ রান করেছিল বাংলাদেশ, আজ তারা ২৩০–ও পেরোতে পারেনি। অবশ্য অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব রেকর্ডগড়া জুটি না বাধলে ততদূরও যাওয়া হতো না সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সঠিক কক্ষপথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে ১০৯ রান তোলেন। তবে দুজনই ফিরেছেন ব্যক্তিগত দুটি মাইলফলক অপূর্ণ রেখে। এর মাঝে অবশ্য সৌম্য সরকার ক্যাচ ছেড়ে লুইসের ইনিংস বড় করার সুযোগ করে দেন।




পবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবার, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মাদকাসক্তি সম্পর্কিত তথ্য যাচাই করা হবে, যা নতুন শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় দিন শুরু হয়। এ কার্যক্রমে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক গ্রহণের বিষয়ে পরীক্ষা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এই পরীক্ষায় সহায়তা করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বেলা ১২টার দিকে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান জানান, ভর্তি কার্যক্রম মোট সাতটি স্তরে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই, রেজিস্ট্রেশন প্রদান, ভর্তি ফি গ্রহণ, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই, হল সংযুক্তি প্রদান এবং হলের আসন বণ্টনের আবেদন গ্রহণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ডোপ টেস্টে চারটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে স্লিপিং পিল, মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা এবং আফিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্লিপিং পিল গ্রহণ করলে তা গ্রহণযোগ্য হবে, তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হলে তা কাউন্সেলিংয়ের জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

নতুন ভর্তি হওয়া কৃষি অনুষদের শিক্ষার্থী সাব্বির বলেন, “ভর্তি কার্যক্রমে কোনো ধরনের ভোগান্তি হয়নি, সবকিছু খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর কলাপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ১০৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মারুফ বিল্লাহ খান, সিপিপি কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং কলাপাড়া প্রেসক্লাব আহবায়ক মো. হুমায়ূন কবির প্রমুখ।

এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জেলেরা তাদের জীবিকার মানোন্নয়ন করতে পারবেন, অন্যদিকে স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নতিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর গলাচিপায় ট্রলার চালু করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে ট্রলার চালু দিতে গিয়ে গলার মাফলার মেশিনের হুইলে পেঁচিয়ে মিরাজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের আমির হাওলাদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজের মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ ও তার সহকর্মীরা উলানিয়া বাজারে বরফ নিতে একটি ট্রলার নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে বরফ নিয়ে মেশিন চালু করতে গেলে মিরাজের গলার মাফলার মেশিনের হুইলে পেঁচিয়ে গিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় লোকজন মিরাজকে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “মেশিন চালু দিতে গিয়ে মিরাজের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম