নতুন বুদ্ধিজীবীদের ১৫ টাকায় কেনা গেছে: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বলেছেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখার জন্যই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তিনি জানান, এর ফলস্বরূপ তৈরি হয়েছে নতুন বুদ্ধিজীবী শ্রেণি, যারা খুব অল্প টাকায় কেনা গেছে। “পনেরো টাকায় তাদের কেনা হয়েছে, এবং আরো অনেক বড় অঙ্ক দিয়েও তাদের কেনা হয়েছে,” মন্তব্য করেন তিনি। তবে তিনি এও বলেন, আসল বুদ্ধিজীবীদের শনাক্ত করতে পেরেছে খুব কম মানুষ। আসল বুদ্ধিজীবীরা ছিলেন সেই মানুষ, যাদের কথা শুনে সাধারণ মানুষের ভালো লাগা তৈরি হতো। এবং হয়তো এখনও দুই-একজন আছেন, যারা সেই মর্যাদায় আছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি।

এ সময় উপাচার্য আরো বলেন, “বরিশালের যে ইতিহাস, যে সংস্কৃতি এবং বরিশালবাসীর শিক্ষা তা পরীক্ষিত ও প্রমাণিত। এখানে আসার পর আমি যা দেখেছি, তাতে আমার বিশ্বাস দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়কে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। এখান থেকেই তৈরি হতে পারে নতুন বুদ্ধিজীবী, এমন মানুষ যারা শুধু বরিশালের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য কাজ করবে।”

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বছির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হক। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

চন্দ্রদ্বীপ ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। একইসঙ্গে জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন।‌

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে– গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে; যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ।

প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন।

কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে।

তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন।

প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান।

তারা বলেন, ‘আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন।’

প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন।

তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন।

কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টেরিম রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি।

কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।




আন্তর্জাতিক ক্রিকেটেও কি নিষিদ্ধ সাকিবের বোলিং?

সাকিব আল হাসানের দুঃসময় যেন থামছেই না। ক্রিকেটে একের পর এক নেতিবাচক খবরের মাঝে এবার যুক্ত হয়েছে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া। সাকিব এই খবরটি পেয়েছেন যুক্তরাষ্ট্র থেকে, যেখানে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়েছিল।

গতকাল বার্মিংহামের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পর জানানো হয় যে, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে বল করার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরীক্ষায় দেখা যায়, তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নিয়মবহির্ভূত।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে সাকিবকে আবারও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইসিবির এই নিষেধাজ্ঞা কি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রভাব ফেলবে? আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন, তবে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়। আইসিসির রেগুলেশন ১১.৩ অনুসারে, এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে সব জাতীয় ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও কার্যকর হয়ে থাকে। এর মানে, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার অংশগ্রহণও কঠিন হতে পারে। গত এক বছরে ব্যাটিংয়ে ধারহীন সাকিবের জন্য বোলিংই ছিল প্রধান অস্ত্র, যা এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

তবে ঘরোয়া লিগে সাকিব বোলিং করতে পারবেন। নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুসারে, জাতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে তার বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে।

এমনকি তার ভবিষ্যত এখনও অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষ টেস্ট খেলার পরিকল্পনা, বিপিএলে অংশগ্রহণ—সবই রাজনৈতিক জটিলতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। তার সাথে এবার যোগ হওয়া এই বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরও বেশি হুমকির মুখে ফেলতে পারে, এমন আশঙ্কা এখন ঘিরে রেখেছে সাকিবের ভবিষ্যতকে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অভিশংসিত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হয়েছেন |
আকস্মিক সামরিক আইন জারি ঘিরে সৃষ্ট অচলাবস্থার মাঝে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হয়েছেন। শনিবার দেশটির সংসদের বেশিরভাগ আইনপ্রণেতা প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।

এর আগে, গত ৩ ডিসেম্বর উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়া প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল এবং উদার সাংবিধানিক সুরক্ষার ঘোষণা দিয়ে হঠাৎ করে দেশজুড়ে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

যদিও বিরোধীদের তীব্র আপত্তি ও সংসদে ভোটাভুটির পর মাত্র ছয় ঘণ্টার মধ্যে সেই সামরিক আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলমান আছে।




পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপ-উপাচার্য ও ট্রেজারার পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



“স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার ‘শহীদ বাঘেরি’”

ইরানের নৌবাহিনী তাদের নতুন ড্রোনবাহী রণতরি, ‘শহীদ বাঘেরি’, সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। ম্যাক্সার স্যাটেলাইটের তোলা ছবিতে এই রণতরিটি ইরানের বন্দর আব্বাসের নৌবন্দরের কাছে অবস্থান করছিল।

এই ড্রোন ক্যারিয়ারটি বিশেষভাবে কনটেইনারবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে পরিবর্তিত করে তৈরি করা হয়েছে, যাতে এটি ড্রোন উড্ডয়ন ও অবতরণে সক্ষম হয়। দেখতে অনেকটা বিমানবাহী রণতরির মতো মনে হলেও, এটি একটি ছোট রানওয়ে এবং স্কি-জাম্প প্রযুক্তির সাহায্যে শুধুমাত্র ড্রোন ও হেলিকপ্টার পরিচালনা করতে সক্ষম।

প্রথমবারের মতো সি ট্রায়ালে অংশগ্রহণের জন্য ধারণা করা হচ্ছে, ‘শহীদ বাঘেরি’ গত নভেম্বরে ইরানের শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ থেকে বের হয়ে প্রথম পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে।

এছাড়া, ইরানের আরও দুটি ড্রোন ক্যারিয়ার ‘শহীদ মাহদাভি’ এবং ‘শহীদ রৌদাকি’ও স্যাটেলাইটে ধরা পড়েছে। এই দুইটি জাহাজও আগে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও পরে সামরিক কাজে রূপান্তরিত করা হয়েছে।

এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী তাদের ড্রোনগুলোকে যুদ্ধক্ষেত্রের কাছে আরও দ্রুত পৌঁছাতে সক্ষম হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার দীর্ঘ সময় পরেও, ইরান তার নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে, যা ইউরোপ এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বিশেষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ইরানের শাহেদ ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে কিরাত ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।

প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট এবং বিশ্ববিখ্যাত ক্বারী শাইখুল কুররা শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, যিনি মনোমুগ্ধকর কিরাত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

অ্যাডভোকেট মো. নাজমুল আহসান

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং ওয়েজীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

এছাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সাইদুর রহমান খান, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন এবং সেক্রেটারি মাহাদী হাসান নাহিদ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর কাওয়ালি পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী মাস্টার আবদুল্লাহ বিন ফয়েজ এবং হেভেন টিউন ব্যান্ডের গাজী আনাস রওশন। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে বাসের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পটুয়াখালীর মনোহরপুর গ্রামের জয়দেব শিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সে নৈশ প্রহরী ও অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর শিকদার কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দামেস্কের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইসরাইলি বাহিনী

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আছে ইসরাইলি বাহিনী। ইতোমধ্যে তারা দেশটির ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। সিরিয়ার এতটা ভেতরে ইসরাইল আগে কখনোই প্রবেশ করতে পারেনি। বাশার আল-আসাদ উৎখাত হওয়ার পর থেকেই সিরিয়ার বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরাইল। এর অংশ হিসেবেই তারা সিরিয়ার ভেতরে প্রবেশ করছে।

ইসরাইলি বাহিনীর ৬০৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন উরি আরমগ ইসরাইলি বাহিনীর সিরিয়ায় প্রবেশের ব্যাপারে বলেন, ‘আমরা গত বুধবার সাপ্তাহিতক ছুটির জন্য আল-হিয়াম ত্যাগ করি। শনিবার আমরা ডাক পেয়ে ওই দিন রাতের মধ্যেই পুরো কোম্পানি গোলান মালভূমিতে জড়ো হই। রোববারের মধ্যে আমরা সিরিয়ার মাটিতে চলে যাই।’




সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু ইয়াবাগুলো কারও কাছ থেকে পাওয়া যায়নি, তাই চালক শাহাদাত হোসেনের involvement এর বিষয়ে তদন্ত করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন বলেন, “আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। আমি এই ঘটনায় জড়িত নই।”

এ বিষয়ে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম