সিএসবি নিউজ ইউএসএ-তে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন এসএলটি তুহিন 

বরিশালের সুপরিচিত সাংবাদিক এসএলটি তুহিন সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএসবি নিউজ ইউএসএ-তে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করেছেন। এই পদে দায়িত্বগ্রহণের মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

পেশাগত জীবনে এসএলটি তুহিন বেশ কয়েকটি স্বনামধন্য টেলিভিশন এবং পত্রিকায় কর্মরত ছিলেন। দক্ষতা, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি সাংবাদিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি বার্তা২৪.কম এবং চন্দ্রদ্বীপ নিউজ-এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এবং ইংরেজি দৈনিক বাংলাদেশ আপডেট-এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বরিশালসহ আশপাশের অঞ্চলের সংবাদ সংগ্রহে তিনি বরাবরই সক্রিয় ছিলেন। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছেন।

সিএসবি নিউজ ইউএসএ-তে এই নিয়োগকে এসএলটি তুহিনের সাংবাদিকতা জীবনের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে তার নতুন এই দায়িত্ব অভিজ্ঞতা এবং দক্ষতাকে আরও প্রসারিত করবে বলে আশা করা যাচ্ছে। তিনি বরিশালের পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসএলটি তুহিন বলেছেন,“সিএসবি নিউজ ইউএসএ-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি নতুন এই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে চাই। সকলের সহযোগিতা পেলে এই যাত্রা সহজ হবে।”

তাঁর এই সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পাঠকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সিএসবি নিউজ ইউএসএ খুব শীঘ্রই আন্তর্জাতিক মিডিয়া হিসেবে স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। টেলিভিশনটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ৫১৪৩ ল্যাংস্টন ব্লvd, আর্লিংটন, ভার্জিনিয়া ২২২০৭-এ অবস্থিত। বিশ্বব্যাপী নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সংবাদ প্রচার করাই তাদের প্রধান লক্ষ্য।

আল আমিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিএনপির কনসার্টে সাংবাদিকদের মঞ্চ ভেঙে আহত কয়েকজন

বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত কনসার্টে সাংবাদিকদের জন্য নির্মিত মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। কনসার্ট চলাকালীন মঞ্চটি ভেঙে পড়লে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা আহত হন।

কনসার্টের শুরুর দিকে সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সংসদ ভবন চত্বর ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় পতাকা হাতে, মুখে আলপনা এঁকে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু, কিশোররা বিজয় দিবসের এ কনসার্টে অংশ নিতে আসেন।

কনসার্টে পারফর্ম করছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। জানা গেছে, মঞ্চে উঠবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ আরও অনেকে।

এদিকে কনসার্ট ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর রোড, আগারগাঁও, ফার্মগেট, পান্থপথ ও গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা বিজয়ের আনন্দ উদযাপন করছি।”

এর আগে কনসার্টের শুরুতে সংগীতশিল্পী ইথুন বাবু ও মৌসুমী মঞ্চে ওঠেন এবং গেয়ে শোনান ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার অভ্যাসে হতে পারে মারাত্মক ক্ষতি

আমাদের অনেকেরই বাইরে থাকলে প্রস্রাব চেপে রাখার প্রবণতা রয়েছে। নানা অজুহাতে এই অভ্যাস অব্যাহত রাখার ফলে শরীরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, প্রস্রাব করা মূলত কিডনি, মূত্রাশয় এবং স্নায়ুতন্ত্রের সমন্বিত একটি প্রক্রিয়া। কিডনি রক্ত থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ ফিল্টার করে প্রস্রাব তৈরি করে এবং তা ইউরেটারের মাধ্যমে মূত্রাশয়ে সংরক্ষণ হয়। একটি সুস্থ মূত্রাশয় গড়ে ৪০০-৬০০ মিলিলিটার প্রস্রাব ধারণ করতে পারে।

মূত্রাশয় পূর্ণ হয়ে গেলে তার দেয়ালের রিসেপ্টরগুলো মস্তিষ্কে সংকেত পাঠায়, ফলে প্রস্রাব করার তাগিদ অনুভূত হয়। তবে দীর্ঘ সময় চেপে রাখলে এ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং দেখা দেয় বিভিন্ন শারীরিক জটিলতা।

দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার ক্ষতি

১. মূত্রাশয়ের দুর্বলতা:
বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখলে মূত্রাশয়ের পেশীগুলো স্বাভাবিক ক্ষমতার বাইরে প্রসারিত হয়। এটি পেশীগুলিকে দুর্বল করে দিতে পারে, ফলে মূত্রাশয় পুরোপুরি খালি করা কঠিন হয়ে যায়।

২. সংক্রমণের ঝুঁকি (ইউটিআই):
দীর্ঘ সময় ধরে প্রস্রাব রাখলে মূত্রনালীতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, যা মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই-এর ঝুঁকি বাড়ায়। এতে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, শ্রোণীতে ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা দেয়।

৩. কিডনির ক্ষতি:
দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে তা কিডনিতে ফিরে যেতে পারে, যা সংক্রমণ বা কিডনির স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানে এ অবস্থা ভেসিকোরেটেরাল রিফ্লাক্স নামে পরিচিত।

বিশেষজ্ঞরা বলছেন, প্রস্রাব চেপে রাখার এই অভ্যাস ত্যাগ করা জরুরি। কিডনি ও মূত্রাশয় সুস্থ রাখতে সময়মতো প্রস্রাব করা উচিত। পাশাপাশি নিয়মিত পানি পান এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখার পরামর্শও দিয়েছেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। মেঘালয় থেকে ১২ কিমি দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কেঁপেছে ভারতও।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।




অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।




আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে দলটি।

আত্মপ্রকাশের পর দলটির নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদ বিলোপের দাবি পূরণ না হলে ২০২৫ সালে নতুন করে গণঅভ্যুত্থান করা হবে। দলের উদ্যোক্তারা জানিয়েছেন, জাতীয় বিপ্লবী পরিষদ চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল। তাই ফ্যাসিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলবে।

আত্মপ্রকাশের পর জুলাই গণহত্যায় শহীদ নাইমা আক্তারের মা আইনুন নাহার ও দলটির সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান নেতৃত্বে নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতা জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আক্তার, আবদুস সালাম, হাসান আরিফ, সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, ডা. জহিরুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, ইমাম সাদিক আদনান, জয়নাল আবেদিন, আহমেদ মোফাচ্ছের, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্যসচিব ফজলুর রহমান, সহকারী সদস্যসচিব ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্যসচিব মুহিব মুশফিক খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মেহেদি হাসান মাহি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।




বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় রায়হান, এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান।

তাদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র‍্যালির সময় সরকারি কলেজের সামনে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রথমে মিজানুর রহমান, হৃদয় রায়হান, ও রেদোয়ান আহত হন। পরে মিজানুর রহমান ও আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমির হোসেনের মাথা ফেটে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জনকে শোকজ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ব্যাখ্যা জানতে প্রশিক্ষণরত এই ২৫ এএসপিকে চিঠি দেওয়া হয়। সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন এই ২৫টি চিঠিতে স্বাক্ষর করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি
তিনি বলেন, সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস’র ২৫ জন এএসপিকে শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

ব্যাখ্যার চিঠিতে বলা হয়েছে, আপনি এএসপি (পুলিশ) ব্যাচের একজন প্রশিক্ষণার্থী হিসাবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছেন। গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরো কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন।

আপনাদের কারণে মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীর সঠিকভাবে দৌড়াতে পারছিলো না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্যান্য সহযোগীদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদেরকে শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

চিঠিতে আরো বলা হয়, এমতাবস্থায়, আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে আপনার লিখিত বক্তব্য নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।




রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আমন্ত্রণে বঙ্গভবনে যাওয়া অসঙ্গতিপূর্ণ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতা-কর্মী আজ বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না।

এতে আরও বলা হয়েছে, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে।




১৯৭১ সালে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, দাবি মোদির

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

এদিকে “বিজয় দিবসে” সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি দাবি করেছেন, ১৯৭১ সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ভারতের সেই ঐতিহাসিক জয়ে সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মানও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই।”

তার দাবি, “তাদের নিঃস্বার্থ নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।”

মোদি আরও বলেন, “এই দিনে তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

প্রসঙ্গত, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে।

ফ্যাসিবাদ ফিরে আসার ভয়ে গুম হওয়া ব্যক্তিরা মুখ খুলছে না

এ বছরের বিজয় দিবস মহা আনন্দের বলে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাত্র কয়েক মাস আগে পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থান।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য, গণতন্ত্রের জন্য, একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র-জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েক দিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে।

১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসন, ভিন্নমতাবলম্বীদের ওপর নিপীড়ন চালানোর জন্য ক্ষুব্ধ ছাত্র-জনতার রোষানলের মুখে পড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ বছর স্বৈরাচারী সরকার পতনের পর, বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করছে।