‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে রাহাত ফতেহ আলী খান, আয় হবে শহীদ ও আহতদের পরিবারে সহায়তার জন্য

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক এক বিশেষ কনসার্ট। এই আয়োজনটি শহীদ ও আহতদের পরিবারের সহায়তা প্রদান করবে। কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম, যেখানে পাকিস্তানের খ্যাতনামা সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান তার সুরের জাদু নিয়ে অংশ নেবেন।

এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে সেনাবাহিনী এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছে। কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ও রাখা হয়েছে। আয়কৃত অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে, যা শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করছে।

এদিন, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট ও কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতায় থাকবে না। এছাড়া, জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেটও দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে দেওয়া হবে, তবে সেখানে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে যানবাহন চলাচল করবে।

এই কনসার্টে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলা। র‍্যাপ শিল্পী শেজান ও হান্নানও তাদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের রঙ আরো বাড়াবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ব্যায়ামের আশ্চর্য প্রভাব

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে শুধু ধাঁধা সমাধান বা নতুন দক্ষতা শেখাই নয়, শারীরিক ব্যায়ামও অত্যন্ত কার্যকর। সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিহেভিওরাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মাঝারি থেকে জোরালো ব্যায়ামের ফলে ২৪ ঘণ্টা পর্যন্ত স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের শক্তি উন্নত হতে পারে।

ব্যায়াম করার সময় আমাদের হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত ​​প্রবাহিত হয়, যা অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। এটি মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং চিন্তার দক্ষতা উন্নত করে। গবেষণায় ৫০ থেকে ৮৩ বছর বয়সী ৭৬ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়, যারা দ্রুত হাঁটা বা নাচের মতো মাঝারি থেকে জোরালো শারীরিক কার্যক্রমে অংশ নেন। পরীক্ষায় দেখা যায়, ব্যায়ামের পরদিন তাদের স্মৃতি পরীক্ষার স্কোর ছিল উন্নত।

কীভাবে ব্যায়াম মস্তিষ্ককে সুপারচার্জ করে:

১. রক্ত ​​প্রবাহ বৃদ্ধি:
ব্যায়ামের ফলে মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ বাড়ে, যা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে।

২. ফিল-গুড কেমিক্যালের নিঃসরণ:
ব্যায়ামের সময় মস্তিষ্ক ডোপামিন এবং নোরপাইনফ্রাইন নামক রাসায়নিক নিঃসরণ করে, যা মনোযোগ ধরে রাখতে, মেজাজ উন্নত করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

৩. ভালো ঘুমের সহায়ক:
গভীর ঘুমের মান উন্নত করতে ব্যায়াম সাহায্য করে। গভীর ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি প্রক্রিয়া করে এবং নিজেকে পুনর্গঠিত করে।

৪. স্মৃতিশক্তি উন্নত:
গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ ক্ষমতা বাড়ায়। যারা নিয়মিত শারীরিক কার্যক্রমে অংশ নেন, তাদের স্মৃতিশক্তি তুলনামূলকভাবে উন্নত।

মস্তিষ্ক এবং শরীর উভয়ের সুস্থতা বজায় রাখতে ব্যায়াম অপরিহার্য। আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগ করুন এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে তুলুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর মির্জাগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার কাকড়া বুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের ‘আশা’ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ আয়োজন করা হয়।

ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আমিনুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষার সুপারভাইজার মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার পাল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আশা গাবুয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ্ সেন্টার ইনচার্জ মোহাম্মদ আলি, মো. আলতাফ হোসেন এবং মো. মোসলেম মাস্টার।

ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা রোগীদের যত্নসহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র বিতরণ করা হয়।

এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে স্থানীয় শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।




শেখ হাসিনাকে ফেরাতে বরগুনায় গোপন শপথ, ভিডিও ভাইরাল

মহান বিজয় দিবসে বরগুনার একটি অজ্ঞাত স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও জামায়াত-বিএনপিকে উৎখাতের শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে যা দেখা গেছে:
প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কিছুসংখ্যক নেতাকর্মী গোপনে একত্রিত হয়ে বেলুন উড়ানো ও শপথ পাঠ করছেন। তাদের হাতে একটি ব্যানার ছিল, যেখানে লেখা—“শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো।”

ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা জঙ্গি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে প্রাণ উৎসর্গের শপথ নিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বিঘ্ন স্বদেশ প্রত্যাবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভিডিওতে শপথ পাঠে বলা হয় “গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। সৃষ্টিকর্তার নামে আমরা শপথ করছি যে, জঙ্গি জামায়াত ও বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে গরীব, দুঃখী, মেহনতি মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিব। নেত্রীর নির্দেশে প্রয়োজনে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে জীবন উৎসর্গ করব। জয় বাংলা।”

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম জানিয়েছেন, “বরগুনার বিভিন্ন স্থানে গোপনে এটি আয়োজন করা হয়েছে। ভিডিওতে তিন-চারজনকে বেলুন উড়াতে দেখা গেছে। তবে কোন স্থানে এটি অনুষ্ঠিত হয়েছে, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটির তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ একে গোপন কর্মসূচি হিসেবে চিহ্নিত করেছেন, আবার কেউ ঘটনাটির গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী নিহত

বরিশালের বানারীপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক রাকিব হোসেন (২৮) গুরুতর আহত হন।

সুশান্ত রায় বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে।

সোমবার দুপুরে স্বরূপকাঠির কুনিয়ারী এলাকা থেকে ইজিবাইকযোগে বানারীপাড়ায় ফেরার পথে মাছরং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে সুশান্ত রায়সহ ইজিবাইক চালক গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সুশান্ত রায়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার পারিবারিক শ্মশানে সুশান্ত রায়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

সভাটি পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জামাল হোসেন। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর মোঃ আবুল বাশার খান, প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান।

কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং মোঃ মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ, সোহেল রানা, ফিয়াদুল হাসান এবং বায়জিদ আহমেদ।

সভায় প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর পরিকল্পনা ও নেতৃত্ব মুক্তিবাহিনীকে সাহস জুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রতিটি বিজয়ে তাঁর ভূমিকা অনন্য।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাময়িক বন্ধ

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট নতুন বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন স্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহ মনি জিকো জানান, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

জানা গেছে, পায়রার ধানখালী এলাকায় নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। জানুয়ারি মাসে এটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রের সুইচিং স্টেশনের সঞ্চালন লাইন স্থাপন কাজের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ করা হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার শাহ মনি জিকো বলেন, “৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ করা হয়। এরপর সঞ্চালন লাইন স্থাপনের নির্দেশে প্রথম ইউনিটের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে উৎপাদন পুনরায় শুরু হবে।”

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, “আমাদের সুইচিং স্টেশনসহ প্রয়োজনীয় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।”

পটুয়াখালীর এই বিদ্যুৎ প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আলোচিত ৪০০ কোটি টাকার মালিক ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

যদিও আলোচিত জাহাঙ্গীর ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদক উপপরিচালক রাশেদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে আটটি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা/ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন।

অনুসন্ধানে আরও দেখা যায়, মো. জাহাঙ্গীর আলম এসব অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামে ও তায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন। তার আটটি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা এবং ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলিত হয়েছে। যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে।

অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তিনি তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন। যার মধ্যে মো. জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রি এরেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু ২০২৪ সালের (প্রথম ৫ মাসে) ৮৩ দিনে মোট ১৭৮ কোটি টাকা জমা এবং ১৭৮ কোটি ৯৩ টাকা উত্তোলন/ফান্ড ট্রান্সফার করেন।

অপর একটি মামলায় আসামি করা হয় মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারকে। তিনি নিজ নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।’

এ ঘটনায় আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে, রাজধানী মিরপুরে বাড়িসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বছরে সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার আয়ের কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া স্ত্রীর নামে ব্যাংকে সোয়া ১ কোটি টাকা, তার নিজের নামে আড়াই কোটি টাকা থাকার কথাও উল্লেখ করেন। বিভিন্ন কোম্পানিতে তার অংশীদারিত্ব থাকার তথ্য উঠে আসে।




তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী অবৈধ : হাইকোর্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে তাতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি। যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। রায়ে হাইকোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এ রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল।

রায়ে আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত। রায়ে আদালত আরও বলেছেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এর মধ্যে জাতির পিতার স্বীকৃতির বিষয়, ২৬ মার্চের ভাষণের বিষয়গুলো রয়েছে।

গণভোটের বিষয়ে রায়ে হাইকোর্ট বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়, যেটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অংশ ছিল। এটি ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো।

হাইকোর্টের রায়ে ৭ ক,৭ খ এবং ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। ৭ ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ এবং ৭ খ সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য করার কথা বলা ছিল। এদিকে ৪৪ অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ বিষয়ে বলা আছে। ৪৪ (২) অনুচ্ছেদ বলছে, এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সব বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে।

এদিন সকাল ১০টা ৫২ মিনিটে রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব পৌনে দুই ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। চার আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার নিশাত মাহমুদ, ইন্টারভেনর হিসেবে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, সেন্টার ফর ল’ গভর্নেন্স ও পলিসির পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

এর আগে গত ৫ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

দীর্ঘ ২৩ কার্য দিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন।

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। এরপর ইনসানিয়াত বিপ্লব, গণফোরাম, চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন।

গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্যদের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়। এছাড়া বেশকিছু বিষয়ে সংশোধনী আনা হয়।




যুক্তরাষ্ট্রে স্কুলে দুর্বৃত্তদের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রাজধানী ম্যাডিসন-এ একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যের পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, হঠাৎই এক বন্দুকধারী স্কুলে গুলি চালায়।

ম্যাডিসন পুলিশের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, “আমরা একাধিক হতাহতের খবর পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” স্কুল সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানান,
“নিহতদের মধ্যে বন্দুকধারীও থাকতে পারে। হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” নিরাপত্তার স্বার্থে স্কুল ও আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পেছনের কারণ এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম