ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।




গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযানে ২৬টি কচ্ছপসহ এক নারী আটক হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক তাপসী রাণী (৪০) রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা। তিনি কচ্ছপগুলো খুলনায় পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বন বিভাগের সূত্রে জানা গেছে, তাপসী রাণী একটি বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যেগুলো সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী তাপসী রাণীকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

অভিযানের নেতৃত্ব দেওয়া বন বিভাগের কর্মকর্তা মো. নাঈম হোসেন খান জানান, তাপসী রাণী দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া কচ্ছপগুলো নিরাপদে রামনাবাদ নদীতে অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষিত প্রজাতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভোলায় বাবা-ছেলে আটক, উদ্ধার ১টি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্র

ভোলার কোড়ালিয়া গ্রামে কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটকরা হলেন, আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫), যাঁরা কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড সূত্র জানায়, আটক আলমগীর ও রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে ভূমিদস্যুতা এবং এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার কথাও উঠে এসেছে।

কোস্টগার্ড তাদের আটক করার পর, অনুসন্ধান চালিয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মাধ্যমে এ অঞ্চলে চলমান অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রাজধানী থেকে নিখোঁজ দুই বোন পটুয়াখালীতে উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ দুই বোনকে পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর ওয়ার্ড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

গত ১৪ ডিসেম্বর ঢাকার কদমতলী এলাকা থেকে নিখোঁজ হন দুই বোন। জানা যায়, অপহরণের শিকার হয়েছিলেন তারা। এ ঘটনায় র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দশমিনা থেকে তাদের উদ্ধার করে এবং স্থানীয় থানায় হস্তান্তর করে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিখোঁজ দুই বোন জাপানি বাজার এলাকায় তাদের নানি ও খালাকে এগিয়ে দিতে গিয়েছিলেন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তাদের বাবা কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং যৌথ অভিযানের মাধ্যমে দুই বোনকে উদ্ধার করে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত দুই বোন বর্তমানে নিরাপদে আছেন। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদনে দীর্ঘসূত্রিতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) প্ল্যান অনুমোদন বন্ধ থাকা এবং এতে সৃষ্ট হয়রানি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বরিশাল এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস ও বরিশাল নাগরিক অধিকার আন্দোলন এর আয়োজনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে বসিক কর্তৃক প্ল্যান অনুমোদন প্রক্রিয়ার স্থবিরতা, হয়রানি এবং সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নে উদাসীনতার তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুত বরিশাল ইমারত বিধিমালা ২০২০ পুনর্বহালের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ আবু ছালেহ, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, শ্রমিক সংগঠন থেকে মোঃ আলাউদ্দিন মোল্লা ও মোঃ সোহেল রানা, ব্যবসায়ী ও প্রোপার্টি ডেভেলপারদের মধ্যে মোঃ নাছির উদ্দিন ও মোঃ মিজানুর রহমান ভূইয়া।

মানববন্ধনে বিভিন্ন পেশার প্রতিনিধির উপস্থিতি বরিশালের নাগরিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর প্রায় এক যুগ পর দেশে আসছেন।

বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।

জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে l
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।




সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু বাংলাদেশের। দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।

কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় দুই দলের লড়াই শুরু হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সাত রানের নাটকীয় জয় তুলে নেয়। তাই দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় মাঠের আচরণ সম্পর্কেও অবগত লিটন-মেহেদিরা।




পটুয়াখালীতে জেলা জজের ড্রাইভার পরিচয়ে জমি দখল, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে জেলা জজের ড্রাইভার পরিচয়ে জমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুস সোবাহান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আব্দুস সোবাহান জানান, সোনালী ব্যাংক থেকে ক্যাশ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর পটুয়াখালী পৌরসভায় ২০ লাখ টাকায় ৫ শতাংশ জমি কেনেন। সেখানে বাড়ি নির্মাণ করতে গেলে অজ্ঞাত ব্যক্তিরা বাধা দেয়। পরে স্থানীয় থানায় অভিযোগ করা হলেও, মো. জলিল রাঢ়ী, যিনি নিজেকে জেলা জজ আদালতের স্পেশাল জজের ড্রাইভার হিসেবে পরিচয় দেন, পুলিশ কর্মকর্তাদেরও হুমকি দিয়ে পিছু হটিয়ে দেন।

তিনি অভিযোগ করেন, জলিল রাঢ়ী আপোষের নামে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে প্রাণনাশের হুমকিতে পড়ে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়েও সমস্যা সমাধান হয়নি। টিনের ঘর এবং সীমানা প্রাচীর নির্মাণের পর আবারও ১০ লাখ টাকা দাবি করেন জলিল। জমি দখল করতে গিয়ে তিনি প্রাচীর ভেঙে টিন, লোহার গেট, সিমেন্ট ও ইট লুট করে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে আব্দুস সোবাহান আরও জানান, জমি দখল রোধে থানায় অভিযোগ করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। জলিল রাঢ়ী ও তাঁর দলবল দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

অন্যদিকে, জলিল রাঢ়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি জমিটি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করেন এবং কোনো সুনির্দিষ্ট তথ্য না দিয়ে ফোন কেটে দেন।

ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জলিল রাঢ়ীর দখলবাজি থেকে রক্ষা এবং ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মেসি-রদ্রিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

চন্দ্রদ্বীপ ডেস্ক: এই তো মাস দেড়েক আগের কথা, কি তুলকালামই না ঘটেছিল ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কার নিয়ে। যেখানে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ফ্রান্স সাময়িকীর এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ। এবার ‘ফিফা দ্য বেস্ট’ জেতার লড়াইয়েও ছিলেন এই দুই তারকা। তবে এবার আর কোনো হতাশার গল্প নয়, রদ্রি ও লিওনেল মেসিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ উঠল ভিনির হাতে।

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার দিবাগত রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।




সিরিয়ায় এক গণকবরেই লাখো মরদেহের সন্ধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরেই অন্তত এক লাখ মরদেহের সন্ধান পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্স এই তথ্য জানিয়েছে।

সোমবার দামেস্ক থেকে টেলিফোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন, দামেস্কের বাইরের ওই গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সাবেক সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে।

তিনি বলেন, রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরের আল কুতায়ফাহ এলাকায় গণকবরটি অবস্থিত। ওই এলাকায় গত কয়েক বছরে তিনি আরও একই ধরনের অন্তত পাঁচটি গণকবর শনাক্ত করেছেন বলে জানিয়েছেন।