বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুমাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন আমাদের বিজিবির সঙ্গে তাদের কথা বলার অবস্থা নেই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারবো না, আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।




গ্রেপ্তারের সতর্কবার্তা, পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘এখানে এলে গ্রেপ্তার হতে পারেন’— এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
শনিবার রিজেকপসপলিটাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে, যদি তিনি (নেতানিয়াহু) পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার; কারণ, আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।”

“আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না।”

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি, তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের অনেক দেশ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে সাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু কোনো কর্মকর্তা এ ইস্যুতে কথা বলতে রাজি হননি।

সূত্র : আরটি, টাইমস অব ইসরায়েল




পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্যের চাঁদাবাজি, আটক ২

পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজারের তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) এবং তার সহযোগী মো. সেলিম সরদার (২৫)।

জানা গেছে, রোববার সকালে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশটির আকাশপথে ইরানের সামরিক কিংবা বেসামরিক কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে।

সিরিয়ার কার্যত নতুন নেতা আহমেদ আল-শারআ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের আঞ্চলিক প্রভাব প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে অনেকটা কমে গেছে।
শারআ সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ হায়াত আল-তাহরির শামের (এইচটিএস) প্রধান। তাঁর নেতৃত্বেই চলতি মাসের শুরুর দিকে এক আকস্মিক হামলায় দ্রুততম সময়ের মধ্যে আসাদ সরকারের পতন ঘটে।

আশারাক আল-আওসাতকে দেওয়া সাক্ষাৎকারে শারআ বলেন- সিরিয়ার বিদ্রোহীরা ইরানের আঞ্চলিক প্রকল্পকে ৪০ বছর পিছিয়ে দিয়েছে। এটি ইরানের প্রতি সিরিয়ার অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।




যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও।

আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। রোববার (২২ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে।




নিজেদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত : জয়শঙ্কর

চন্দ্রদ্বীপ ডেস্ক: নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় এবং বিশ্বের জন্য যা ভালো মনে হয়, তা করতে দ্বিধা করবে না ভারত। শনিবার (২১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সময় ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেয়ার কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেয়ার সুযোগ দেবে না।

তার ভাষ্য, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরোনো সমস্যা এখনো রয়ে গিয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।




সন্দেহজনক ১৩ ব্যাংকের তথ্য তলব ডলা‌রের দাম বে‌ড়ে ১২৯ টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আসন্ন রমজানকে কেন্দ্র করে বাড়‌ছে পণ‌্য আমদানি। অন‌্যদি‌কে আগের ব‌কেয়া এলসি বিল পরিশোধ বে‌ড়ে‌ছে। একইস‌ঙ্গে বি‌দে‌শে ভ্রমণও বে‌ড়ে গে‌ছে। ফ‌লে যে হা‌রে ডলা‌রের চাহিদা সৃষ্টি হয়েছে সেই হা‌রে যোগান তুলনামূলক কম।

অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো ১২০ টাকা ঘোষিত ডলারের চে‌য়ে ৮ থে‌কে ৯ টাকা বে‌শি দরে রেমিট্যান্স কিনছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে খোলাবাজারেও। এর সুযোগ নিয়েছে কিছু অসাধু চক্র।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, ব‌্যাংকগু‌লো ডলার সংক‌টে রেমিট্যান্স কিনেছে স‌র্বোচ্চ ১২৮ টাকায়। যেখা‌নে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর ১২০ টাকা। আর কার্ব মা‌র্কেটে বা খোলাবাজা‌রে মা‌র্কিন ডলা‌রের দাম বে‌ড়ে ১২৯ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহ আগেও ছিল যা ছিল ১২৩ থে‌কে ১২৪ টাকা।




শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ইতোমধ্যে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

রোববার প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বাসসকে বলেন, প্রসিকিউশন আবেদন করেছে। পরবর্তী অগ্রগতির বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় গত ১৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই অপরাধের বিচার কাজ চলছে।

সূত্র : বাসস




কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় চোর আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে গরু চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (২২ ডিসেম্বর) নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাদল হাওলাদারের গোয়ালঘর থেকে রাতের আঁধারে একটি গরু চুরি করে আমতলী বাজারে বিক্রি করতে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে চোরকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয়রা কলাপাড়া থানা পুলিশকে খবর দিলে চোরকে থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত চোরের নাম আলাউদ্দিন, তার বাড়ি মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। আলাউদ্দিন জানান, তিনি শনিবার সকাল থেকেই দৌলতপুর এলাকায় ছিলেন এবং রাতে গরু চুরি করে আমতলী বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে স্থানীয়দের হাতে ধরা পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, নীলগঞ্জ ইউনিয়নে প্রায়ই চুরি, ডাকাতি, এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এই ধরনের অপরাধে সাধারণ মানুষ আতঙ্কিত। তারা চুরি, ডাকাতি এবং ছিনতাই বন্ধে প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “আমরা নীলগঞ্জ ইউনিয়নে আগেই একটি মিটিং করেছি এবং স্থানীয়দের বলেছি, যেকোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে স্থানীয়রা চোরকে আটক করে পুলিশকে খবর দিবে। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয়রা চোরকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 




স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন ড. নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নাসিমুল গনি। এর আগে তিনি রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. নাসিমুল গনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, যিনি ১৯৮২ ব্যাচের মধ্যে অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত। এই ব্যাচের ১৪২ জন কর্মকর্তার মধ্যে তার মেধা তালিকায় ছিল ৬ষ্ঠ স্থান।

ড. নাসিমুল গনি ১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে তার চাকরিজীবন শুরু করেন। চার বছর রাঙ্গামাটিতে চাকরি করার পর তাকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে একাডেমির উপপরিচালক এবং যুগ্মপরিচালক পদেও দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পান।

১৯৯১ সালে ভূমি মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। ১৯৯৫ সালে তাকে বাংলাদেশ দূতাবাস, বাগদাদে প্রথম সচিব (শ্রম) হিসেবে নিযুক্ত করা হয়। এক বছর পর দেশে ফিরে তিনি ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হন।

ড. নাসিমুল গনি ২০০১ সালে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জামালপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর স্পীকারের একান্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০6 সালে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এবং রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ পান। ২০০৯ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

২০২৪ সালের আগস্ট মাসে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

ড. নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। তিনি ১৯৭৩ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম