বাউফলে বিরোধপূর্ণ জমির ধান ও মাছ লুট, ফিল্মি স্টাইলে অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে সোমবার ভোরে জমি ও মাছ লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাবিবুর রহমান খানের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে একই গ্রামের আলমগীর সিকদার গংয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার, আলমগীর সিকদার গং প্রায় সাড়ে ৩ একর জমির ধান লুট করে নেয়। একই সময়ে তানজিলার মালিকানাধীন মৎস্য ঘের থেকে কয়েকশ মণ মাছ চুরি করে নেয় তারা। অভিযোগ আছে যে, মাছ চুরির পর, চিহ্ন মুছে ফেলতে ভেকু মেশিন দিয়ে ঘেরের মাটি ভেঙে ফেলা হয়।

ঘটনার পর তানজিলা আক্তার স্থানীয় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু ধান জব্দ করে। ভুক্তভোগী তানজিলা আক্তার বলেন, “এটা ছিল সিনেমার স্টাইলে লুটপাট। দলবল নিয়ে আমার জমি ও মাছ লুট করে নিয়ে যায়। আমার রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঢুকে লুটপাট করেছে। আমি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ জানাই।”

অপরদিকে, আলমগীর সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছু ঘটেনি। বরং তানজিলা গং জোরপূর্বক আমার জমি দখল করে রেখেছে।”

এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, বড়দিন উৎসবকে ঘিরে রাজধানীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশের স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, আগামীকাল ২৫ ডিসেম্বর (বুধবার), খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা কুয়াকাটায় টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচিত কমিটি

সভাপতি: কাজী সাঈদ (আরটিভি)

সাধারণ সম্পাদক: মিজানুর রহমান (এশিয়ান টিভি)

সহ-সভাপতি: হোসাইন আমির (বিজয় টিভি)

সহ-সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি)

অর্থ সম্পাদক: মনির হাওলাদার (বাংলা টিভি)

দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি)

নির্বাহী সদস্য: আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), মনিরুল ইসলাম (জিটিভি), নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি), জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন), শহিদুল ইসলাম (কলকাতা টিভি)।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য

সভাপতি কাজী সাঈদ তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরার জন্য কাজ করবো।”

সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “সাংবাদিকতার মান উন্নয়নে এবং সংগঠনের সুনাম বৃদ্ধিতে সবাই মিলে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করলে আমরা কুয়াকাটাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো।”

নব-গঠিত এই কমিটি আগামী দুই বছর কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যক্রম পরিচালনা করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

প্রসিকিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিএম সুলতান মাহমুদ, এস এম মইনুল করিম, শাইখ মাহদী।




গাজায় একদিনে নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৩০০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।




দশমিনায় হত্যা মামলার আসামি সোহাগ মেম্বার গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানা–পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পার্শ্ববর্তী নেহাগঞ্জ চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যায় সোহাগসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে নুর ইসলামকে মারধর করে খালের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সোহাগ মেম্বার ছাড়াও আ. কাইয়ূম, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোসা. রুনু বেগম, মো. রিপনসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, গ্রেপ্তার সোহাগ মেম্বারকে থানায় আনা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’’




ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরাইলের ওপর তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে লেবানন-ভিত্তিক হিজবুল্লাহপন্থী সংবাদপত্র আল-আখবার।

একজন মিলিশিয়া নেতা আল-আখবারকে বলেছেন, গোষ্ঠীগুলো সিরিয়ার বিষয়ে জড়িত হওয়া এড়ানোর পাশাপাশি হামলা বন্ধ করতে ইরাকি সরকারের সাথে সম্মত হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে ইসরাইলে ড্রোন আক্রমণ চালিয়ে আসছিল মিলিশিয়ারা। ইরাকি ড্রোন গত অক্টোবরে গোলান মালভূমির সামরিক ঘাঁটিতে আঘাত করলে দুই সৈন্য নিহত ও ২৪ জন আহত হয়।

হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার এক সদস্য বলেন, ‘সশস্ত্র দলগুলো ইরাক সরকারের কথা মেনে চলে, বিশেষ করে সিরিয়ায় যা ঘটেছিল তার পরে। তাদের বাশার আল-আসাদের সরকার উৎখাতের চেয়ে খারাপ পরিস্থিতিতে টেনে আনার উদ্দেশ্য থাকতে পারে, যা হতে পারে আবার ইরাকে সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন।’

কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার আরেক মিলিশিয়া কর্মকর্তা যুক্তি দেন, ‘ইসরাইলের বিরুদ্ধে দলগুলোর কার্যক্রম লেবাননের হিজবুল্লাহর অপারেশনের সাথে যুক্ত ছিল এবং লেবাননে যুদ্ধবিরতি হলে ইরাকি দলগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
সূত্র : দ্য টাইমস অফ ইসরাইল




ঢাকায় আসছেন ইলন মাস্ক!

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলনমেলা। সম্মেলনে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকুন ইলন মাস্কের। দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার। এরইমধ্যে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন।

অতি সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় উঠে আসে তার নাম।

দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে হতে পারে কাঙ্ক্ষিত সেই বিনিয়োগ সম্মেলন। ৩ দিনের সূচি এবং অতিথি তালিকা প্রস্তাব করে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশে বা বিদেশের কোনো কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগেভাগেই বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে। তবে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি- এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করেই ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনটির প্রস্তুতি কর্ম এগিয়ে চলেছে। প্রস্তাবিত তারিখ কিংবা কাছাকাছি সময়েই সম্মেলনটি হবে বলে ধারণা মিলেছে।




সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাজেট-ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি-দাওয়া মেটাতে গিয়ে বেতন-ভাতা বাড়ানোর বিষয় আছে। মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট-ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি-দাওয়া মেটাতে গিয়ে বেতন-ভাতা বাড়ানোর বিষয় আছে। মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের (উন্নয়ন বাজেট) ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেটে কমালে জিডিপিতে প্রভাব পড়বে, তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই।

তিনি জানান, এবার মার্চ মাসে নয়; বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তাঁরা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান।