কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিভিন্ন খাবার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৭,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া।

অভিযানে আরাবেল্লা রেস্টুরেন্ট, বাবনা রেস্তোরা, পটুয়াখালী জয় হোটেল এন্ড রেস্তোরাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং খাবার ও পণ্যের মান বজায় রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খাবার ও পণ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া বলেন, “কুয়াকাটা পর্যটন এলাকায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে খাবার ও পণ্যের মান এবং মূল্য নির্ধারণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। পর্যটন মৌসুমে প্রতারণা রোধে এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রতিকার করবো।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা: নিউ ভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্কষণীয় ছাড়

দিন দিন জমে উঠছে রিহ্যাব আবাসন মেলা। আজ ছুটি হওয়ায় দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গন। মেলা সংশ্লিষ্টরা আশা করছেন শেষদিন শুক্রবার হওয়ায় ভীর আরও বাড়বে।

এদিকে, মেলায় ক্রেতা আকর্ষণের জন্য চমকপ্রদ ছাড় দিচ্ছে আবাসন কোম্পানিগুলো। মেলায় বুকিং দিলেই নিউভিশন ল্যান্ড মার্ক লিমিটেড দিচ্ছে ১৫ শতাংশ ছাড়।

প্লট, ফ্ল্যাট, নির্মাণ সামগ্রীর সরঞ্জামাদির বিভিন্ন অফার ও পরিচিতি নিয়ে স্টল সাজিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান।

মেলাতে দর্শনার্থীদের ৫০ টাকা করে টিকিট কাটতে হচ্ছে। অবশ্য টিকিট থেকে র্যাফেল ড্র এর ব্যবস্থা আছে। প্রতিদিনই থাকছে ফ্রিজ, টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার। রয়েছে সবার জন্য ফ্রি কফি, চমৎকার ভিডিওগ্রাফি ও ফ্রি স্বাস্থ্য পরীক্ষা।

লতিফুর রহমান, বিশেষ প্রতিনিধি, চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম




শৈত্যপ্রবাহ নিয়ে এলো নতুন তথ্য

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা না থাকলেও নতুন বছরের শুরু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মাসের বাকি সময়ে দেশের দু-একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাস, অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু-একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাস, অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ থেকে কুয়াশা পড়া শুরু করতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।




দিনে সম্পর্কোন্নয়নের জন্য বৈঠক, রাতে হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তানের একটি প্রতিনিধি দল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিভেদগুলো দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন।

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এবং দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

ছবিটির সঙ্গে সংযুক্ত বার্তায় মোহাম্মদ সাদিক বলেন, “আমরা আজ (আফগানিস্তানের) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছি। বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে আমাদের। বৈঠকে আমরা দুই দেশের সম্পর্কোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতে পথে নিয়ে যেতে ঐকমত্যে পৌঁছেছি।




আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত ১৫

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

চন্দ্রদ্বীপ ডেস্ক: আর্থিক খাতে ব্যাপক সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।

আর্থিক খাতে ব্যাপক সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

এস আলমের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন।




কারামুক্ত হয়ে যা বললেন সেই পি কে হালদার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দীর্ঘ আড়াই বছর ভারতের জেলে থাকা পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তম মিত্র ওরফে উত্তম কুমার মিস্ত্রি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কারাগার থেকে মুক্তি পান পি কে হালদার। এদিকে জামিনের সঠিক নথি না থাকায় মুক্তি পাননি আরেক অভিযুক্ত স্বপন মিত্র ওরফে স্বপনকুমার মিস্ত্রি।




আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩১ ডিসেম্বর। আর কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে এনবিআর।

এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।

বিধান অনুযায়ী বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর আয়কর ১৫ শতাংশের বদলে ১০ শতাংশ হয়।




কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় জমি দখল ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মো. ইউসুফ মহুরির বিরুদ্ধে। তার আপন ছোট ভাইয়ের ছেলেসহ প্রতিবেশী ৬টি পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। মঙ্গলবার কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য দেন শাহজাহান বিশ্বাস।

লিখিত বক্তব্যে বলা হয়, গাজী মো. ইউসুফ মহুরি দীর্ঘ ১৫ বছর ধরে জমি দখল, মামলা ও হয়রানির মাধ্যমে প্রতিবেশীদের জুলুম করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, ৫ আগস্টের পরে তিনি বরিশালে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে কিছু জমি উদ্ধার করা হলেও বরিশাল থেকে লোক পাঠিয়ে প্রতিবেশী হাবিব মৃধার প্রায় ৫০০ গাছ কেটে ফেলেন।

অভিযোগকারীরা জানান, ইউসুফ তাদের জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ২০১৬ সালে আগের মামলাগুলোর নিষ্পত্তি হলেও, ৫ আগস্টের পর নতুন করে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়াও, তাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

শাহজাহান বিশ্বাস অভিযোগ করেন, ইউসুফ তাদের বলেছেন, ‘শেখ হাসিনা এবার ক্ষমতায় এলে তোদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেব।’ এ হুমকি পরিবারগুলোকে আতঙ্কিত করেছে।

সংবাদ সম্মেলনে গাজী ইউসুফের আপন ভাই গাজী ইউনুসের পরিবারসহ মো. হোসেন বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, মোস্তফা ঘরামী, নুর নবী, শহীদ গাজী, কুলসুম, এবং হাবিব মৃধাসহ ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে গাজী মো. ইউসুফ বলেন, ‘দল ক্ষমতায় থাকাকালীন আমার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি। কারও জমি দখল করিনি। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ তবে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সেরা গ্যাজেট ২০২৪: নতুন প্রযুক্তির এক ঝলক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠছে। নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিনিয়ত আসছে আধুনিক সব গ্যাজেট। ২০২৪ সালে বাজার মাতানো কিছু উল্লেখযোগ্য ডিভাইস নিয়ে আজকের প্রতিবেদন।

আইফোন ১৬: আধুনিক প্রযুক্তির আরেক ধাপ

অ্যাপেল এবছর বাজারে এনেছে আইফোন ১৬-এর তিনটি মডেল—আইফোন ১৬, ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স।

আইফোন ১৬: সহজে ৬০ এফপিএসে ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষমতা এটিকে অনেকের পছন্দের তালিকায় তুলেছে।

আইফোন ১৬ প্রো: নতুন সি-টাইপ চার্জিং পোর্ট ও জুম সুইচের কারণে এটি প্রযুক্তি প্রেমীদের জন্য বিশেষ। ১২০ এফপিএসে ফোরকে ভিডিও রেকর্ডিং এর প্রধান বৈশিষ্ট্য।

আইফোন ১৬ প্রো ম্যাক্স: বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা প্রযুক্তির জন্য এই মডেলটি সেরা অভিজ্ঞতা দেয়।

স্যামসাং এস২৪ আলট্রা: অ্যান্ড্রয়েডের শীর্ষস্থানীয় ফোন

স্যামসাং এই মডেলটি প্রাইম গ্রাহকদের জন্য এনেছে, যা ক্যামেরা এবং ব্যাটারির দিক থেকে এককথায় অসাধারণ।

স্যামসাং গ্যালাক্সি এম১৫ প্রাইম এডিশন: মধ্যবিত্তের পছন্দ
বাজেট ফ্রেন্ডলি এই ফোনটি কম খরচে উন্নত ফিচার অফার করছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য এটি বিশেষ জনপ্রিয়।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট: সাশ্রয়ী অথচ স্টাইলিশ

ওয়ানপ্লাসের এই মডেলটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এনে দিয়েছে উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা। স্পেসিফিকেশন ও পারফরম্যান্সে এটি অন্যতম সেরা।

ইনস্ট্যাক্স মিনি লিংক ৩: পকেট প্রিন্টারের সহজ সমাধান
এই স্মার্টফোন প্রিন্টারটি দিয়ে মোবাইল থেকেই সরাসরি ছবি প্রিন্ট করা সম্ভব। যারা ভ্রমণপিপাসু, তাদের জন্য এটি এক অসাধারণ সঙ্গী।

রকো দ্য সুপার স্মার্ট ফ্রিজ: আধুনিক গৃহস্থালির সমাধান

রকোর স্মার্ট ফ্রিজটি মোবাইল দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণসহ একাধিক ফিচার নিয়ে এসেছে। এটি ঘরের অন্যান্য কাজ সহজ করতে সক্ষম।

স্যামসাং গ্যালাক্সি রিং: আধুনিক স্বাস্থ্যসচেতনা

ওয়াটারপ্রুফ এই রিং হার্ট রেট এবং স্লিপ মনিটরিং করতে সক্ষম। এটি স্বাস্থ্যসচেতনদের জন্য একটি কার্যকরী গ্যাজেট।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”