বিশ্লেষকদের মতে এটি ‘স্যাবোটাজ’, সুযোগ নিলো কারা?

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের দুই জায়গায় গতকাল মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ওই ভবনে থাকা ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব দপ্তর পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ এ আগুনের ঘটনার পর থেকে দেশজুড়ে আলোচনা-সমালোচনার পাশপাশি মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার মধ্যেই প্রশ্ন- সচিবালয়ের মতো জায়গায় কীভাবে এত বড় ঘটনা ঘটল? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল?
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাসহ দায়িত্বশীল কর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র-আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তির ছুড়ে দিয়ে বলেছেন- এটি পরিকল্পিত।
একই সুরে কথা বলছেন, ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও। তারা সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের ব্যর্থতা নিয়ে। ভেতরে সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এখানে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগিয়েছে বলেই মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা। অর্থাৎ তাদের দৃষ্টিতে এটি একটি ‘স্যাবোটাজ’ বা নাশকতা।








