নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঢেকে ব্যানার-ফেস্টুনে ভোট প্রচারণা

বরিশাল, ৩ নভেম্বর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল নগরী রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, পথচারী ও জনজীবনকে কার্যত প্রভাবিত করছে এই প্রচারণা।
সোমবার সকালে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুর, অশ্বিনী কুমার টাউন হল ও চৌমাথা লেক ঘুরে দেখা গেছে, স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের নজর এড়িয়ে বিভিন্ন দলের বিশাল ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
সদর রোডে বিবির পুকুরের উত্তর ও পশ্চিম পাশে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের বড় বড় ব্যানার চোখে পড়েছে। পথচারীরা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঢেকে যাওয়ায় দৈনন্দিন চলাচলে অসুবিধা হচ্ছে। তারা সিটি করপোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
একই চিত্র দেখা গেছে অশ্বিনী কুমার টাউন হলেও। টাউন হলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিশাল ব্যানার স্থানটি ঢেকে দিয়েছে। নগরীর চৌমাথা লেক, জেলখানার মোড়, জিলা স্কুল মোড়, নাজিরের পুল, আমতলা, নথুল্লাবাদ, সাগরদী ও রুপাতলীসহ অন্যান্য স্থানে ব্যানার প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে আছে।
সবচেয়ে বেশি নজর কেড়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের ছবিসম্বলিত ব্যানার। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসেন হেলাল, দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের ব্যানারও চোখে পড়ার মতো। তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







