হজ কোটা পূর্ণ হলো না, তিন বছর পরও সমাধান হয়নি সংকট

২০২৫ সালে হজে যাওয়ার জন্য নিবন্ধনের শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর), তবে শেষ দিনেও হজ কোটা পূর্ণ হয়নি। এ বছরও কোটা ফাঁকা রয়ে গেছে। মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের জন্য নির্ধারিত কোটা ছিল, যার বিপরীতে প্রাথমিক নিবন্ধন করেছে ৮৩ হাজার ৫৮৭ জন। তবে, সাড়া না পেয়ে তিন দফা সময়সীমা বাড়ানো হয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তবুও কোটা পূর্ণ হয়নি। গত তিন বছর ধরে এই সংকট চলতে থাকায় হজে জড়িত ব্যবসাগুলোতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হজ এজেন্সির মালিকরা।

২০২৩ এবং ২০২৪ সালে দেখা গেছে, কোটা পূর্ণ হওয়ার চেয়ে অনেক কম যাত্রী হজ পালন করেছেন। ২০২৩ সালে কোটা থেকে ৩ হাজার ৯৮০ জন এবং ২০২৪ সালে ৪১ হাজার ৯৪১ জন কম যাত্রী হজ পালন করেন, কিন্তু কোটা ছিল এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজ একটি পবিত্র ইবাদত হলেও, দিন দিন হজ ব্যবস্থাপনা কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। খরচের জন্য অনেকেই নফল উমরার দিকে ঝুঁকছেন, এবং বেসরকারি হজ এজেন্সিগুলোর কাছে নিবন্ধন না করায় তাদের ক্ষতি হয়েছে। এ বছরের হজ প্যাকেজের মূল্য তারতম্য এবং সৌদি কর্তৃপক্ষের নতুন নিয়মগুলির কারণে, হজ ব্যবস্থাপনা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

তবে, বেসরকারি হজ এজেন্সিগুলোর অভিযোগ, ধর্ম মন্ত্রণালয় ও তাদের মধ্যে দূরত্ব এবং সামনাসামনি আলাপ-আলোচনার অভাবের কারণে কোটা পূর্ণ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতি তৈরি হওয়ায় একদল বাণিজ্যিক মহল লাভবান হয়েছে, যারা হজকে একটি মৌসুমী ব্যবসা হিসেবে ব্যবহার করছে।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি অহিদুল আলম বলেন, “হজ একটি বড় ইবাদত, কিন্তু এর সঙ্গে ব্যবসায়িক নজর যুক্ত হয়েছে।” তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশে হজের খরচ কম হলেও, বাংলাদেশে তা অনেক বেশি। সৌদি আরবের ভাড়া, আবাসন এবং অন্যান্য খরচের কারণে বাংলাদেশের হজযাত্রীদের খরচ বেড়ে যাচ্ছে।

এছাড়া, সরকারিভাবে হজ প্যাকেজের খরচ প্রতিবারই বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে যেখানে খরচ ছিল তিন লাখ ৪৫ হাজার টাকা, সেখানে ২০২৫ সালে তা বেড়ে পাঁচ লাখ ৭৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। প্লেন ভাড়া এবং সৌদি সরকারের সেবার খরচের কারণে হজের খরচে ব্যাপক বৃদ্ধি ঘটেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর দুমকিতে উড়ো চিঠি মাধ্যমে বিএনপির নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের একাংশ।

শুক্রবার রাত ৯টায় প্রেস ক্লাব দুমকিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। তিনি বলেন, “গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ‘নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।”

তিনি আরও জানান, “চাঁদা দাবির অভিযোগে যাদের নাম প্রকাশিত হয়েছে, তারা সবাই জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত ত্যাগী কর্মী। এরা বিগত আওয়ামী দুঃশাসনে অত্যাচারিত ও নির্যাতিত, এবং রাজপথে টিকে থাকতে বারবার হামলার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা রয়েছে।”

সৈয়দ সাহাদাত হোসেন বলেন, “আমরা একটি চিঠি পেয়েছি, যেখানে কোনো আয়োজনকারী বা দাওয়াতকারী নাম উল্লেখ করা হয়নি। এই চিঠিটি কে বা কারা ছেপেছে, তা আমরা জানি না। তবে, পত্রিকায় যাদের নাম এসেছে, আমরা তাদের পক্ষে কথা বলছি, এবং তাদের বিরুদ্ধে এমন চাঁদা দাবি করার কোনো প্রমাণ নেই। এটা আমাদের দলের ঐক্যকে দুর্বল করার একটি ষড়যন্ত্র।”

তিনি জেলা বিএনপির প্রতি আহ্বান জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএফডিসি জাতীয়তাবাদী অ্যামপ্লেয়েজের সাধারণ সম্পাদক, দুমকি উপজেলা বিএনপির সদস্য জিএম সাহজাদা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার এবং শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মৃধা।

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করেছে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ রিপোর্ট জেলা বিএনপির কাছে পাঠিয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ১৯ পাকিস্তানি সেনা নিহত, আফগানিস্তানে ৩ বেসামরিক নিহত

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, এবং আফগানিস্তানে ৩ বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আফগানিস্তানের সীমান্তরক্ষীরা পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে অগ্নিসংযোগ করা হয়, এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান এলাকায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করা হয়।

এ ঘটনার পর পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় ৫১ জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে, এবং সীমান্তে প্রতিকূল পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ ঘটনার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হয়েছে।




বাউফলে চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ফেডারেশন এলাকায় এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাস জমি দখলকে কেন্দ্র করে কালইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন এবং একই ইউনিয়নের আরেক বিএনপি নেতা গিয়াসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তুহিনের দখলে থাকা জমি গিয়াসের সমর্থকরা দখল করতে গেলে তুহিনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গিয়াসের ৮-১০ জন সমর্থক আহত হন। গুরুতর আহত চারজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তুহিনের ওপর হামলা চালায় গিয়াসের সমর্থকরা। তুহিন গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে শুরু হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম

আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হবে। এমন ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হেয়ার রোডে তার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দাফতরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ থাকবে না। রোববার থেকেই নগর ভবনের শূন্য কক্ষগুলোতে মন্ত্রণালয়ের কাজ শুরু হবে। জনবান্ধব উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।”

তিনি আরও জানান, “বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের ষড়যন্ত্র ব্যর্থ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না।”

উপদেষ্টা আরও বলেন, “আগের চেয়ে আরও দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। জনস্বার্থে কাজের গতি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না

চন্দ্রদ্বীপ ডেস্ক: সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা’ শীর্ষক সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ।

কেউ যদি বলে আমরা সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কোনো নতুন ধারণা নয়। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। সেই কারণে আমরা যখন বলি, নির্বাচন তাড়াতাড়ি চায়, তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখা দেওয়া হয় যে, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম। আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাবো।




জুলাই গণহত্যার বিচার বিজয়ের আগেই সম্পন্ন হবে: আসিফ নজরুল

আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিচার সম্পন্ন করে বিজয় দিবসে তা উদযাপন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে আয়োজিত জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। সংলাপে শেখ হাসিনার আমলের গুম, খুন, এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে আলোচনা হয়।

ড. আসিফ নজরুল জানান, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ডসহ শেখ হাসিনা সরকারের সময়কালে ঘটে যাওয়া গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার করা হবে। তিনি বলেন, “আইন বিভাগ এই বিচার করবে। কোনো ধরনের গাফিলতি বা রাজনৈতিক প্রভাব এতে থাকবে না।”

প্রশ্ন তুললেন পালিয়ে যাওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে
তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে মন্ত্রী হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরসহ অনেকে দেশ ছেড়েছেন। এমনকি ৫১ জেলা থেকে গায়েবি মামলার তথ্য সংগ্রহ করে পিপিরাও পালিয়েছে। এসব বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে।”

আলোচনার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গত ১৬ বছরে দেশে ঘটা সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের গুমের মধ্য দিয়েই শেখ হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু হয়েছিল।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।‌

আজ (শনিবার) সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




গলাচিপায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু চাষ, লাভবান হওয়ার আশা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর, ইটাবাড়িয়া, কালিকাপুর ও বোলালিয়া গ্রাম দীর্ঘদিন ধরে আলু চাষের জন্য পরিচিত। এই এলাকায় প্রায় তিন হাজার কৃষক আলু চাষের সঙ্গে জড়িত। এ বছর তারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু আবাদ করেছেন এবং লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

গলাচিপা উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর ৩৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ৩৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। আরো এক সপ্তাহ চাষ চলবে বলে আশা করা হচ্ছে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

দক্ষিণ কালিকাপুর গ্রামের আলুচাষি নাসির উদ্দিন গাজী জানান, এক বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় ৩৩০ কেজি বীজ প্রয়োজন হয়, যা থেকে প্রায় তিন হাজার ৯৬০ কেজি আলু উৎপাদন হয়। ডায়মন্ড, এস্টারিক্স ও কার্ডিনাল এই অঞ্চলের জনপ্রিয় আলুর জাত। তবে, লেট ব্লাইট রোগ চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যা ঘন কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামার কারণে দেখা দেয়।

মিজানুর রহমান নামে আরেক কৃষক জানান, বছরের শুরুতে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে চারা বৃদ্ধিতে সমস্যা হয়েছিল। তবে এখন সব ঠিক থাকলে ৭৫ দিনের মধ্যে আলু বিক্রি করা সম্ভব হবে।

মুরাদনগর গ্রামের মিলন মিয়া বলেন, রোগবালাই থেকে রক্ষা পেলে ফসল ভালো হবে। বৈরী আবহাওয়ায় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।

গলাচিপার অতিরিক্ত কৃষি অফিসার মো. আক্রামুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে ম্যানকোজেব, মেটালেক্সিল ও ডাইমেথোমরফ গ্রুপের ছত্রাকনাশক ৭-১০ দিন পরপর স্প্রে করলে ফসল ভালো থাকবে। এ বছর বীজ ও সারের সংকট না থাকায় চাষিরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম