পটুয়াখালীতে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

২০২৫ সালের প্রথম দিনে পটুয়াখালী জেলার সকল প্রাথমিক স্কুলে ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে রশিদ কিশলয় এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিশুরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশুনা করার প্রত্যয় ব্যক্ত করে এবং নতুন বছরের শুরুতে নতুন উদ্দীপনা নিয়ে তাদের শিক্ষাজীবন শুরু করে।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিশুরা তাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে, সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২০২৫: গু*ম, খু*ন ও গণহ*ত্যার বিচারের বছর হিসেবে ঘোষণা : চিফ প্রসিকিউটরএ

২০২৫ সালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম, খুন এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচারের বছর হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার (০১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, ২০২৫ সাল হবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বিগত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগের সরকার গঠনের পর যে গুম, খুন এবং জুলাই-আগস্টের গণহত্যা সংঘটিত হয়েছে, সেই সমস্ত অপরাধের বিচার এই বছরে সম্পন্ন হবে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “প্রধান বিচারপতির সম্মতির পর বিচার কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে। বিশেষ করে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তও চলছে।”

তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ট্রাইব্যুনাল তার বিচারের কাজ চালিয়ে যাবে।

শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “নির্দিষ্ট তারিখ বা সময় বলা যাবে না। তবে এ বছর কাজ শেষ হবে। সেই লক্ষ্যে প্রসিকিউশন, তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে।”

এছাড়া, গত ৫ আগস্টের চানখারপুলে পাঁচজনকে হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার ও দুই বিচারপতির নেতৃত্বে শুনানি শেষে ১২ জানুয়ারি সুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

এ নিউজ লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটি সাতান্নটি লাইক, উনত্রিশটি কমেন্ট ও একটি শেয়ার হয়। এতে অনেকেই তার পক্ষে কমেন্ট করেন। আবার কেউ তার বিরুদ্ধে লেখেন।

আল মামুন নামে একজন লিখেছেন, ‌‘কিরে ভণ্ড হাজার হাজার নিরীহ মানুষদের জঙ্গি নাটক সাজিয়ে খুন করেছত। এই মুহূর্তে তোমাকে দেশে খুব প্রয়োজন।’

মো. রাজু পারভেজ মল্লিক নামে একজন লিখেছেন, ‌‘নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ভাই।’




একবছরে বিশ্ব ক্রিকেটে সেরা পারফর্মার যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সূর্য ডুবেছে ২০২৪ সালের। ২০২৫–এর নতুন ভোর হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। আরেকটি ব্যস্ততম সূচিতে ডুব দেওয়ার আগে বিগত এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের হালখাতায় নজর দেওয়া যাক। ওই সময়ে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন দুই চ্যাম্পিয়ন পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে ব্যাট-বলে বছরের সেরা পারফর্মার কারা, সেটি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

পুরুষ ক্রিকেটে ব্যাট হাতে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জো রুট। যেখানে তার সঙ্গে দারুণ লড়াই হয়েছে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ ছাড়া ওয়ানডেতে কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কান ব্যাটারদের আধিপত্য এবং টি-টোয়েন্টিতে সহযোগী দেশগুলোর ব্যাটাররাই তালিকায় সবার ওপরে। কারণ ওই সময়ে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ফরম্যাটটিতে খুব বেশি ম্যাচ খেলেনি।

একইভাবে বোলিং পারফরম্যান্সেও একক আধিপত্য নেই কারও। টেস্টে দাপুটে অবস্থান ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র। ওয়ানডেতে সমান উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কানাডার ডিলন হেইলিগারের। টি-টোয়েন্টি বোলিংয়ের তালিকায় শীর্ষ তিনে হাসারাঙ্গা থাকলেও, তার ওপরে হংকং ও সংযুক্ত আরব আমিরাতের বোলার।




রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।




বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে এই মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান।

প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো ই-টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা ‘আগে বিচার ও সংস্কার’

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ‘যারা হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে, তারা দেশও চালাতে পারবে। তরুণেরা পেরেছে, পারবে। স্বৈরাচারের দোসরদের জায়গা এ দেশে আর হবে না।’

তারা বলেছেন, ‘আওয়ামী লীগের বিচার ও দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে উঠে। মিছিল আর স্লোগানে উত্তাল ঢেউ খেলে। শহীদ মিনার এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যাচ্ছে। অনুষ্ঠান বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও শুরু হয় এক ঘণ্টা পর।

এক মিনিট নীরবতা পালন হয় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে। মঞ্চের দু’পাশে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য সংরক্ষিত জায়গা রাখা হয়।

মঞ্চ থেকে থেকে মাইকে স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। স্লোগান দেন ‘ক্ষমতা না জনতা? জনতা, জনতা; গোলামী না আজাদী? আজাদী, আজাদী; দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা; মুজিববাদ মুর্দাবাদ, মুজিবাদী সংবিধান থাকবে না রে থাকবে না; ২৪ এর বাংলায় মুজিবাদের ঠাঁই হবে না; জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ ইত্যাদি।

সমাবেশে আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হাতে জুলাই-আগস্টের স্মৃতি ধারণ করে প্ল্যাকার্ড, ব্যানার দেখা গেছে।




বিয়ের পিঁড়িতে অপু বিশ্বাস!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন ঢালিউড চিত্রনায়িকা l
উত্তরটি হচ্ছে হ্যাঁ, নববধূর সাজেই দেখা দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয়। মূলত একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন। এ জন্যই নববধূর সাজে সেজেছিলেন অপু বিশ্বাস।
সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয়। এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য।
এ বিজ্ঞাপনের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন। আর সেই সাজে মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে।

ঢালিউড ক্যুইনকে নববধূর সাজে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।

প্রসঙ্গত, ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন অপু বিশ্বাস। বিশেষ করে দাম্পত্যজীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।




দুই সচিবকে ওএসডি

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে, ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।

এদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।




আরও ৩ মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাংকগুলো

চন্দ্রদ্বীপ ডেস্ক: গ্যারান্টির আওতায় ধার পাওয়া দুর্বল ব্যাংকগুলো প্রথম ধাপের ঋণ শোধ করতে পারেনি। ফলে ধার শোধে ব্যাংকগুলোকে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে দুর্বল পাঁচটি ব্যাংকে সবল ব্যাংক থেকে ধার নিতে গ্যারান্টি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

এই ব্যাংকগুলো প্রথম ধাপে সবল ব্যাংক থেকে ৯০০ কোটি টাকার গ্যারান্টি পায়। শর্ত ছিল তিন মাসে এ ধার শোধ করতে হবে। তবে তিন মাস সময় পার হয়ে গেলেও ব্যাংকগুলো অর্থ পরিশোধ করতে পারেনি। ফলে ব্যাংকগুলোকে ঋণ শোধে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এমন একটি প্রস্তাবনা গভর্নরের কাছে উপস্থাপন করাও হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ প্রায় ডজনখানেক ব্যাংক থেকে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী নামে-বেনাম ঋণ বের করে নেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে নতুন গভর্নর হিসেবে যোগদান করে ড. আহসান এইচ মনুসর। এরপর ব্যাংকগুলোর আসল চিত্র বেরিয়ে আসে। ব্যাংকগুলোর পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে— এখন গ্রাহকের টাকাও দিতে পারছে না।

এমন পরিস্থিতি গত সেপ্টেম্বরে তারল্য সংকটে পড়া ব্যাকগুলোকে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তহবিল পেতে গ্যারান্টি পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই গ্যারান্টির মাধ্যমে সংকটে থাকা ব্যাংকগুলো ভালো ব্যাংক থেকে টাকা ধার নিতে পারে।