খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধানের

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়ে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। সাক্ষাতের সময়, বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সেনাপ্রধানকে স্বাগত জানান তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণীও।

সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেসবুকে ফেরত পেলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে সাতটার দিকে তার আইডি সচল হয়ে যায়। আইডি সচল হওয়ার পর তিনি ফেসবুকে একটি পোস্টও করেছেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি সহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি এখনো ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তারা এখনও জনপ্রিয় এই সামাজিক মাধ্যমে ফিরে আসতে পারেননি।

অপরদিকে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ফেসবুক আইডি সচল রয়েছে।

এর আগে, গত বুধবার বিকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি অনুপস্থিত ছিল। পরবর্তীতে জানা যায়, হ্যাকার গ্রুপ “ক্র্যাক প্লাটুন” শিবির নেতা সাদিক কায়েম, এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের আইডিতে সাইবার আক্রমণ চালিয়েছিল।

এছাড়া সাইবার হামলার আশঙ্কায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যরা তাদের আইডি ডিজেবল করে রেখেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত: ক্ষুব্ধ ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি

ভ্যাট বৃদ্ধি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ ৪-৫ মাসের মন্দা পরিস্থিতির পর যখন ব্যবসা স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই কর বৃদ্ধি সংক্রান্ত এই সিদ্ধান্ত দেশটির অর্থনৈতিক পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সুপারিশের ভিত্তিতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে। এছাড়া নন-এসি হোটেলের ভ্যাটও দ্বিগুণ করে ১৫ শতাংশ করা হতে পারে। এছাড়া বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক বৃদ্ধি প্রস্তাবিত হয়েছে, যা স্থানীয় ফ্লাইটে ৭০০ টাকা, সার্ক দেশে ১,০০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

এ পদক্ষেপের মাধ্যমে এনবিআর ৩০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, “এভাবে মানুষের ওপর করের বোঝা বাড়ানোর মানে হয় না। ছোট ব্যবসায়ীরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্ট্রাইকে চলে যাব এবং সবার সঙ্গে কথা বলব।”

অরুনিমা রিসোর্টের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ জানান, “এখনো পর্যটন খাত খুবই সংকটাপন্ন। যদি বিমান ভাড়াও বাড়ানো হয়, তাহলে এই খাতের ক্ষতি আরও বাড়বে।”

বিশেষজ্ঞরা মনে করেন, এই নতুন ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ফলে ভোক্তাদের ওপর আরও চাপ পড়বে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক অবস্থা আরও সংকটাপন্ন করতে পারে। সরকার যদি এসব পরিবর্তন বাস্তবায়ন করে, তাহলে আগামী দিনগুলোতে নিত্যপণ্যের দাম বাড়তে পারে, যার প্রভাব সরাসরি জনগণের ওপর পড়বে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে করণীয়

শীতকালে তীব্র ঠান্ডার কারণে হার্টের রোগীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েন। বিশেষজ্ঞদের মতে, শীতে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট ফেইলিউরের ঘটনা প্রায় ১৪-২০ শতাংশ বেড়ে যায়। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ বৃদ্ধি পায়, যা কার্ডিয়াক সমস্যার মূল কারণ।

হার্টের সমস্যা থাকা ব্যক্তিরা যেমন- বয়স্ক, করোনারি আর্টারি ডিজিজ, উচ্চ রক্তচাপ, ও ডায়াবেটিসে ভোগা মানুষদের শীতকালে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞরা খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যচর্চায় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।

রক্তচাপ নিয়ন্ত্রণ

শীতে রক্তনালি সংকুচিত হওয়ার কারণে রক্তচাপ বাড়তে পারে। তাই নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। নিজের সিদ্ধান্তে ওষুধের ডোজ পরিবর্তন করা উচিত নয়।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

শীতকালে অতিরিক্ত ক্ষুধার কারণে ভাজাপোড়া ও মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হয়। এটি কোলেস্টেরল বাড়ায় ও ওজন বৃদ্ধির কারণ হতে পারে। টাটকা ফল, বাদাম, সালাদ ও স্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা সঠিক থাকলে হার্টের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে ৩০ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে শীতের আগে কোলেস্টেরল ও ব্লাড সুগার পরীক্ষা করাতে হবে।

ধূমপান ও অ্যালকোহল পরিহার

ধূমপান ও অ্যালকোহল রক্তনালির সংকোচন বাড়িয়ে হার্টের সমস্যা তীব্র করে। এসবের বদলে গরম চা, স্যুপ বা কফি পান করুন।

শারীরিক কার্যকলাপ বাড়ানো

শীতকালে অলসতা ও ওজন বৃদ্ধি এড়াতে প্রতিদিন হালকা ব্যায়াম করুন। ঘরে ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানোর অভ্যাস গড়ে তুলুন।

শীতে ফুসফুস সংক্রমণ ও বুকের ঠান্ডা বেড়ে যায়। তাই আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখুন। নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সচেতন থাকুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালের শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। যৌন হয়রানির অভিযোগ এবং অনিয়ম-দুর্নীতির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

দশম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার জানান, প্রধান শিক্ষক হারুন রশিদ শিক্ষার্থীদের একাধিকবার যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। আদালতের আদেশে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাধা দেয় এবং বৃহস্পতিবার তার কার্যালয়ে তালা ঝুলিয়ে তাকে বিদায় করতে বাধ্য করে।

এক শিক্ষক জানান, বরখাস্ত থাকা অবস্থায় বিভাগীয় কমিশনার আপিল করে তার যোগদানে নিষেধাজ্ঞা দেন। এরপরেও তিনি শিক্ষাবোর্ডকে প্রভাবিত করে এবং বহিরাগতদের সাহায্যে বিদ্যালয়ে প্রবেশ করেন। এতে শিক্ষার্থীরা বাধা দিলে সংঘর্ষে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনের পর শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে তাদের কর্মসূচি শেষ হয়।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগ তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

প্রধান শিক্ষক হারুন রশিদের মোবাইল বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ে তালাবদ্ধ কার্যালয় ও শিক্ষকদের অনুপস্থিতির কারণে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে যে আদেশ জারি করা হয়েছিল, তা বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের জেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।

সংঘর্ষে প্রাণহানি ও উত্তেজনা সৃষ্টির পর ইজতেমা ময়দানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ প্রত্যাহার করা হলো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের জন্য এক বছর মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকির হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ এর প্রতিনিধি অধ্যাপক মো. গোলাম রহমান। গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার, ড. আতহার উদ্দিন মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক গণদাবীর সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ডেইলি স্টার এর প্রতিনিধি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি ও আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান বাবলু।

নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রেসক্লাবকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের জন্য একটি সমন্বিত পরিবেশ নিশ্চিত করা।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের আজীবন সদস্য এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী এবং কাজল বরণ দাসসহ অন্যান্য সদস্যরা।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




খসড়া ভোটার তালিকায় যুক্ত হলো ১৮ লাখ ৩৩ হাজার

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

নির্বাচন কমিশনার বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি।

ইসি জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।




লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।




বছরের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৩ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।