২০ শতাংশ অর্ডার বাতিল, বন্ধের ঝুঁকিতে শত পোশাক কারখানা

চন্দ্রদ্বীপ ডেস্ক: করেছে বিদেশি ক্রেতারা। শ্রমিক অসন্তোষে এখনও আস্থা পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, আশুলিয়া এলাকার কারখানাগুলো নিয়ে আস্থা কম তাদের। বিজিএমইএ ও বিকেএমইয়ের হিসাবে, পরিস্থিতির উন্নতি না হলে আগামী ৬ মাসে সারাদেশে প্রায় ১০০ কারখানা বন্ধ হবে।

সাভার ও আশুলিয়ায় ছোট-বড় পোশাক কারখানার সংখ্যা ৪৫০টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো। বন্ধ হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ-এর তালিকাভুক্ত প্রায় ২০০ কারখানা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আশুলিয়া এলাকার শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্র্যান্ড ও বায়াররা এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক, সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে।’

ব্যবসায়ীরা বলছেন, ৬ মাসের অস্থিরতার ধকল আগামী বছরের জুন পর্যন্ত বইতে হবে। পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী ৬ মাসে আরও ১০০ কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

মোহাম্মদ হাতেম বলেন, ‘তারা হয়ত চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে। না হলে তারা হয়ত পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী ১ বছরে আরও শ খানেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি।’

শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, ‘শতভাগ ফ্যাক্টরি সচল রাখতে পারলেই কিন্তু আমরা ব্যাংকের ঋণ শোধ বা কর্মীদের বেতন চালু রাখতে পারব। কিন্তু এখন যদি আমার ২০ ভাগ ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালাতে হয় তাহলে যেটা হবে আমি তো আর্থিকভাবে সবল হবো না।’

যদিও অর্থনীতিবিদেরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে। ফলে তারাও বাংলাদেশের ওপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ভিয়েতনাম বলি কম্বোডিয়া বলি, কারও এত বড় সাপ্লাই বেজ নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়ত কিছু অর্ডার এদিক সেদিক হতে পারে।’




কাকরাইল মসজিদ থেকে ইজতেমার তারিখ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীরা।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। তার কার্যক্রম চলমান আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় তিনি বর্তমান সরকারের নীরবতাকে দোষারোপ করে বলেন, ফ্যাসিবাদী প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত। এ ছাড়াও ২০১৮ সালের ঘটনার যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে ২০২৪ এর পুনরাবৃত্তি হতো না।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিলসহ সাদপন্থিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয়। আগামী ২৫ জানুয়ারি ওলেমা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।




বাংলাদেশের বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ উন্নতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম।যেখানে গলে বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪০ তম।

বিশ্বে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচার করে দেখা যায় গত বছরের তুলনায় সামরিক শক্তিতে বাংলাদেশের শক্তি ৩ ধাপ উন্নতি করেছে।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম।




শৈত্যপ্রবাহ কেটেছে, রাত-দিনের তাপমাত্রা বাড়বে ২ ডিগ্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক: : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটেছে। রাত ও দিনের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

শনিবার (৪ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছবোঝাই পিকআপের ধাক্কায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ হাওলাদার নীলগঞ্জ গ্রামের বাসিন্দা এবং মৃত তাহের হাওলাদারের ছেলে। তিনি কলাপাড়ার সত্তার মুদির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক মাহবুব জানান, ইউসুফ প্রতিদিনের মতো বাইসাইকেলযোগে বাসা থেকে পৌর শহরের উদ্দেশ্যে রওনা হন। মহিপুর থেকে ছেড়ে আসা একটি মাছবোঝাই পিকআপ নীলগঞ্জ টোলপ্লাজার কাছে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে। মরদেহ শেরে বাংলা মেডিকেলে রয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বড় বাইশদা ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বড় বাইশদা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক জাবের আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লিটন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব শিবলু হাওলাদার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি ও বড় বাইশদা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বাচ্চু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার, রুলেল খান, মজিবর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে কলাপাড়া-রাঙ্গাবালী আসনে ধানের শীষ প্রতীকে এবিএম মোশারফ হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাকিবদের দেখে আফ্রিদি বুঝেছেন, রাজনীতিতে আসা যাবে না

উপমহাদেশে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে প্রবেশের ঘটনা নতুন নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান যেমন দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, তেমনি বাংলাদেশেও মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। তবে এসব ক্রিকেটারের রাজনীতিতে প্রবেশের পরিণতি অনেক সময়ই সুখকর হয়নি।

সম্প্রতি বিপিএলের ১১তম আসরে চিটাগং কিংসের মেন্টর হিসেবে যুক্ত হন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। একদিন তামিম ইকবালের হোটেলে গিয়ে তিনি তার জামাতা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের সঙ্গে সময় কাটান। সেখানে তামিম আফ্রিদিকে প্রশ্ন করেন, ‘শহীদ ভাই, আপনি কি রাজনীতিতে আসবেন?’ জবাবে আফ্রিদি হাস্যরসের মাধ্যমে বলেন, ‘তোমাদের অবস্থা দেখে আর ইচ্ছে নেই।’ এর মাধ্যমে তিনি মাশরাফি ও সাকিবের রাজনীতিতে আসার পরের পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন।

সাকিব দেশে ফিরতে পারছেন না এবং তার ক্যারিয়ার এক রকম শেষ হয়ে গেছে, অপরদিকে মাশরাফি নানা সমস্যায় জর্জরিত হয়ে এক প্রকার আত্মগোপনে চলে গেছেন। আফ্রিদি এসব দেখে বুঝতে পেরেছেন যে, রাজনীতিতে আসা তার জন্য উপযুক্ত নয়।

এছাড়া, আফ্রিদি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উদাহরণও দিয়েছেন, যিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার পর রাজনীতিতে এসে বর্তমানে দেশটির কারাগারে রয়েছেন। এই পরিণতি কেউই চান না, এবং আফ্রিদিও নিশ্চিতভাবেই রাজনীতিতে পা রাখতে চান না।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’

চন্দ্রদ্বীপ ডেস্ক: চট্টগ্রাম আদালত এলাকায় গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আইনজীবীদের অভিযোগ, ওই দিন নির্বিকার ছিল পুলিশ। শুধু তা-ই নয়, অনুরোধ করার পরও আদালত এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়নি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আদালত যেহেতু কোতোয়ালি থানা এলাকায়, এ কারণে নিরাপত্তার দায়িত্ব বর্তায় ওই থানা পুলিশের কাঁধে।

আইনজীবীরা জানান, গুরুত্বপূর্ণ আসামিদের বিচারিক প্রক্রিয়ার শুনানিতে বিপুল আইনজীবী অংশ নেন। এ ছাড়া আদালত পাড়ায় বিশৃঙ্খলা এড়াতে আসামিকে আদালতে তোলার আগে বিচারকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন কোতোয়ালি থানার ওসি। পরে সকাল কিংবা বিকেলে আসামিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, প্রভাবশালী আসামিদের আদালতে হাজির করার আগে বিভিন্ন সতর্কতা ব্যবস্থা নেয় পুলিশ। কিন্তু আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দিন আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’।




ইসরায়েলি হামলায় হারান নিজ পা, সুস্থ হয়েই ফিরলেন অন্যদের চিকিৎসায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: দখলদার ইসরায়েলের বর্বর হামলায় নিজের পা হারিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক খালেদ আল-সাঈদি। তবে এতেও দমে যাননি তিনি। সুস্থ হয়ে কৃত্রিম পা নিয়ে অন্যদের চিকিৎসা সেবায় নেমে পড়েছেন তিনিl

শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে এই চিকিৎসক বলেন, “আমি গত ২৩ বছর মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের শিশু বিভাগে কাজ করেছি। আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আহত হই। আগে থেকেই আমার ডায়াবেটিস ছিল, আমার ক্ষতস্থানটি এতটাই মারাত্মক অবস্থায় চলে যায় যে, আমার পা কেটে ফেলতে হয়।”

পা কাটার ছয় মাস পর তিনি আবারও শিশু বিভাগের জরুরি বিভাগে ফিরেছেন। তিনি বলেন, “চিকিৎসা সেবায় ফিরতে পারা আমার জন্য আরেকটি মাইলস্টোন। যদিও আমি আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারি না।”




তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।