২০২৪ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে

বাংলাদেশে ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে, যা নভেম্বর মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ডিসেম্বরে কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যদিও নভেম্বর মাসে এটি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

শহর ও গ্রামীণ উভয় এলাকায় মূল্যস্ফীতির হার ডিসেম্বরে কমেছে। গ্রামীণ এলাকায় ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ১১ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ। গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। অ-খাদ্য মূল্যস্ফীতি গ্রামীণ এলাকায় ডিসেম্বরে ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে, নভেম্বর মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

শহরাঞ্চলে ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৪ শতাংশ ছিল, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরে ১৩ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার শহরাঞ্চলে ডিসেম্বরে ৯ দশমিক ১৭ শতাংশ ছিল, নভেম্বর মাসে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

জাতীয় পর্যায়ে ডিসেম্বরে সাধারণ মজুরি হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




ইরানে হামলা চালালে এবার যুদ্ধ শুরু হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে ফের হামলা চালালে কী পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস। খবর ইরান ইন্টারন্যাশনালের।

চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রার যুদ্ধ শুরু হবে।

এদিকে গত ৩ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ ও মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মুলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

তবে এরইমধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।




হেলসের সেঞ্চুরি, ছক্কার রেকর্ডে বিধ্বস্ত সিলেট

বিপিএলের ইতিহাসে রেকর্ড ছক্কার ম্যাচে অ্যালেক্স হেলসের বিস্ফোরক সেঞ্চুরিতে উড়ে গেল সিলেট স্ট্রাইকার্স। সোমবার সিলেটে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে চলতি আসরে টানা চতুর্থ জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:

সিলেটের সংগ্রহ: ২০৫/৭

রংপুরের জবাব: ২০৬/২ (১৮.৩ ওভার)

উজ্জ্বল পারফর্মার:

অ্যালেক্স হেলস: ১১৩* (৫৬ বল, ১০ চার, ৭ ছক্কা)

সাইফ হাসান: ৮০ (৪৯ বল, ৩ চার, ৭ ছক্কা)

তানজিম হাসান সাকিব (সিলেট): ২৩ রানে ২ উইকেট

 

ছক্কার রেকর্ড:

ম্যাচে মোট পড়েছে ৩১টি ছক্কা, যা বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের দুই ম্যাচে পড়েছিল ২৯টি ছক্কা।

প্রথম ইনিংস:

টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে রনি তালুকদার (৫৪) ও জাকির হাসান (৫০) হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে অ্যারন জোনস ১৯ বলে ৩৮ রান ও জাকের আলী ৫ বলে ২০ রানে রানের গতি বাড়ান।

রংপুরের দাপট:

প্রথম ওভারে ওপেনার আজিজুল হাকিম ডাক মেরে ফিরলেও হেলস ও সাইফের ১৮৬ রানের জুটিই ম্যাচ শেষ করে দেয়। সাইফ আউট হলেও হেলস সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ে রংপুর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উদ্বোধনের পর বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে অশ্বিনী কুমার হলে শেষ হয়।

বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ইমারত শ্রমিকদের জন্য ছয় দফা দাবি বাস্তবায়ন অতীব জরুরি। সরকারকে এসব দাবি পূরণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলন চলবে।”

৬ দফা দাবিগুলো:

1. নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্তি।

2. শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা।

3. ছিন্নমূল শ্রমিকদের বাসস্থানের নিশ্চয়তা।

4. শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি খরচে শিক্ষার ব্যবস্থা।

5. শ্রমিকদের সরকারি খরচে চিকিৎসার সুবিধা।

6. শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন।

 

এ আয়োজন শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার দাবি পুনরায় উত্থাপন করে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে।

সোমবার (৬ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আজকে সন্ধ্যায় সাড়ে ৭টায় খালেদা জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।

লন্ডন বিমান বন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ড. জোয়াবেদা রহমান এবং লন্ডন বিএনপির ২ জন নেতা। আর ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি যাবেন।

ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক নামে একটি পুরানো হাসপাতাল আছে, সেখানে ম্যাডামকে ভর্তি করানো হবে এবং চিকিৎসা চলবে। এই হাসপাতালে ম্যাডামের পরীক্ষা-নীরিক্ষা হবে। তাদের পরামর্শে ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ ও রিভিউ পর খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কি ধরনের হবে তা বলা যাবে বলেও জানান ডা. জাহিদ।

খালেদা জিয়া তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসী বিভিন্ন সময় দোয়া করেছেন, সে জন্য তিনি সবারপ্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, আগামীতে যাতে চিকিৎসা নিয়ে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন তারজন্য ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনিও দেশবাসীর জন্য দোয়া করছেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ম্যাডামের যে বয়স এবং তাতে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে, সেখানে (লন্ডন ক্লিনিকে) এই সুবিধা আছে। সুতরাং তারাই সিদ্ধান্ত নেবে ম্যাডামের পরবর্তী চিকিৎসার বিষয়ে। তাই এই বিষয়ে এখন আমরা ভাষাভাষা কথা বলছি। কারণ আমরা জানি না কালকে সফরটা কেমন হবে।

খালেদা জিয়াকে লন্ডনের যে হাসপাতালে নেওয়া হচ্ছে সেটি সবচেয়ে পুরানো, বিশ্বস্ত এবং আধুনিক সুবিধা সম্বলিত মাল্টিডিসিপ্লিনারি সেন্টার। সেখানে তাদের সব ধরনের ব্যবস্থা রয়েছে।

লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যদি খালেদা জিয়ার আমেরিকার চিকিৎসার সুপারিশ করে কিংবা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে যদি এমন কোনো চিকিৎসা না থাকে, যেটা ম্যাডামের প্রয়োজন তখন বিষয়টি আসবে বলে উল্লেখ করে ডা. জাহিদ।




অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ করা যাবে না।” তিনি পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে তাদের ইমেজ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “নিয়োগ, বদলি এবং পদোন্নতি বর্তমানে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি ও সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ডিবির নির্ধারিত পোশাক ছাড়া কেউ গ্রেফতার করবে না। প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

পরিদর্শনের সময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪.২৩ শতাংশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত বছরের তুলনায় এ অর্থ বছরের প্রথম তিন মাসে মোট দেশজ উপাদানের (জিডিপি) প্রবৃদ্ধি কমেছে ৪.২৩ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।

বিবিএস জানায়, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ০৪ l
এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৩ মাসে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ০ দশমিক ১৬ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ০ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। সেবা খাতে গত তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ৫ দশমিক ০৭ শতাংশ।




যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১৫ মাস ধরে চলা এই অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও হয়ে উঠেছে বেশ জোরালো। এমন অবস্থায় ৩৪ বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।




গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানায় নাম উল্লেখিতদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছে। যারা গুম করতেন, তাদের পুরস্কৃত করা হতো। র‌্যাব, ডিবি, সিটিটিসি, এবং ডিজিএফআই-এর মতো সংস্থাগুলো এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত।”

এই গ্রেফতারি পরোয়ানা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি করেছে। পরবর্তী সময়ে এ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয় তা সবার নজর কেড়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৮ জন নিহত এবং আরও ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।