টুকু জামিল: টিম পটুয়াখালীর প্রতিষ্ঠাতা এবং ম্যারাথন কিংবদন্তি

টুকু জামিলের মৃত্যুবার্ষিকী আজ, ৭ জানুয়ারি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ২০২২ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গার মেরিন ড্রাইভে ২১.১ কিলোমিটার চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষে ‘ফিনিশ লাইন’ পার করে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত পতেঙ্গা নেভি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টুকু জামিল ম্যারাথন দুনিয়ায় এক অপ্রতিদ্বন্দ্বী নাম। ২০১৮ সাল থেকে ৩০টি ট্রেইল আলট্রা, হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথনে অংশ নেন। ২০২০ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন “টিম পটুয়াখালী”। এ ব্যানারে দেশের প্রতিভাবান ও কম সুবিধাপ্রাপ্ত রানারদের নিয়ে দেশের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে পটুয়াখালী জেলার পরিচিতি ছড়িয়ে দেন। তার অসাধারণ দৌড় প্রতিভা ও সংগঠন ক্ষমতা তাকে ‘রেইস অ্যাম্বাসেডর’ হিসেবে প্রতিষ্ঠিত করে।

জীবনের শেষ ম্যারাথনে অংশগ্রহণকালে টুকু জামিল ফিনিশ লাইনে পৌঁছে পায়ের মোজায় রাখা “পটুয়াখালী” ব্যানারটি সবার সামনে তুলে ধরেন। এ সময় তার মুখে ছিল এক অনবদ্য হাসি, যা তার জেলা প্রেমের এক অনন্য নজির হয়ে থাকবে।

টুকু জামিল ছিলেন পটুয়াখালীর বিশিষ্ট ব্যক্তিত্বদের সন্তান। তার পিতা ছিলেন এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়া এবং মাতা হোসনে আরা বেগম। ১৯৯৩ সালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনার সময় তিনি ছাত্রদলের হয়ে এজিএস নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পর ১৯৯৮ সালে বাংলাদেশ এয়ার ফোর্সে যোগ দেন। প্রশিক্ষণের শেষ মুহূর্তে ২০০১ সালে রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।

টুকু জামিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর পটুয়াখালী গোরস্থান রোডস্থ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার বড় ভাই মো. জাকির হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক, সকলকে দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।




লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল

চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে আজ (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ-সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।

জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিতথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তিনি ভিআইপি প্রটোকল পাবেন।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিপিএলে আজ আছে দুই ম্যাচ। বিগ ব্যাশে একটি ম্যাচ।

বিপিএল
রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি

সিলেট স্ট্রাইকার্স–ফরচুন বরিশাল
সন্ধ্যা ৬–৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি

বিগ ব্যাশ লিগ
পার্থ স্করচার্স–মেলবোর্ন রেনেগেডস
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২




ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী উদ্ধার করলো বিজিবি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লিখিত ৪.৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা-সংক্রান্ত এই বিষয়টি ৫৮ বিজিবির নজরে আসে। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। পরে ৫৮ বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদালিয়া নদী নিজেদের আয়ত্বে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিকেল (এটিভি) বরাদ্দ করা হয়েছে।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দীন বলেন, এক সময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পর কোদালিয়া নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদালিয়া নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতেন না।




খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে ফেসবুকে মাহী বি চৌধুরীর আবেগঘন পোস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী। তাতে তিনি লিখেছেন, ‘রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন। এবং তাঁকে তাঁর প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন।’

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাহী বি চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

মাহী বি চৌধুরী লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল–বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয় এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে। কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তাঁর আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই, তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ।’




টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশে আর্থিক দুর্নীতির এক মামলায় নাম এসেছে যুক্তরাজ্যের দুর্নীতি-বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। এর ফলে ক্রমেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। তবে এসময়ে তার পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর রয়টার্সের।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, ‘টিউলিপ যথার্থভাবে স্বাধীন উপদেষ্টার সঙ্গে কাজ করছেন। আমার তার (টিউলিপ) ওপর পূর্ণ আস্থা রয়েছে।’
ব্রিটিশ সরকারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন লরি ম্যাগনাস। মন্ত্রীরা তাদের কোড অব কন্ডাক্ট ঠিকঠাকভাবে পালন করছেন কিনা সেটা দেখার দায়িত্ব তার। টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার এখতিয়ার রয়েছে লরি ম্যাগনাসের। নিজের বক্তব্যে এই বিষয়টিকেই ইঙ্গিত করেছেন স্টারমার।

বাংলাদেশে টিউলিপ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।

এ বিষয়ে রয়টার্স টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ভারতে আশ্রয় নেন শেখ রেহানাও। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।

শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে এখন বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে টিউলিপের বিরুদ্ধেও এখন তদন্ত চলছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ বলছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট উপহার নেওয়ায় বিষয়টি টরি এমপিরাও খতিয়ে দেখার দাবি তুলেছেন।

‘টিউলিপ সিদ্দিক আন্ডার রাইজিং প্রেসার টু রিজাইন ওভার প্রোপার্টি স্ক্যান্ডাল’ শিরোনামের প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের নামে তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত একাধিক সম্পত্তির খবর বেরিয়ে এসেছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ টিউলিপের সম্পদের উৎস ব্যাখ্যা এবং তার খালার সঙ্গে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের যোগসূত্র স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে (টিউলিপ) দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে অপসারণ করার আহ্বান জানিয়েছেন।

মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছিলেন। পরবর্তী সময়ে বলা হয়, তার বাবা-মা আব্দুল মোতালিফকে আর্থিক সহায়তা দিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ মোতালিফ তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছেন।

এদিকে ডেইলি টেলিগ্রাফ ‘টিউলিপ সিদ্দিক মাস্ট বি ইনভেস্টিগেটেড বাই ওয়াচডগ ওভার ডিকটেটর লিঙ্কস’ শিরোনামের এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশে খালার রাজনৈতিক দলের মিত্রের কাছ থেকে নেওয়া টিউলিপ সিদ্দিকের লন্ডনের ফ্ল্যাট ঘিরে অভিযোগের বিষয়টি টোরি এমপিরা প্রধানমন্ত্রীর নৈতিকতাবিষয়ক উপদেষ্টার মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন।

তারা বলছেন, ফ্ল্যাটটি তার খালার রাজনৈতিক দলের মিত্রের দেওয়া উপহার ছিল বলে যে দাবি করা হচ্ছে, সেটা স্যার লরি ম্যাগনাসের খতিয়ে দেখা উচিত।

দ্য মেইল জানিয়েছে, টিউলিপ সিদ্দিক প্রথমে বলেছিলেন, এমপি হওয়ার আগে উত্তর লন্ডনে তিনি যে দুই বেডরুমের ফ্ল্যাটে ছিলেন, সেটি তার বাবা-মা কিনেছেন। মেইল বলেছে, ২০২২ সালে যখন প্রথমবার ফ্ল্যাটটি (বর্তমান বাজারমূল্য সাত লাখ পাউন্ড) নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে লেবার পার্টির সূত্র সেই কথা পালটে দিয়ে বলে যে ফ্ল্যাটটি আসলে ‘পরিচিত’ কেউ টিউলিপের মা-বাবাকে উপহার হিসাবে দিয়েছেন।

লেবার পার্টির ঘনিষ্ঠ একজন গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন যে টিউলিপ সিদ্দিকের বাবা-মা ‘জীবনের চ্যালেঞ্জিং সময়ে একজন বন্ধুকে’ আর্থিক সহায়তা করেছিলেন। সেই ব্যক্তি পরবর্তী সময়ে কৃতজ্ঞতা হিসাবে টিউলিপের মালিকানায় তার ফ্ল্যাট হস্তান্তর করেছিলেন।

টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র টেলিগ্রাফকে বলেছে, ‘তিনি কীভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন, সে সম্পর্কে টিউলিপের আগের বক্তব্য পরিবর্তন হয়েছে। তিনি ত্রুটি বুঝতে পেরেই যে সাংবাদিক আগে এ বিষয়ে জানতে চেয়েছিলেন তাকে বিষয়টি জানাতে চেয়েছেন।’




আবারও বাড়বে শীত, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে শীত আরও বাড়বে। এবার এক ধাক্কায় দেশের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আগামী বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ : উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করবে।

আজ সোমবার রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সকল কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরো বলেন, ‘এই অধিদপ্তর শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করবে এবং তাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।’

আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দের মধ্যে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে। পরবর্তীতে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা বিতরণ করা হবে, যার মধ্যে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা করে প্রদান করা হবে।

এছাড়া, আহতদের ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং গুরুতর আহতদের জন্য জুলাই মাস থেকে মাসিক ভাতা চালু করা হবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার সহজ কিছু নিয়ম

আপনার মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করা আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক ভালো রাখতে প্রতিদিন কিছু সহজ নিয়ম মেনে চলা প্রয়োজন। চলুন, জেনে নিই কোন নিয়মগুলি আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে।

ঘুমের গুরুত্ব
মস্তিষ্ক সুস্থ রাখতে সঠিক এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন যা আপনার ঘুম উন্নত করতে সাহায্য করবে। ঘুমানোর আগে মন শান্ত রাখুন, ঘর অন্ধকার করুন এবং আরামদায়ক বিছানায় ঘুমাতে যান। ঘুমানোর আগে কুসুম গরম পানিতে গোসল করলে মনের অস্থিরতা কমে যেতে পারে, যা আপনার মস্তিষ্কের জন্য উপকারী।

শিথিলায়ন চর্চা করুন
আপনার মানসিক ও শারীরিক অস্থিরতা চিহ্নিত করে শিথিলায়ন প্রশিক্ষণ নিন। ঘুমানোর আগে মিউজিক শোনাও একটি ভালো শিথিলায়ন কৌশল হতে পারে। এটি আপনাকে সমস্যা মোকাবিলার দক্ষতা শিখতে সাহায্য করবে।

নতুন চিন্তা করুন
প্রতিদিন নতুন কিছু শিখুন। নতুন ভাষা বা বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করুন। নতুন কিছু শেখা আপনার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করবে।

স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
ওমেগা-৩ ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, ফল এবং শাকসবজি নিয়মিত খেতে চেষ্টা করুন। স্বাস্থ্যকর খাবার আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করবে।

নিয়মিত ব্যায়াম করুন
নিয়মিত শারীরিক ব্যায়াম আলঝেইমার রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। যারা শারীরিকভাবে সক্রিয় থাকেন, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪০ শতাংশ কম।

সামাজিকতা বাড়ান
আপনার মা-বাবার সঙ্গে নিয়মিত কথা বলুন, পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিন এবং দূরবর্তী বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করুন। সামাজিক সম্পর্কগুলি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম