বৈদ্যুতিক ইঁদুর ফাঁদে কৃষকের মৃত্যু উজিরপুরে

বরিশালের উজিরপুরে নিজ বাড়ির পাশের ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাই মৃধা ওই গ্রামের কাশেম মৃধার ছেলে। স্থানীয়রা জানান, তিনি ধানের ক্ষেত ইঁদুরের হাত থেকে রক্ষায় নিয়মিত বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন। সোমবার দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ না করেই জমিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ধানের বীজ রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ সংযোগ করার সময় অসাবধানতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সেলিম শেখ বলেন, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার অবৈধ ও শাস্তিযোগ্য। নিয়মিত অভিযান চালানো হলেও অনেক কৃষক এই নির্দেশনা মানছেন না।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা সাংবাদিকদের বলেন, “বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৪৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৭২,৮২২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা:

  • বরিশাল: ১৩২ জন
  • চট্টগ্রাম: ৯৮ জন
  • ঢাকা: ২৬৬ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৮৪ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৪৫ জন
  • খুলনা: ৫৯ জন
  • ময়মনসিংহ: ৬৫ জন
  • রাজশাহী: ৭০ জন
  • রংপুর: ১৯ জন
  • সিলেট: ৯ জন

গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগে, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং একজন রাজশাহী বিভাগে মারা গেছেন। একই সময়ে ১,০৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা এখন ৬৯,৪৫২ জন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে দেশে মোট ১,০১১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু এবং ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 

 




রাজধানীতে ঝটিকা মিছিলে অংশের অভিযোগে ৬ আ. লীগ নেতা-কর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। রবিবার (২ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮)
  • ছাত্রলীগকর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩)
  • গাজীপুর শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন (৪২)
  • চাঁদপুর জেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩)
  • পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১)
  • ছাত্রলীগ বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করা হয়। সোহেল ফকিরকে পল্লবী থানা এলাকা থেকে, শাওনকে যাত্রাবাড়ী এলাকা থেকে, লিটনকে উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে, কিরনকে মগবাজার থেকে, রিয়াদ মাতুব্বরকে শ্যামপুর থেকে এবং রাকিবকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল আয়োজন ও এতে অংশগ্রহণ করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াতে ইসলামে যোগদান

 

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপি সহসভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় তার সঙ্গে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুর রহমান দিনারও দলে যোগদান করেন।

রোববার বিকেল ৩টার দিকে বামনা উপজেলা জামায়াতের আয়োজনে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করা হয়। অনুষ্ঠানে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন। এরপর একাধিকবার পদ ফিরে পেতে আবেদন করেও সফল হননি।

যোগদান উপলক্ষে বক্তৃতায় সৈয়দ মামুন বলেন, “১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই। পরে ২০০২ সালে বিএনপিতে যোগদান করি। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল আমাকে বহিষ্কার করে। বিএনপির অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

এদিকে বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মফিজুর রহমান দিনার বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। কিন্তু দলের ভিতরে অনিয়ম ও বিশৃঙ্খলা দেখে হতাশ হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

জনসভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের সহসচিব মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২5




রিফাত হত্যা মামলায় মিন্নি-নয়নের গোপন বিয়ের তথ্য সামনে এলো

বরগুনা, ২৯ জানুয়ারি ২০২৫: রিফাত হত্যা মামলায় মিন্নি ও নয়ন বন্ডের গোপন বিয়ের তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে বিয়ের কাজী আনিচুর রহমান সাক্ষ্য দিয়েছেন।

কাজী আনিচুর রহমান বলেন, ২০১৮ সালের ১০ অক্টোবর তিনি মিন্নি ও নয়ন বন্ডের বিয়ে সম্পন্ন করেন। নয়ন বন্ডের কয়েকজন বন্ধু তাকে বাসায় নিয়ে যায়, সেখানে নয়ন বন্ডের মা এবং মিন্নিসহ অন্যান্য উপস্থিত ছিলেন। পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

কাজী আরও জানান, বিয়ের পর মিন্নি বরগুনা পৌরসভার আবু সালেহ কমিশনারের ভাইয়ের মেয়ে হিসেবে তিনি বিষয়টি জানতে পারেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও বিয়ের তথ্য গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন।

তিনি আরও বলেন, মিন্নি রিফাত শরীফের সঙ্গে কুমারী পরিচয়ে বিবাহিত ছিলেন। পরবর্তীতে মিন্নির বাবা তাকে বলেন, মিন্নি ও নয়ন বন্ডকে ডিভোর্স করিয়ে দিতে। কিন্তু তারা কাজীর কাছে আসে নি। পরে মিন্নির বাবা ফোনে অনুরোধ করেন, বিষয়টি গোপন রাখার জন্য।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, কাজীর সাক্ষ্য ও বিয়ের রেজিস্টার আদালতে উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করেন। সাক্ষ্য থেকে বোঝা যায়, মিন্নি নয়নের সঙ্গে গোপনভাবে বিয়ে করেছেন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে রয়েছেন: রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। চার্জশিটভুক্ত আসামি মুসা এখনও পলাতক। মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক ছয় আসামি জামিনে থাকলেও অন্যরা কারাগারে রয়েছে।

১ জানুয়ারি বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় বরগুনার শিশু আদালতে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলার চরফ্যাশনে হাত-পা বাঁধা মাদ্রাসাছাত্র উদ্ধার, হাসপাতালে ভর্তি

চরফ্যাশনে মো. তামিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে রাতের আঁধারে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিমের মা আরজু বেগম অভিযোগ করেছেন, হত্যার উদ্দেশ্যে তার দুই চাচা – শেখ ফরিদ ও খোকন – এই ঘটনা ঘটিয়েছে। পরিবারের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তামিম ওই ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে এবং আবুবকরপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

মা আরজু বেগম জানান, ২৭ অক্টোবর তিনি বাবার বাড়িতে যাওয়ার সময় ছেলে তামিমকে ঘরে রেখে গিয়েছিলেন। এই সুযোগে তার দুই চাচা তামিমকে মারধর করে। মাগরিবের নামাজের পর তারা তাকে পথের ডোবায় ফেলে দেয়। স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। অপর অভিযুক্ত খোকন বলেন, তামিম তার ভাতিজা এবং পরিবারের মধ্যে ঝামেলা রয়েছে, তবে এ বিষয়ে তার কিছু জানা নেই। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ভোলায় অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী রবিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিষয়টি জানানো হয়েছে রবিবার বিকেলে মাঝিরহাট বাজারে আয়োজিত কর্মী সভায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হানিফ। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি ও প্রচার মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াত ইসলাম সেই আদর্শ ও কর্মপদ্ধতি নিয়েই কাজ করছে।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপির নীতি ও কর্মকাণ্ড কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে তারা ক্ষুব্ধ। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সম্মেলনে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি, ন্যায় ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় এজেন্ট ব্যাংকের হাতে ৬০ লাখ টাকা উধাও, গ্রাহক মানববন্ধন

ভোলা, ৩ নভেম্বর ২০২৫: ভোলার ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং সেবা থেকে গ্রাহকের প্রায় ৬০ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, মেসার্স রাহাত এন্টারপ্রাইজের মালিক ও ম্যানেজার টাকা নিয়ে পালিয়ে গেছেন।

রোববার দুপুরে ভোলা সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের জেলা শাখার সামনে অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহক টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন।

গ্রাহকরা জানান, বরিশালের মেহেন্দীগঞ্জের মাঝকাজি বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মেসার্স রাহাত এন্টারপ্রাইজকে। তারা বিশ্বাস করে সেখানে তাদের কষ্টার্জিত টাকা জমা রাখেন।

কিন্তু গত ৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. ইব্রাহীম জব্বার ও ম্যানেজার মো. ফাহাদ হোসেন মিনহাজ উধাও হয়ে যান। তাদের সঙ্গে উধাও হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। এরপর থেকে এজেন্ট ব্যাংকের সব কার্যক্রম স্থগিত রয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা দাবি করেছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের জমাকৃত টাকা ফেরত দিতে হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে ইয়াবা বিক্রির স্পট থেকে যুবদল নেতা গ্রেপ্তার

গৌরনদী, ৩ নভেম্বর ২০২৫: বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে একটি ইয়াবা বিক্রির স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব মো. মাহাতাব সরদার (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা সেবন ও মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরদী গ্রামের মাদক সম্রাট ফরিদ সরদারের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবন ও ব্যবসায় জড়িত অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় মাহাতাব সরদারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানা পুলিশের এসআই মো. জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোমবার সকালে গ্রেপ্তারকৃত যুবদল নেতাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঢেকে ব্যানার-ফেস্টুনে ভোট প্রচারণা

বরিশাল, ৩ নভেম্বর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল নগরী রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, পথচারী ও জনজীবনকে কার্যত প্রভাবিত করছে এই প্রচারণা।

সোমবার সকালে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুর, অশ্বিনী কুমার টাউন হল ও চৌমাথা লেক ঘুরে দেখা গেছে, স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের নজর এড়িয়ে বিভিন্ন দলের বিশাল ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

সদর রোডে বিবির পুকুরের উত্তর ও পশ্চিম পাশে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের বড় বড় ব্যানার চোখে পড়েছে। পথচারীরা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঢেকে যাওয়ায় দৈনন্দিন চলাচলে অসুবিধা হচ্ছে। তারা সিটি করপোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

একই চিত্র দেখা গেছে অশ্বিনী কুমার টাউন হলেও। টাউন হলের সামনে বিএনপি নেতাকর্মীদের বিশাল ব্যানার স্থানটি ঢেকে দিয়েছে। নগরীর চৌমাথা লেক, জেলখানার মোড়, জিলা স্কুল মোড়, নাজিরের পুল, আমতলা, নথুল্লাবাদ, সাগরদী ও রুপাতলীসহ অন্যান্য স্থানে ব্যানার প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে আছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের ছবিসম্বলিত ব্যানার। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসেন হেলাল, দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের ব্যানারও চোখে পড়ার মতো। তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫