ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে আ’লীগকে পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠিতে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং তাদের অফিসে অগ্নিসংযোগকারীদের ছত্রছায়া রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি খোদ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এসব নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৪ আগস্টের লগি-বৈঠার মিছিলে অংশগ্রহণকারীরা এখন নিজেদের বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মাঝে মাঝে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ওপর চড়াও হতে দেখা যাচ্ছে, ফলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। রফিকুল ইসলাম জামাল বিভিন্ন সভা ও কর্মিসভায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৬ নভেম্বর কাঁঠালিয়া উপজেলা পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির সুধী সভায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম সিকদার, জাতীয় পার্টির (জেপি) উপজেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আকন গেন্দু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেবা রাণী মণ্ডলসহ আরও বেশ কিছু আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম জামাল এ সভায় নেতৃত্ব দেন। এছাড়া, ৭ সেপ্টেম্বর ধানমন্ডির স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একাধিক চিঠি পাঠিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর জানান, তারা শুধুমাত্র দাওয়াত পেয়ে সভায় অংশ নিয়েছেন, এবং রফিকুল ইসলামের এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিছু নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দিয়েছে।

রফিকুল ইসলাম জামাল এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “এমন প্রোগ্রামে অংশ নেয়া এবং আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা দুটি আলাদা বিষয়। আমি শুধু অনুষ্ঠানে অংশ নিয়েছি, আর কর্মী সভায় অংশ নেয়া মানে কাউকে পুনর্বাসন করা নয়।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুরে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা

পিরোজপুরে চাকরি জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক সভা। ১৫ জানুয়ারি, বুধবার, শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে এই সভাটি আয়োজিত হয়। পিরোজপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শিক্ষকদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ ও চাকরি জাতীয়করণের দাবিতে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “আমাদের চাকরি জাতীয়করণ হলে দেশের উন্নয়ন ঘটবে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা কখনো ভঙ্গ হয় না। তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনায় চাকরি জাতীয়করণের বিষয়টি রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এটি বাস্তবায়ন করা হবে, এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান গাজী। পিরোজপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মো. আছাদুজ্জামান খান সঞ্চালনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক এনায়েত কবির খান, এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাদশা মিয়া প্রমুখ।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বিদ্যালয়ের নিচ তলায় ব্যবসায়ীদের ধানের গুদাম: পরিবেশে চরম বিঘ্ন

বরগুনা জেলার আমতলী উপজেলার খেকুয়ারী মাধ্যমিক বিদ্যালয়ের নিচ তলা বর্তমানে তিন ব্যবসায়ীর দ্বারা ধানের গুদামে পরিণত হয়েছে। এই গুদামের কারণে বিদ্যালয়ের পরিবেশে চরম বিঘ্ন ঘটছে এবং শিক্ষার্থীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয় শিক্ষকরা জানাচ্ছেন, তাদের নিষেধ সত্ত্বেও ব্যবসায়ীরা এই কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ধান সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় তিন ব্যবসায়ী আল আমিন, জাকির হোসেন এবং আলমগীর হাওলাদার এক মাস ধরে বিদ্যালয়ের নিচতলায় ধানের বস্তা স্তূপ করে রেখেছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে পড়েছে এবং ধুলাবালিতে বিদ্যালয় একাকার হয়ে গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, এর ফলে তাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং সঠিকভাবে চলাচল করতে পারছেন না তারা।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ ও সুমাইয়া বলেন, “ধানের গোডাউন করার কারণে আমাদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ধুলাবালিতে পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে নানা ধরনের রোগ হতে পারে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, “আমি ব্যবসায়ীদের ধান রাখার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমাদের কথায় পাত্তা দেয়নি। এর ফলে পরিবেশ এবং চলাচলের সমস্যা হচ্ছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, “এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। এখানে ধানের গুদাম করার কারণে বিদ্যালয়ের পরিবেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। উপজেলা প্রশাসনের কাছে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এদিকে, ধান মজুত করা ব্যবসায়ী আল আমিন বলেন, “আমাদের অন্য কোথাও ধান রাখার জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানে রেখেছি। তবে এটি আমাদের ভুল হয়েছে এবং দ্রুত ধান সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, “এ বিষয়ে আমি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব।”

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




মনপুরায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক জেলে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হাজিরহাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেটি মো. মোস্তফা (৪৫) মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মুজাম্মেল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩ টার দিকে মোস্তফা মাঝি নৌকা থেকে বেহুন্দি জাল বসানোর সময় রসির পেঁচিয়ে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন।

এ ঘটনার খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও উদ্ধার কার্যক্রম সফল হয়নি। বর্তমানে বরিশাল ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজ চালাবে।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় জ্বিনের বাদশাকে জিম্মি করে মুক্তিপণ দাবি, দুই ছাত্রদল নেতা গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে কথিত এক জ্বীনের বাদশাকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ছাত্রদল নেতা রাজিব ও জিহাদকে গ্রেফতার করেছে।

১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি মেস থেকে পুলিশ দুই ছাত্রদল নেতাকে আটক করে এবং ভুক্তভোগী মো. আকবর আলীকে উদ্ধার করেন। রাজিব, যিনি সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার ছাত্রদল সভাপতি, এবং মো. জিহাদ সহ আরও দুই ছাত্রদল নেতা—মো. তানজিল হোসেন ও শাকিব খান এই ঘটনায় জড়িত বলে জানা গেছে।

ভুক্তভোগী আকবর আলী কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। পেশায় তিনি অটোরিকশা চালক হলেও স্থানীয়ভাবে তিনি “জ্বীনের বাদশা” হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, আকবর আলী একটি জ্বীনের ব্যবসা পরিচালনা করতেন, যা তার অপহরণের মূল কারণ হতে পারে।

জানা গেছে, আকবর আলী ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন রাজিবের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অপহরণ করে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের মেসে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেন। আকবরের পরিবার পুলিশে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, ফলে আকবরকে উদ্ধার করা হয় এবং দুই ছাত্রদল নেতা আটক হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তিপণের জন্য টাকা আদায়ের প্রস্তাব চলছিল, তবে টাকার পরিমাণ কম হওয়ায় মুক্তিপণ চুক্তি হয়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা থানায় এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন, তবে পুলিশ তাদেরও আটক করে। পরবর্তীতে, দুই ছাত্রদল নেতাকে পুলিশ পাহারায় ভোলা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

মামলার পর, ১৪ জানুয়ারি তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নতুন বছরে সোনার দামে রেকর্ড

নতুন বছরের শুরুতেই দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে সোনার দাম বাড়ানো হয়। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম হবে প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা।

এছাড়া, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

গত ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল, তখন ২২ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




লিটন ডাক না পাওয়ায় মন খারাপ তানজিদের

বিপিএল অনুশীলনে লিটন দাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিট্যালসের তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম।

চট্টগ্রামে বিপিএলের ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন করতে গিয়ে, তানজিদ বলেন, “লিটন দাদা কেমন ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে, উনি দলে নেই।”

তানজিদ জানান, লিটন দাসের শেষ দুই ম্যাচের পারফরম্যান্স তাকে আশাবাদী করেছিল, এবং তার আত্মবিশ্বাস ছিল অনেক ওপরে। তবে তানজিদও বিশ্বাস করেন, ভালো না খেললে কেউ দল থেকে বাদ পড়তে পারে, এবং সেটি সবাইকে মেনে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, লিটন ভবিষ্যতে আরো ভালো খেলবেন।

অনুশীলন শেষে, তানজিদ তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে আসেন, যেখানে তিনি তামিমের ব্যাট সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তানজিদ বলেন, “তামিম ভাইয়ের ব্যাট বেশ ভালো। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। আমি বললাম, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়।’ তামিম ইকবাল তাকে আশ্বস্ত করেন যে, তিনি ব্যাটটি পাঠিয়ে দেবেন।

আগামীকাল ১৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রামপর্ব।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন এবং অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষই দেশ দুটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে আশাবাদী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে নারী হকি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে এক ব্যতিক্রমী নারী হকি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে পটুয়াখালী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ। তরুণ নারীরা খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। তাদের এই প্রতিভাকে বিকশিত করতে প্রয়োজন উৎসাহ ও সহযোগিতা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. সাকিব উল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব মো. গোলাম রহমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

নারী শিক্ষার্থীদের এই অংশগ্রহণ নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত দিয়েছেন আয়োজকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে হবে সংস্কার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে নির্বাচন কমিশনসহ অন্যান্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব সুপারিশ নিয়ে আলোচনা শুরু হবে এবং সেই আলোচনা অনুযায়ী সংস্কারের কার্যক্রম পরিচালিত হবে।

১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, সংস্কারের কাজ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাবে। অর্থাৎ, যেসব সংস্কারের বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মতি হবে, তবেই তা বাস্তবায়িত হবে।

এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে বলেন, বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে এবং মার্চ মাস থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে।

এর আগে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি আরো বলেন, “এটি এমন একটি ঘটনা যা ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এটি কোনো সাধারণ প্রতিবেদন নয়, এটি দেশের জন্য একটি বড় চর্চা।” তিনি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান নিয়ে মন্তব্য করেন এবং বলেন, “আজকের এই মুহূর্ত সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম