গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি ও জিম্মি বন্দিদের মুক্তির চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তির আশায় প্রহর গুণছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে রোববার সকাল থেকে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।

একই দিন সকালে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জেরুজালেম লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।




উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার: জানুন বিপদের ইঙ্গিত

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি নীরব ঘাতক রোগ হিসেবে পরিচিত। এই সমস্যার কারণে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদ চাপ। তবে, রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটার পারদের বেশি হয়, তখন তা উচ্চ রক্তচাপ বলে বিবেচিত হয়।

উচ্চ রক্তচাপের কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে। এগুলো হলো:

দৃষ্টি ঝাপসা হওয়া

বুকে ব্যথা বা চাপ অনুভূত হওয়া

শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া

নাক দিয়ে রক্ত পড়া

মাথা ব্যথা বা মাথা ঘোরা

অনিদ্রা ও ক্লান্তি

প্রস্রাবে রক্ত যাওয়া

শরীরের কোনো অঙ্গ বিশেষ দুর্বল বা অবশ হয়ে যাওয়া

অনিয়মিত হৃদস্পন্দন

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে খিঁচুনি

চোখের সমস্যা ও উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপের লক্ষণ অনেক সময় চোখে ফুটে ওঠে। এটি অবহেলা করলে বড় বিপদের কারণ হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’। এর ফলে চোখের রেটিনার রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যায় আক্রান্তদের স্ট্রোকের ঝুঁকি থাকে বেশি।

চোখে রক্তনালিগুলো ফেটে গেলে চোখ লাল হয়ে যেতে পারে। এটি উচ্চ রক্তচাপের একটি গুরুতর লক্ষণ। অনেক সময় চোখ পরীক্ষা না করলে এই সমস্যাগুলো ধরা পড়ে না। তাই নিয়মিত চোখ পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এর পেছনে মূল কারণ হলো রেটিনার রক্তনালিগুলোর ক্ষতি, যা চোখের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে।

করণীয়

উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাবার গ্রহণ, ধূমপান ও অ্যালকোহল বর্জন, এবং পর্যাপ্ত ব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী সদর কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রণোদনা বিতরণে স্বজনপ্রীতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সাধারণ কৃষকরা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষি কর্মকর্তার শ্বশুরবাড়ি পটুয়াখালী পৌরসভায় হওয়ায় তিনি সেখানকার আত্মীয়-স্বজনদের বিশেষ সুবিধা প্রদানে নিয়মিত চেষ্টা করছেন। ২০২৩ সালে যোগদানের পর থেকেই মো: মোস্তাফিজুর রহমান আর্থিক দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। তারা আরও জানান, সাধারণ কৃষকদের বাদ দিয়ে তিনি তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের নামে সরকারি বরাদ্দ থেকে প্রণোদনা সুবিধা দিয়েছেন। একইসঙ্গে, তার পছন্দের আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে প্রণোদনার তালিকা তৈরি করে অনিয়ম করেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, হাজী আহমেদ, মো: মন্নান, মো: জাহাঙ্গীরসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, সরকারি প্রণোদনা পাওয়ার জন্য অফিসে গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। চলমান প্রণোদনার আওতায় মুগডাল, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখীসহ অন্যান্য ফসলের সুবিধা বিতরণেও অনিয়মের অভিযোগ তুলেছেন কৃষকরা।

কৃষকরা দ্রুত এই দুর্নীতি বন্ধ করে প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণের দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরগুনার পাথরঘাটায় মাদকসহ যুবক আটক

রগুনার পাথরঘাটায় কোস্টগার্ড মাদকসহ এক যুবককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রাম সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ মিঠুন কান্তি হাওলাদার (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত মিঠুন কান্তি হাওলাদার বাগেরহাট জেলার শরনখোলা ধনসাগর ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা মৃত পরিমল কান্তি হাওলাদারের বড় ছেলে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানে মিঠুন কান্তি হাওলাদারকে ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে মাদক সম্রাট মান্না সুমন গ্রেফতার

বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও কয়েক ডজন মামলার আসামি মান্না সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক মাদক মামলার পলাতক আসামি মান্না সুমনকে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে যে, মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগম বছরের পর বছর ধরে প্রকাশ্যে মাদক বাণিজ্য চালাচ্ছিলেন। তারা মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও, তাদের মাদক ব্যবসা বন্ধ হয়নি।

এর আগে ২০২২ সালের ১০ জানুয়ারি বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ২শ’ ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন মান্না সুমন। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়াও, মান্না সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগম বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পিরোজপুরের ইন্দুরকানীতে চুরি আতঙ্ক

পিরোজপুরের ইন্দুরকানীতে গত কয়েক মাসে চুরির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গরু, হাঁস-মুরগি, দোকানের মালামাল থেকে শুরু করে সড়কের পাশের সরকারি গাছ পর্যন্ত কিছুই রক্ষা পাচ্ছে না। সংঘবদ্ধ চোরচক্রের কারণে উপজেলার মানুষ রাতের ঘুম হারাম করে ফেলেছে।

গত ১৩ জানুয়ারি চন্ডিপুর এলাকার দিনমজুর আ. রহিম শেখের ৪টি গরু এবং পূর্ব চরবলেশ্বর গ্রামের দরিদ্র কৃষক রুহুল আমিন শেখের ২টি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আ. রহিম বলেন, “ধার দেনা করে গরু কিনে লালনপালন করছিলাম। কোরবানির ঈদে বিক্রি করার পরিকল্পনা ছিল। কিন্তু চোরেরা সব শেষ করে দিল।”

গত মঙ্গলবার রাতে পূর্ব চরবলেশ্বর গ্রামের রেহিম গাজীর বাড়ির সামনে থেকে সড়কের পাশে রাখা কাঠ চুরি করে চোরেরা। এছাড়া গত ৭ জানুয়ারি ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানিয়েছেন, চোর চক্র ধরতে বিভিন্ন হাটবাজারের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহজনক লোকজনের গতিবিধি নজরদারি করা হচ্ছে এবং অভিযানে নেমেছে থানা পুলিশ।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লেবুখালীতে বাসচাপায় সেনাসদস্য ও তার স্ত্রী নিহত, শিশু গুরুতর আহত

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী সেনানিবাস সংলগ্ন এলাকায় বাসচাপায় সেনাসদস্য ল্যান্স কর্পোরাল মো. বুলবুল (৩৮) ও তার স্ত্রী হোসনেয়ারা (৩৩) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের ছোট মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুধলমৌ সাইনবোর্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সেনাসদস্য মো. বুলবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের ২ বছর ৬ মাস বয়সী মেয়ে আদিয়ান গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তাঁদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। তাঁরা নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন।

দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে।

পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।
সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।




চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১ শতাংশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নেমে আসবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।

গতকাল শুক্রবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ শীর্ষক প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে গত বছরের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। কমে গেছে বিনিয়োগকারীদের আস্থা। এমন পরিস্থিতি এবং নীতি অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

অর্থনীতির গতি দুর্বল হওয়ার কারণ হিসেবে আরও সমস্যার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, দেশে জ্বালানি ঘাটতিসহ সরবরাহ-সংক্রান্ত সীমাবদ্ধতা এবং আমদানিতে বিধিনিষেধ শিল্প কার্যক্রমকে দুর্বল করেছে। চাপ বেড়েছে মূল্যস্ফীতির। উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে, যার ফলে মন্থর হয়ে গেছে সেবা খাতের প্রবৃদ্ধি। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে মূল্যস্ফীতি কমে এলেও বাংলাদেশে তা উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। মূল্যস্ফীতি কমাতে আরও সংকোচনমূলক করা হয়েছে মুদ্রানীতি। তবে চলতি বছরও বাংলাদেশে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হতে পারে।

গত বছর দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও বাংলাদেশ ও মালদ্বীপে তা কমেছে। এটি মুদ্রাবাজার চাপে থাকার প্রতিফলন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোসহ বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা কমে গেলে তা রপ্তানিতে প্রভাব ফেলবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবেচেয়ে বেশি রপ্তানি করে থাকে বাংলাদেশ। আর দেশের মোট পণ্য রপ্তানির প্রায় অর্ধেকই হয় ইউরোপে।




যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রোববার মুক্তি ৯৫ ফিলিস্তিনির

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। শনিবার ভোরের দিকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামীকাল রোববার থেকে কার্যকর হচ্ছে এই পরিকল্পনা।”

এদিকে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়।