পিরোজপুর বিএনপিতে গ্রেপ্তার-হয়রানি আতঙ্ক

পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই। ১ নভেম্বর রাতে গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে; পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এর কয়েক দিন আগে একই ইউপির সদস্য জাকির হোসেন ও আবুল বাশার এবং বালিপাড়া ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটে।

পরে তিনজনকে ভাণ্ডারিয়া থানায় আগে হওয়া একটি চুরির মামলায় অজ্ঞাত আসামির তালিকায় গ্রেপ্তার দেখানো হয়। আরেকজনকে গ্রেপ্তার দেখানো হয় সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টা মামলায়। কয়েক দিন হাজতবাসের পর তারা জামিনে মুক্তি পান।
এই জনপ্রতিনিধিদের সবাই বিএনপির সমর্থক। পিরোজপুর জেলা বিএনপির নেতাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিএনপি সমর্থক জনপ্রতিনিধি ও প্রভাবশালী নেতাদের মামলা ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বাড়িতে পুলিশি অভিযানের নামে হয়রানি বেড়েছে।

পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনের ইন্দুরকানী উপজেলায় এ ধরনের অভিযোগ সবচেয়ে বেশি। আর অভিযোগের তীর জামায়াতের দিকে। বিএনপি নেতাদের দাবি, জামায়াত তাদের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি করছে। তবে দৃশ্যমান প্রমাণ না থাকায় তারা সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ আনছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি জানান, গ্রেপ্তার ও হয়রানি এড়াতে পুলিশের সঙ্গে বড় অঙ্কের লেনদেন করেছেন।

জানা গেছে, পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী জামায়াতের প্রার্থী। তাদের পিতা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসনের এমপি ছিলেন। সাঈদীর বাড়ি ইন্দুরকানী উপজেলায়। পিতার পরিচয় সূত্রে দুই ভাই দুটি আসনে শক্ত অবস্থানে আছেন।
পিরোজপুর-১ আওয়ামী লীগের ও পিরোজপুর-২ জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর স্থায়ী আসন হিসেবে পরিচিত। এ দুটি দলের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ। এ ক্ষেত্রে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি কিংবা তাদের নেতৃত্বাধীন জোট প্রার্থী।

জামায়াত-সংশ্লিষ্ট কয়েকজন অভিযোগ করেন, গ্রেপ্তার ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন। তবে উন্নয়নমূলক কাজের জন্য তৎকালীন সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ বিষয়ে পাড়েরহাট ইউপি সদস্য ইলিয়াছ হোসেন বলেন, আমি ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আওয়ামী লীগের সময় নানামুখী চাপ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে সরকারি কর্মসূচিতে মাঝেমধ্যে যেতাম। আমার নামে ৫ আগস্টের পর কোনো মামলা হয়নি। আওয়ামী লীগ আমলে কেন মেম্বার হয়েছি, সে অজুহাত দেখিয়ে আমার মতো অনেক মেম্বারকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আটকের পর লেনদেনের ওপর নির্ভর করে বিস্ফোরক মামলায়, নাকি চুরি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আবুল বাশার জানান, তাঁকে ৩০ অক্টোবর আটক করে সদর থানায় ৩২৬ ধারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিন দিন পর আদালত থেকে জামিনে মুক্ত হন। বিএনপি সমর্থক দাবি করা বাশারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারে জামায়াতের ইন্ধন রয়েছে। ৩১ অক্টোবর গ্রেপ্তার আরেক মেম্বার জাকির ভাণ্ডারিয়া থানায় চুরি মামলায় দুদিন হাজতবাস করেন।

ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাওলাদার জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে বিএনপি সমর্থন করে– সেসব জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করছে।

তিনি বলেন, কিছুদিন আগে উপজেলার চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে যাই। সেখান থেকে ফেরার পরই ডিবি পুলিশ গ্রেপ্তার শুরু করে। কাউকে খুশি করার জন্য পুলিশ এসব করছে।
আওয়ামী লীগ নিয়ে সভা করছে– এমন অজুহাতে গত ২০ অক্টোবর তালা ভেঙে পত্তাশী ইউপি ভবনে তল্লাশি করে গোয়েন্দা পুলিশ। এ ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদার ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক। ৪ নভেম্বর রাত ৮টার দিকে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কে বড়পুল এলাকায় তাঁকে অপহরণের চেষ্টায় বেদম মারধর করা হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আসে।

অভিযোগ পাওয়া গেছে, ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের জামায়াত সমর্থক জাকারিয়া মুন্সীর নেতৃত্বে এ হামলা হয়। তিনি পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর সঙ্গে সব সময় থাকেন। খবর পেয়ে ওই রাতে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী দুজনেই থানায় যান। শামীম সাঈদী চেয়ারম্যান শাহীনের পক্ষ নিলে থানায় দুই ভাইয়ের উত্তপ্ত কথাবার্তা হয়। পরে সমঝোতা হলে শাহীনের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। এ ঘটনায় জেপির প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি নেতারাও বক্তৃতা করেন।

ইন্দুরকানী উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান জানান, জাকারিয়া মুন্সীর জামায়াতে কোনো পদ নেই, তবে সমর্থক। শাহীন হাওলাদারের ওপর হামলা জামায়াত সমর্থন করে না।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, মামলা ছাড়া জনপ্রতিনিধিদের গ্রেপ্তারের বিষয়ে আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা নিরীহ কাউকে হয়রানি করবে না বলে আশ্বস্ত করেছেন।

এসব বিষয়ে জানতে চাইলে পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ২০১৪ সালে জনগণের ভালোবাসায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। জনগণের সমর্থন এখনও অটুট আছে। চেয়ারম্যান-মেম্বারদের পুলিশের হয়রানির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কোনো জনপ্রতিনিধি আমার কাছে অভিযোগও জানাননি। বিভিন্ন মাধ্যমে শুনে ‍পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। চেয়ারম্যান শাহীন হাওলাদারের ওপর হামলাকারী জামায়াতের কেউ নন। তাঁর সঙ্গে কোনো সম্পর্ক নেই।

পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী জানান, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদারের ওপর হামলার পর বিষয়টি মীমাংসার জন্য তিনি থানায় গিয়েছিলেন। ঘটনার পর এবং কয়েক দিন পরে সংবাদ সম্মেলনে অভিযুক্ত জাকারিয়া মুন্সী বিপরীত বক্তব্য দিয়েছেন।
শামীম সাঈদী বলেন, এতে প্রতীয়মান হয় যে ঘটনার জন্য তিনি দোষী। তবে তিনি জামায়াতের কর্মী নন, একজন সুযোগসন্ধানী। একই এলাকার হওয়ায় এখন মাসুদ সাঈদীর আশপাশে ঘুরঘুর করতে পারেন।

ইন্দুরকানীর কয়েকজন জনপ্রতিনিধিকে মামলা ছাড়াই গ্রেপ্তার প্রসঙ্গে পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের বলেন, কাগজপত্র না দেখে তাদের গ্রেপ্তারের বিষয়ে সঠিক কিছু বলা যাবে না।
আটকের পর চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানানো হলে এসপি বলেন, তদন্তে চুরির সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণ পেলে সে তো গ্রেপ্তার হবেই। বিএনপির কেউ আমার কাছে অভিযোগ করেননি।




ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে বিজিবি মোতায়েন

রাজধানীসহ ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকালে শরীফুল ইসলাম জানান, ঢাকা, নায়ারণগঞ্জ ও গাজীপুরে বিজিবির ১৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে কয়েকটি ছবি পাঠানো হয়। এসব ছবিতে রাজধানীর শাহবাগের ইন্টার কন্টিনেন্টাল হোটেল ও বাংলাদেশ শিশু একাডেমির সামনে এবং আরও কিছু জায়গায় বিজিবি সদস্যদের মোতায়েন দেখা গেছে।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চলমান পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) দলগুলোকে মাঠে থাকতে অনুরোধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা অনেক সময় বলেন, সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। সহজে যাতে জামিন না পায়, সেজন্য যারা জামিন দেন, আমরা তাদের কাছে অনুরোধ করব। সন্ত্রাসী যারা জেল থেকে জামিনে বের হচ্ছে, তারা অন্য ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে যেন আবার আইনের আওতায় নিয়ে আসা হয়।

গত দুই দিন ধরে বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, এগুলো যেন আর না হয়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যারা করছে, তারা দুষ্কৃতকারী। তাদের প্রতিহত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।

প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, দুটি ঘটনায়ই সন্ত্রাসী বাহিনীর মধ্যে হয়েছে। জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো সন্ত্রাসী দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল এলাকা, রেলওয়েসহ কেপিআইভুক্ত স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে, বাসে আগুন দেওয়ার জন্য যেসব সড়কের পাম্প থেকে তেল নেওয়া হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর কুর্মিটোলা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ জানান, দেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকার বিষয়ে তারা চিঠি দিয়েছেন। হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, চলমান পরিস্থিতিতে বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিতে বলেছে বেবিচক।

 




দুমকির চেয়ারম্যান আজাহার আলী মৃধা গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকলীগ আহ্বায়ক ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুমকি থানা পুলিশ আজাহার আলী মৃধাকে আটক করে পরে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, “আজাহার আলী মৃধাকে দুমকি থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।’’

তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ওসি। তিনি আরও জানান, আটক আজাহার আলী মৃধাকে বুধবার (১২ নভেম্বর) পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারের খবর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, আজাহার আলী মৃধা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাজধানীতে ভোরে দুই বাসে আগুন

রাজধানীতে ভোরে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশ বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।




বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অবশেষে অনশন ভাঙলেন তারেক

নির্বাচন কমিশনের দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্যসচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদে বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।

তিনি বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি।

আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।




বরিশালে সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম

সপ্তাহের ব্যবধানে বরিশালে ২০-৩০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। শীতকালীন সবজি বাজারে উঠলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। ব্যবসায়ীরা বলেছেন কিছুদিনের মধ্যে দাম কমবে। সোমবার (১০ নভেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট ঘুরে এমন দেখা গেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে।

এখন সব ধরনের সবজি বাজারে উঠেছে। সবজির দাম কিছুদিনের মধ্যে আরও দাম কমবে। তবে পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিভিন্ন দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি শিম গত সপ্তাহে ৪০-৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা। বাঁধাকপি গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা, ফুলকপি গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে পাইকারি ৭০-৮০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১১০-১২০ টাকা বিক্রি হচ্ছে। পটোল গত সপ্তাহে ২০-২৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪৫ টাকা, করলা গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা, শসা গত সপ্তাহে ২০-২৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, বরবটি গত সপ্তাহে ৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা, মিষ্টি কুমড়া গত ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, লাউ গত সপ্তাহে ২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, কাঁচাকলা হালি ১৫-২০ টাকা, লেবু হালি ১০-১২ টাকা, বেগুন গত সপ্তাহে ৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫৫ এদিকে পোর্ট রোড বাজার,

বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ১২০-১৫০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, করলা ৬৫-৭০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪৫ টাকা, লাউ ৪০ টাকা, কাঁচাকলা হালি ২৫-৩০ টাকা, লেবু হালি ২০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি শিম ৮০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা ও ফুলকপি ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে।

গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাংলাবাজারে আসা কবির বলেন, ‘বেশ কিছুদিন ধরে খুচরা বাজারে সবজির দাম অতিরিক্ত। মাঝে একটু কমলেও এখন আবার সবজির দাম চড়া।

শীতকালীন সবজি পর্যাপ্ত বাজারে উঠলেও দাম বেশি। এক কিলোমিটার দূরে পাইকারি সবজির বাজার। এটুকু ব্যবধানে খুচরা বাজারে সবজির দাম অনেক বেড়ে যায়।’ নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ বলেন, ‘পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়।

তার মধ্যে বৃষ্টির কারণে সব জায়গায় খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়েছে। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।’

বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক মো. আমিন শুভ জানান, ‘বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। কিছুদিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। খুচরা ব্যবসায়ীরা নানান খরচের দোহাই দিয়ে আরও বেশি দামে বিক্রি করছে।’




পটুয়াখালীতে ৪ হাজার টাকা দিয়েও মেলেনি প্রতিবন্ধী বরাদ্দের চাল!

পটুয়াখালীর দুমকিতে অসচ্ছল ও প্রতিবন্ধী হওয়া সত্বেও ৩০কেজি খাদ্য সহায়তার কার্ড করতে চেয়ারম্যানকে দিতে হয়েছে ৪ হাজার টাকা। বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও টাকা দিয়েও মেলেনি (ভিডব্লিউবি)-এর বরাদ্দকৃত চাল। ঘটনাটি ঘটেছে উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় হাসি বেগম তার কার্ড নিয়ে উপস্থিত হলেও উপজেলা প্রশাসনের আপত্তিতে তাকে বরাদ্দের চাল দেয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নুরুল ইসলামের স্ত্রী প্রতিবন্ধী হাসি বেগমের কাছ থেকে চলতি বছরের মার্চ মাসে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান ৪ হাজার টাকা নিয়ে একটি ভিডব্লিউবি কার্ড করে দেন।

পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে কার্ডটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে সেটির বিতরণ স্থগিত করা হয়। অভিযোগ করে হাসি বেগম বলেন, পারভীন নামের এক নারী চেয়ারম্যানের মাধ্যমে টাকা নিয়ে কার্ডটি করে দিয়েছিল, কিন্তু চাল তুলতে গেলে তাকে বঞ্চিত করা হয়। এ বিষয়ে অভিযোগ জানাতে রোববার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে গেলেও তারা তখন উপস্থিত না থাকায় অভিযোগ জানাতে পারেননি।

তবে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, পরিবারটি অতি দরিদ্র ও প্রতিবন্ধি হওয়ায় মানবিক কারণে কার্ডটি দেয়া হয়েছে। টাকা নেয়ার অভিযোগ মিথ্যা। স্থানীয়রা জানান, মুরাদিয়া ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে।

হাসি বেগমের ঘটনায় বিষয়টি আবার আলোচনায় এসেছে। তারা প্রশাসনের তদন্তের দাবি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি আমরা তদন্ত করবো, কোন ধরনের অনিয়ম হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’




বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন

বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।

সভায় জানানো হয় বরিশালে অক্টোবর মাসে মোট ৪৩২টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪৭ টি ও জেলায় ২৮৫ টি। অক্টোবর মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে একটি অপহরণের ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপহরণের সংখ্যা বেড়েছে।

অপরদিকে মেট্রোপলিটন এলাকায় ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫টি। অপরদিকে জেলায় ২৮৫ টি অপরাধ সংগঠিত হয়েছে। সেপ্টেম্বর মাসে জেলায় ১৮৬ টি অপরাধ সংগঠিত হয়েছে। এ থেকে বোঝা যায় অক্টোবর মাসে বরিশাল জেলায় অপরাধের সংখ্যা বেড়ে গেছে।

আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন-নির্বাচনকে সামনে রেখে যাতে কোন অপরাধ না ঘাটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শহরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন-কোন রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।




পি‌রোজপু‌রে গাঁজাসহ মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে গাঁজাসহ বাবা তার ছেলেকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে রবিবার (৯ ন‌ভেম্বর) সন্ধ‌্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরু‌দ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮,৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ক‌রেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী।

মাদকাসক্ত যুবক উপজেলার না‌জিরপুর সদর ইউনিয়নের বু‌ড়িখালী এলাকার আনসার শেখের ছেলে নাঈম।

গাঁজা সেবনের পাশাপাশি সে মাদক বিক্রির সঙ্গেও জড়িত বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

না‌জিরপুর থানা পুলিশের উপসহকা‌রী পু‌লিশ প‌রিদর্শক মো. সা‌জেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি বিক্রিও করেন। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন।

গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। পরে নাঈমের বাবা স্থানীয় চৌ‌কিদার মো. এনামুল হকের সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর উপ‌জেলা সহকা‌রী কমিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী ঘটনাস্থ‌লে এসে মোবাইল কোর্টের মাধ‌্যমে তা‌কে ১ মা‌সের কারাদণ্ড ও ১০০ টাকা জ‌রিমানা ক‌রেন।

নাজিরপুর উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাদকদ্রব্য আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদ আল মাহামুদ ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে একটি ফোর্স পাঠাই৷ সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন সঙ্গে ১০০ শত টাকা জরিমানা করেন।




প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের অংশ হিসেবে শিক্ষকরা শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং শিক্ষকরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়া, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা প্রায় তিন লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন একাদশ থেকে দশম এবং ত্রয়োদশ থেকে দ্বাদশ গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। তবে এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সহকারী শিক্ষকরা।

এদিকে, সহকারী শিক্ষকদের আরেকটি অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে ১৫ নভেম্বর পর্যন্ত দাবি আদায়ের সময়সীমা দিয়েছে। দাবি পূরণ না হলে তারা ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।