পটুয়াখালীতে কলেজ প্রভাষককে মারধরের অভিযোগ, ১১ জনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ আহম্মেদ মারধরের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জন এই ঘটনায় জড়িত।

গত রোববার (১৯ জানুয়ারি) রাতে চরমোন্তাজ স্লুইস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল শিক্ষক রিয়াজ আহম্মেদকে বাজার থেকে ধরে নিয়ে যায়। তাকে প্রকাশ্যে মারধর করা হয় এবং শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে। ছবিতে নজরুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করার পর নজরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া, কলেজের এডহক কমিটির সভাপতি পদে তার পছন্দের প্রার্থী মনোনীত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নজরুল ও তার সমর্থকরা কলেজ গেটে তালা লাগিয়ে দেন।

হামলার শিকার শিক্ষক রিয়াজ আহম্মেদ জানান, তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং প্রভাবশালীদের কারণে স্থানীয়রা ভয়ে সাহায্য করতে সাহস পাননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরের দিন, সোমবার (২০ জানুয়ারি), কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় নজরুল ইসলামসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে নজরুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ তাকে মারধর করেনি। শুধু ফেসবুকে ছবিটি শেয়ার করার কারণ জানতে চাওয়া হয়েছে।”

রাঙ্গাবালী থানার ওসি মো. এমারৎ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আদালতে মামলা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শান্তি স্থাপন ও সব যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বব্যাপী শান্তিস্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ গ্রহণের পর দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে জানান, তার শাসনামল হবে শান্তিস্থাপন ও এককীকরণকারী হিসেবে। এছাড়া বিশ্বের যত যুদ্ধ আছে নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে বলছি, গতকাল (রোববার) আমি দায়িত্ব নেওয়ার একদিন আগে, মধ্যপ্রাচ্যের জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরা শুরু করেছে।”

ট্রাম্প আরও বলেন, “২০১৭ সালের মতো, আমরা আগের মতো ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করব। আমরা আমাদের সাফল্য শুধুমাত্র যুদ্ধে জয়ের মাধ্যমে পরিমাপ করব না। আমরা আমাদের সাফল্য পরিমাপ করব যুদ্ধ বন্ধ করে। খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, যেগুলো আমরা শুরু করিনি।”

নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের শক্তি সব যুদ্ধ বন্ধ করবে এবং বিশ্বে নতুন বন্ধনের উদ্দীপনা আনবে। যে বিশ্ব ক্ষুব্ধ, সহিংস। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”




মেয়াদ বেড়েছে ৬ সংস্কার কমিশনের

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সেগুলো হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে দিয়েছে। এরমধ্যে গত ৩ অক্টোবর প্রথম দফায় এসব কমিশন গঠন করা হয়।

এরপর নভেম্বরে বাকি ৫ কমিশন গঠন করা হয়। সেগুলো হলো- স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশনের এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।




ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এ সংক্রান্ত পদক্ষেপ নেন তিনি।

এছাড়া দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণাও রয়েছে।

এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১৫০০ জনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ গ্রহণের দিনের প্রায় পুরোটা সময় তার সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন।

ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেন, তখনই তিনি ঘোষণা করেন- ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন। সেসময় উপস্থিত জনতার মধ্য থেকে আনন্দধ্বনি শোনা যায়। একজন নারী চিৎকার করে বলেন, ‘ফ্রিডম!’ বা (স্বাধীনতা)।




সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।

আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।




দুমকি পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় বিক্ষোভ, শিক্ষার্থীদের প্রতিবাদ

পটুয়াখালীর ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় ছাত্রাবাস ভাঙচুর এবং সাধারণ শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গত সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দাবি করেছেন, মাদ্রাসার শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মো: জাবের হোসাইন, ২য় বর্ষের মো: রবিউল ইসলাম এবং মো: রেজাউল ইসলাম। বক্তারা বলেন, গত রবিবার (১৯ জানুয়ারি) সকালে নাঈম বিশ্বাস ও সিরাজুল ইসলামের নেতৃত্বে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন মাদ্রাসার প্রবেশমুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মাদ্রাসায় প্রবেশে বাধা দেয়। এছাড়াও, ছাত্রাবাসের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গেলে তাদের জোরপূর্বক বের করে দেয় এবং শিক্ষকদের সাথে অশোভন আচরণ করা হয়। এসব ঘটনায় শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তারা অভিযোগ করেন, এখনো বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ভীতি দেখাচ্ছে এবং চলে যেতে হুমকি দিচ্ছে।

এদিকে, শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং গভর্নিং বডির সভাপতির কাছে স্মারক লিপি পেশ করার ঘোষণা দেয়। তারা দাবি করেছেন, মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং বহিরাগতদের অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ওসমান শামীম বলেন, “অসৎ উদ্দেশ্যে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা মাদ্রাসায় বিনা অনুমতিতে ঢুকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছে এবং হোস্টেলে তাণ্ডব চালিয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডিকে অবহিত করেছি।” তিনি আরও জানান, গত রবিবার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মাদ্রাসার নতুন গভর্নিং বডি গঠনে স্বচ্ছতা এবং অধ্যক্ষের আর্থিক অনিয়মের অভিযোগে মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শামীম তালুকদার (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে এবং পরে কলাপাড়া থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ প্লান্টের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম গত ১২ জানুয়ারি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিদ্যুৎ প্লান্টের ভেতর থেকে স্ক্র্যাপ মালামাল চুরির অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলার প্রধান আসামি সোহেল মোল্লাসহ চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাত এবং লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করছিল।

মামলার তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়েছে। অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্লান্ট থেকে মূল্যবান স্ক্র্যাপ চুরি করে বিক্রি করছিল। র‍্যাবের তৎপরতায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ওসি জুয়েল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত শামীম তালুকদার দীর্ঘদিন ধরে এ চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গলাচিপার পাঁচ কৃতি শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির গৌরব

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচজন মেধাবী শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস. ভর্তি পরীক্ষায় সফল হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছেন। তাদের এই সাফল্য স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং গৌরবের জন্ম দিয়েছে।

ইফতেখার আহমেদ নীরব, রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মো. কামরুজ্জামান হাওলাদার, খারিজ্জমা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আসিফ মাহমুদ নাবিল গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার পিতা মোহাম্মদ নাসির পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

বরিশাল মেডিকেল কলেজে চান্স পাওয়া আবু আব্দুল্লাহ আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং মাইলস্টোন কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেছেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া একজন পশু চিকিৎসক।

দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া খালিদ সাইফুল্লাহ উলানিয়া পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নাইমা আক্তার তিশা গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলি ক্রস কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেন। তার পিতা মো. সালাম মিয়া গলাচিপা ৪নং ওয়ার্ড সাগরদী রোড এলাকার বাসিন্দা।

এই পাঁচ কৃতি শিক্ষার্থীর সাফল্য গলাচিপার শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার করেছে। স্থানীয়রা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন এবং তাদের এই অর্জনকে গলাচিপার জন্য একটি গর্বের অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে নদীতে ফেলে দেওয়ার ৫ দিন পর মিলল নবজাতকের লাশ

বরিশালের সুগন্ধা নদীর তীরে একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যা পাঁচ দিন আগে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। শিশুটির বাবা জানিয়েছেন, শিশুর মরদেহ শনাক্ত করতে তিনি তার সদ্যজাত কন্যার জন্মের পর দেওয়া পোশাকের মাধ্যমে নিশ্চিত হয়েছেন।

সোমবার সকালে ঝালকাঠির চর বারইকরণ এলাকায় সুগন্ধা নদী থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, পুলিশ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে শিশুটির বাবা সোহেল আহমেদ দাবি করেছেন, এটি তার সন্তানই। তিনি বলেন, “বাচ্চার জন্মের পরে যে পোশাক উপহার দিয়েছিলাম, সেই পোশাকেই তার লাশ দেখতে পেয়েছি।”

পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ এবং ঝালকাঠি উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঐশি আক্তারের দেড় বছর আগে বিয়ে হয়। তবে, স্ত্রীর সঙ্গে চাকরি নিয়ে বিরোধ থাকায় তাদের সংসারে টানাপোড়েন চলছিল। এমন পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা হলে, ঐশি বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করেন এবং সোহেল আহমেদকে ছেড়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেন।

৯ জানুয়ারি ঐশি বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে একা এসে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ১০ জানুয়ারি অস্ত্রোপচার ছাড়াই কন্যাসন্তানের জন্ম হয়। এরপর ঐশি শিশুটিকে তার বোনের বাসায় নিয়ে যান।

১৫ জানুয়ারি সকালে, বাসার কাউকে কিছু না জানিয়ে ঐশি শিশুটিকে নিয়ে বের হয়ে যান এবং পরে নিজেই জানিয়ে দেন, সেতু থেকে শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন। মামা মো. মাসুদ জানান, ঐশি শারীরিক অসুস্থতা এবং বিষন্নতায় ভুগছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পাঁচ দিন পর সুগন্ধা নদীর তীরে শিশুটির লাশ পাওয়া গেলে, পুলিশ শিশুটির বাবা-মার পরিবারকে অবহিত করে এবং নিখোঁজ শিশুর বিষয়ে থানায় অভিযোগ দেয়। বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার এসআই ইব্রাহিম জানিয়েছেন, শিশুটির লাশের ডিএনএ টেস্ট করা হবে এবং শিশুটির মাকে আইনের আওতায় আনা হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলে ইয়াবাসহ একই পরিবারের তিনজন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং তাদের ছেলে নাভিল ইসলাম (২০)।

পুলিশ জানিয়েছে, নেছার চৌকিদার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরে তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারে ছেলের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, “মাদকসহ গ্রেফতার হওয়া ৩ জনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি গ্রেফতার হওয়া নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে একটি মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম