ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছার ইন্তেকাল

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকার বাসাবোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ও রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন।

মৃত্যুকালে মেহেরুন নেছার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।

সালেকীন রিমন জানান, তার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং এর আগে তিনবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকায় তার কন্যার বাসায় চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ আসর তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফখরুলের বক্তব্যে নাহিদ, আসিফ, হাসনাতের তীব্র প্রতিক্রিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত কয়েকমাসে বিএনপি’র সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমত মুখোমুখি অবস্থানে দুই পক্ষ।

বুধবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।”

ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে ‘বেরিয়ে আসা উচিত’ বলেও মন্তব্য করেন মি. আলমগীর।

বুধ ও বৃহস্পতিবার দুই পর্বে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

এছাড়া, একটি আলোচনা সভায়ও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

প্রতিক্রিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও।

সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন।

নাহিদ ইসলাম যা বলছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, “১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিলো। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।”

“ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই অগাস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই অগাস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছ, তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে),” যোগ করেন নাহিদ ইসলাম।

“রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে” উল্লেখ করে মি. ইসলাম আরো বলেন, “অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে।”

নাহিদ ইসলাম আরও লিখেছেন, “আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ই অগাস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে।”




ইসির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই ‘অটোপাস’

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে চারশ’র বেশি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসি ছেড়ে স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগে যাওয়ার আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলেন সাবেক সচিব জাহাংগীর আলম। এই নিয়োগে নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা সবাইকে পাস করানো হয়েছে এবং ৭৪৭ জন পরীক্ষা না দিয়েও পাস করেছেন।

এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদনকারীর মধ্যে মাত্র ১৩ শতাংশ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে সবাই পাস করেন। তারাসহ পরীক্ষা না দিয়ে পাস করা ৭৪৭ জন লিখিত পরীক্ষায় বসবেন আগামী ৩১ জানুয়ারি।

সংশ্লিষ্টরা জানান, ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে ২০১৯ সালের ২০ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এই নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মোট এক লাখ ৩৮ হাজার ৮৯৪ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেন। কিন্তু আইডিইএ প্রকল্পের আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটরদের মামলাজনিত কারণে দীর্ঘদিন এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি।




সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য– এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে।

সূত্র জানায়, সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫ শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল। এ ক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে ১০ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল। আর ১৫ শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াত– প্রায় ৫ হাজার ৭৫০ কোটি টাকা। অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে।




দুমকীতে চাঁদার দাবিতে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর দুমকি উপজেলায় চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে মো. বেল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ না নেওয়ায় চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান লাল মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট এবং বসতঘরে ভাঙচুর করে।

ভুক্তভোগী বেল্লাল হোসেন জানান, তিনি সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স দেখাশোনার দায়িত্বে রয়েছেন। গত কয়েকদিন ধরে মিজানুর রহমান লাল মিয়া তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন লাল মিয়া।

বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তার বাড়িতে এসে দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরে ঢোকার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মিজানুর রহমান লাল মিয়ার পরিবার একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছেন।

অভিযুক্ত মিজানুর রহমান লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বেল্লাল আ.লীগের দোসর। তাকে বিতর্কিত করার জন্য নাটক সাজিয়েছে।”

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হলেও তারা কোর্টের আশ্রয় নিয়েছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে জমি দখল ও হুমকির অভিযোগ থানায় দাখিল

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোসাম্মৎ শিউলি বেগম (৪৫), কুড়িপাইকা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা গাজী মো. মাসুদুর রহমানের স্ত্রী। তিনি গত ২১ জানুয়ারি পটুয়াখালী সদর থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের নম্বর ৩৬।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা এলাকার বাসিন্দা মো. লোকমান হোসেন মাঝি (৩২), মো. হায়দার আলী মাঝি (৬৫), মোসাম্মৎ রুমা বেগম (৩৫) ও মোসাম্মৎ সুমাইয়া আক্তার (২৭) এর নাম।

বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা তার জমি জোরপূর্বক দখল করতে চেয়েছেন এবং এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

 

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বাউফল-বগা আঞ্চলিক সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মানিক চৌকিদারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের বাসিন্দা আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।

বগা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, “ধারণা করা হচ্ছে, কোনো পরিবহন অথবা ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মাথা থেঁতলে গেছে। দোষী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।”

স্থানীয়দের মতে, ভোরের সময় সড়কটি প্রায় জনশূন্য থাকে, ফলে দুর্ঘটনার সঠিক সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী যানবাহন শনাক্তে জোর দাবি জানান।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লস অ্যাঞ্জেলেসের কাছে ফের আগুন, ৩১ হাজার লোককে ঘর ছাড়ার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক;  সাম্প্রতিক সময়ে দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি। এর মধ্যেই নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়।

আর এরই জেরে ৩১ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেসের কাছেই নতুন করে ছড়িয়ে পড়ে দাবানল। পালিসেডেস এবং ইয়াটনের পর এ বার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক-সংলগ্ন এলাকা। ইতোমধ্যেই ৩১ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক লেক। লেকের আশপাশের এলাকাজুড়ে বহু মানুষ বসবাস করেন। মার্কিন সংবাদমাধ্যম বলছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ হাজার একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন।

এছাড়া শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আর এই কারণে এলাকার সমস্ত বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। যে কোনও মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

পরিস্থিতির অবনতি হলে সাময়িক ভাবে প্রয়োজনীয় ওষুধপত্র, মূল্যবান সামগ্রী এবং পোষ্যদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে তাদের।

এদিকে ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ। ফলে সড়কপথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্যও জারি হয়েছে সতর্কতা। যেকোনও সময় জেলে থাকা ৪ হাজার ৬০০ বন্দিকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হতে পারে। আর এ জন্য প্রয়োজনীয় বাসও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে চলতি মাসেই আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলেসে। সেখানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পালিসেডেসের দিকে আট জনের মরদেহ পাওয়া গিয়েছিল। বাকি ১৬ জনের মরদেহ পাওয়া গিয়েছিল ইয়াটনের দিক থেকে। ওই আগুনে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

আমেরিকার ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম। প্রথম দফার ওই আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়।

তবে অনুমান করা হচ্ছে, ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের (সাড়ে ১৩ হাজার কোটি মার্কিন ডলার) ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।




মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর জয়শঙ্করের সাথে নিজের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন: “আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না।”

এদিকে ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী মাসে (ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বলে জানা গেছে। চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত। দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এ দুটি বিষয় থাকবে।

এছাড়া হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এমন অবস্থায গত সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকও করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প-মোদি বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি জয়শঙ্করের এজেন্ডায়ও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। মূলত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনও ধরনের বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ না করে।




জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে।

ভলকার টুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশ পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, যা জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে করা হবে।

এ সময় ড. ইউনূস ইউএন মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সম্পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে টুর্ক জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন, যার মধ্যে ইউএনের বিশেষ দূত জুলি বিশপও আছেন।

ড. ইউনূস মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি ইউএন-পর্যবেক্ষিত নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান, যাতে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যায়।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ-স্তরের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে।

টুর্ক সম্মত হন যে, এমন একটি সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রোহিঙ্গা সংকটের প্রতি ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের জেনেভায় স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

সূত্র : বাসস।