পটুয়াখালীতে ঠান্ডাজনিত রোগে তিন সপ্তাহে হাসপাতালে ৫৬৩ শিশু

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে শীতে জেঁকে বসেছে দক্ষিণের জনপদে। দক্ষিণের হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর থেকে গ্রামাঞ্চলে। ফলে পটুয়াখালীতে শিশুদের ঠান্ডাজনিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে। তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৬৩ জন শিশু রোগী।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বর্তমানে দ্বিগুন রোগী ভর্তি রয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ করে ঘন কুয়াশার সঙ্গে বেশি ঠান্ডা পড়ার ফলে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের শিশুদের ব্যাপকভাবে দেখা দিয়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়েরিয়াসহ নানা রোগ-ব্যাধি।

পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪০টি বেড’র বিপরীতে ভর্তি রোগী সংখ্যা ১১৬ জন। আসছে নতুন রোগীও। ওয়ার্ডে জায়গা না পেয়ে মানুষ চলাচলের পথে অসুস্থ শিশুদের নিয়ে মায়েরা অবস্থান করছেন। এতে বেডে সেবা নিতে হচ্ছে দুইজন শিশু সহ চার জনকে। এতে করে সুস্থ হওয়ার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে আসা আছিয়া বেগম বলেন, ‘আমাদের একটি বেডে তিনজন শিশুরোগী নিয়ে চিকিৎসা নিতে হয়। এতে মা থাকে কোথায় আর শিশুরাও বা থাকে কোথায়। অনেক সময় শিশুরা নিচে পড়ে আহত ঘটনা ঘটেছে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আখী রানি বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে দিন দিন ঠান্ডাজনিত শিশু রোগের সংখ্যা বেড়েই চলছে। ৪০টি বেডের বিপরীতে রোগী বেশি থাকায় আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। গত দুই মাসে ৩ শিশুর মৃত্যু হয়েছে।




গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জীবনব্যাপী ডায়াবেটিস’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন (কনসালটেন্ট মেডিসিন), ডা. সালাউদ্দিন মাহমুদ তুহিন, ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন, ডা. নাঈমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. তুষার আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তরিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার পাপড়ি মল্লিক, প্রোগ্রাম অর্গানাইজার পিজুষ বালা, মহুয়া রহমান প্রমুখ।

এছাড়াও স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, ডায়াবেটিস ইনসুলিনের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ডায়াবেটিস রোগীদেরকে পুষ্টি খাবার খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা নিয়মিত নিয়ম মেনে যদি একটু সতর্ক থাকেন তবে অধিকাংশ ক্ষেত্রে অল্প ওষুধেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন।

ডায়াবেটিসের কারণে হার্ট ও প্রেসারসহ নানা জটিলতা দেখা দেয়। সকল পর্যায়ের সকলকেই ডায়াবেটিস প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।




পিরোজপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই ডাকাত আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার সরদার নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরও ৭–৮ জন পালিয়ে যায়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে পৃথক অভিযানে আরও ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাছের বলেন,“আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন আমাদের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।

কোনো অপরাধীই আইনের বাইরে থাকবে না। পিরোজপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের অভিযান চলমান, এবং এই ধারাবাহিকতা আরও জোরদার করা হবে।”




বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে পোস্ট করে ভিডিওটি বরগুনার বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজাউল কবির রেজা।

বুধবার রাত ১টার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। ভিডিওতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে।

ধারণা করা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্ধকার থাকায় ভিডিওতে থাকা যুবককে দেখা যায়নি। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।




দুমকিতে গো-খাদ্যের তীব্র সংকট, খামারিদের দুঃসময়

পটুয়াখালীর দুমকি উপজেলায় গো-খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এতে স্থানীয় খামারিরা পড়েছেন চরম বিপাকে। একদিকে খড়, ভুষি ও খৈলের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে, অন্যদিকে মাঠে ঘাসের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। শুষ্ক মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে গরু-মহিষ পালন এখন অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামের খামারিরা জানান, গত মৌসুমে ধান কাটার পর পর্যাপ্ত খড় মজুত করতে পারেননি তারা। সামান্য যে পরিমাণ খড় ছিল, তা বন্যা ও টানা বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেছে। ফলে বাজার থেকে চড়া দামে খড়, ভুষি ও খৈল কিনতে হচ্ছে। বর্তমানে প্রতি মণ খড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। একইভাবে গমের ভুষি ও সরিষার খৈলের দামও বেড়েছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত।

শ্রীরামপুর গ্রামের খামারি মো. মজিবুর রহমান মৃধা জানান, আগে প্রতি মাসে গরুর খাবারে খরচ হতো ৮ থেকে ১০ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। তার ভাষায়, “এই খরচে গরু পালন করে লাভ করা তো দূরের কথা, টিকে থাকাই কষ্টকর।” তিনি আরও জানান, ছোট খামারিরা অনেকেই লোকসানের ভয়ে গরু বিক্রি করে দিচ্ছেন।

কৃষক হারুন সিকদার বলেন, খড় ও ঘাসের অভাবে গরু-বাছুর অনেক সময় না খেয়ে থাকে। শরীর শুকিয়ে যাচ্ছে, দুধও কমে গেছে। “দুরে মাঠের ধানগাছ আর সামান্য কাঁচা ঘাস জোগাড় করে কোনোমতে দিন পার করছি,” বলেন তিনি।

দুমকি উপজেলা সহকারী পশুসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অশোক হালদার জানান, টানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠের সবুজ ঘাস নষ্ট হয়ে গেছে, ফলে গো-খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এতে শুধু পশুপালন নয়, দুধ উৎপাদনেও প্রভাব পড়েছে। গত মাসের তুলনায় স্থানীয় বাজারে দুধের সরবরাহ কমেছে প্রায় ৩০ শতাংশ, ফলে লিটারপ্রতি দুধের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

স্থানীয় খামারিরা অভিযোগ করেছেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তারা কার্যকর সমাধান পাচ্ছেন না। তবে কৃষি বিভাগ জানিয়েছে, আগাম মৌসুমে গো-খাদ্য উৎপাদনে উৎসাহ দিতে কৃষকদের বীজ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে।

স্থানীয়দের আশঙ্কা, সরকার দ্রুত হস্তক্ষেপ না করলে আসন্ন শীত মৌসুমে দুমকির গরু খামারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জনতা গুলিস্তানে সমবেত হয়ে দলটির অফিসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এর আগে, শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সেসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারসহ নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও হাতে লাঠি নিয়ে অবস্থান নিতে দেখা যায়। তাদের ব্যানারে লেখা ছিল সংগঠনের নাম ও কর্মসূচির আহ্বান।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর ভবনটি কয়েক মাস পরিত্যক্ত থাকার পর ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ পক্ষের শক্তিগুলো সেখানে স্থাপন করে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




ঢাকা-গোপালগঞ্জ-মুন্সিগঞ্জ-টাঙ্গাইলে যানবাহনে আগুন

রাজধানীসহ চার জেলায় গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার সকালে জানান, আগুন লাগার ঘটনাগুলো ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ঘটে।

তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এরপর রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। একই সময়ের কাছাকাছি টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা আরেকটি বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নেভায়।

রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে ট্রাকে আগুন দেওয়া হয়, আর ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিনে দেশে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।




পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।’

পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।




ঢাকাসহ আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বুধবার থেকেই দায়িত্ব পালন করছেন তারা।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। বুধবার রাত থেকে এ পর্যন্ত নাশকতার চেষ্টাকালে কয়েকজনকে আটকও করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১৩ নভেম্বর ঘিরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ ও বাস টার্মিনালসহ সব ধরনের গণপরিবহন কেন্দ্র বর্তমানে কড়া নজরদারিতে রয়েছে।

বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।




ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।