এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) নতুন এ দামের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে জানুয়ারি মাসের শুরুতে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে জানুয়ারি শুরুতে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। এরপর গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনর্নির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।




সামান্য কমবে দিন ও রাতের তাপমাত্রা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের শুরুতে তাপমাত্রা হ্রাস পেতে পারে।




হুমকিতে চুক্তি, গাজায় আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা কাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়ার কথা। তবে হিব্রু সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, কাল কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।



গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’।

গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন।

‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।

টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন।

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনে বালাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এরআগেও এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন।

সূত্র: দ্য মেইল অন সানডে




পটুয়াখালীতে মরিচ চাষে কৃষকদের নতুন আশা, আবাদ বাড়ছে দ্বিগুণ

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ আবাদি ও অনাবাদি জমিতে এবার ব্যাপকভাবে মরিচের চাষাবাদ শুরু হয়েছে। কৃষকরা চাহিদার কথা চিন্তা করে এবং লোকসান কাটিয়ে উঠতে মরিচের চাষ করছে। মাঠজুড়ে মরিচ গাছের শোভা দেখে মনে হয় লাল-সবুজ গালিচা বিছানো। এমন দৃশ্য কৃষকদের মধ্যে আনন্দের ঝিলিক ফুটিয়ে তুলেছে। চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হওয়ার পাশাপাশি মরিচের ঝালও বেশি হবে বলে জানান চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন জায়গায় মিন্টু সুপার, লঙ্কা, হাইব্রিড-৬৫৩, বীজ প্লাস, সানী ও বিজলী প্লাসসহ নানা জাতের মরিচের আবাদ হয়েছে। কৃষকরা উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিবছর দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে থাকে। মাঠ থেকে মরিচ তোলার কাজে নারী, পুরুষ এবং শিশুরা দলবেধে অংশগ্রহণ করে। স্কুল বন্ধ থাকলে শিশুরাও তাদের পরিবারকে সাহায্য করে মরিচ তোলার কাজে। এছাড়া কৃষক পরিবারের বাইরেও নারী শ্রমিকরা মরিচ তোলার কাজে যুক্ত হন।

কৃষকদের মতে, খেত থেকে যারা মরিচ তুলে আনেন তাদেরকে ৪ ভাগের ১ ভাগ দিতে হয়। মরিচ চাষের জন্য পানি সেচ, সার, ওষুধ ও পরিচর্যায় অনেক টাকা ব্যয় হয়।

উপজেলার রনগোপালদী গ্রামের মরিচ চাষী মো. শাহ আলম জানান, গত কয়েকবছরের চেয়ে এবারের মরিচের ফলন ভালো হবে এবং অন্যান্য বছরের তুলনায় এবারে মরিচ চাষ দ্বিগুণ হয়েছে। কৃষকরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে মরিচের চাষ করছেন। বিগত বছরগুলোতে ভালো ফলন ও কাক্সিক্ষত দাম পাওয়ায় অনেক কৃষক মরিচ চাষে ঝুঁকেছেন।

মরিচ চাষী হাবিব জানান, ধান ও গমের মতো যদি সরকার মরিচের মূল্য নির্ধারণ করত, তবে কৃষকরা আরো লাভবান হতেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের ৫০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ১০-১২ টন কাঁচা মরিচ এবং ২-৩ টন পাকা ও শুকনো মরিচ উৎপাদিত হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। একই ইউনিয়নের মরিচ চাষী সেলিম জানান, গতবছর ভালো দাম পাওয়ায় এবারে তিনি বেশি জমিতে মরিচ চাষ করেছেন এবং ফলন ভালো হবে বলে আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে কৃষকদের ন্যায্য দাম পাওয়াটা অত্যন্ত জরুরি, অন্যথায় আগামীতে অনেক কৃষক মরিচ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবিনা ইয়াসমীন আইসিইউতে

দীর্ঘদিন পর মঞ্চে ফেরেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে একটি কনসার্টে গান গাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সোয়া এক ঘণ্টা গান গাওয়ার পরই সাবিনা ইয়াসমীন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমীনের ভার্টিগো সমস্যা রয়েছে। গান গাওয়ার সময় হঠাৎ এই সমস্যা দেখা দেয়। মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে না পারলে তিনি পড়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন এবং রাত সাড়ে ১০টার সময় তাকে বাসার দিকে নিয়ে যাওয়া হয়। তবে পরবর্তী সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ১ ফেব্রুয়ারি শনিবার তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার। সাবিনা ইয়াসমীনের অসুস্থতা নিয়ে সকলেই উদ্বিগ্ন।

সাবিনা ইয়াসমীন সম্প্রতি ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। তবে এরপর দীর্ঘদিন ধরে তাকে মঞ্চে দেখা যায়নি।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রহস্যঘেরা পারভীন ববির বায়োপিকে তৃপ্তি দিমরি

বলিউডের অন্যতম রহস্যময় এবং আলোচিত অভিনেত্রী পারভীন ববির জীবন এখন পর্দায় উঠে আসছে। সেলিব্রিটির জীবনে ছিলো নানা রহস্য, এবং অল্প বয়সে মৃত্যুর পর তার মৃত্যু নিয়েও রয়েছে অনেক অজানা প্রশ্ন। একসময় অভিনয়, নাচ, আবেদন এবং বৈচিত্র্যময় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বলিউডে আলোড়ন সৃষ্টি করা পারভীন একেবারেই অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যান, আর তার মৃত্যুর কাহিনী এখনো সমাধান হয়নি।

এবার, এই নায়িকার জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি বায়োপিক সিরিজ। তবে এই সিরিজটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। তার জীবনের রহস্য, সাফল্য এবং সংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

এদিকে, দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিলো, কে পর্দায় পারভীন ববির চরিত্রে অভিনয় করবেন। বলিউডভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার আজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই চরিত্রের জন্য তৃপ্তি দিমরিকে চূড়ান্ত করা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রও নিশ্চিত করেছে যে, তৃপ্তি শুটিংয়ের জন্য সিডিউলও দিয়েছেন এবং নির্মাতা সোনালি বোস এবং তার দল দ্রুত শুটিং শুরু করতে প্রস্তুত।

এছাড়া, পারভীন ববি তার জীবনে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেতা কবির বেদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যও পরিচিত। ফলে, এই দুটি চরিত্রও সিরিজের অংশ হয়ে উঠবে কিনা তা এখন প্রশ্নের বিষয়। এবং যদি তারা সিরিজে থাকেন, তবে কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন, তা নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




৫৩ বছরের নির্বাচন পদ্ধতিতে ফ্যাসিস্টের জন্ম হয়েছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন চলছে, সেই পদ্ধতিতে ফ্যাসিস্ট, খুনি এবং টাকা পাচারকারীর জন্ম হয়েছে।” তিনি আরো বলেন, “বিশ্বের ৯১ দেশে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির নির্বাচন রয়েছে, যেখানে প্রতিটি ভোটারের মূল্যায়ন করা হয় এবং সংসদে প্রতিটি দলের অংশীদারত্ব থাকে। এভাবে নির্বাচনে এককভাবে কেউ ফ্যাসিস্টের মতো দেশ পরিচালনার সুযোগ পায় না।”

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে যারা এই দেশ পরিচালনা করেছেন, তাদের মাধ্যমে আমরা যে পরিস্থিতি দেখেছি, তা নতুন করে আর স্মরণ করিয়ে দিতে চাই না। গত ৫৩ বছরে আমরা দেখেছি, রাস্তায় নামলে গুম হয়ে যায়, আর ঘরে থাকলে খুন হয়ে যায়। আমাদের কষ্টার্জিত টাকাগুলো যারা ক্ষমতায় ছিলেন তারা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি, যে সকল সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক এবং এক থেকে দেড় বছরের মধ্যে একটি সুন্দর জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক। আমরা সতর্কতার সাথে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছি, কারণ ইতোমধ্যে ফ্যাসিস্ট ভারত বিভিন্ন মিটিং করে আমাদের দেশের অশান্তি সৃষ্টির ছক তৈরি করেছে।”

মুফতি রেজাউল করিম বলেন, “বিএনপিসহ অন্যান্য দলগুলোর উচিত জাতীয় ঐক্য নিয়ে একত্রে কাজ করা। একসাথে থাকলে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।”

ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউছুফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাওলানা নূরউদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি এবং মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুরে ‘ছাত্রলীগের’ হামলায় ৩ শিবির কর্মী আহত

পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগের কর্মীদের হামলায় ৩ শিবির কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) এবং সাইদুল ইসলাম (১৮)। তারা সবাই শিবির কর্মী বলে জানা গেছে।

শিবির নেতা ও ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। সারা দেশে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগ, এবং তারই অংশ হিসেবে এখানে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের কর্মীদের দেখে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।”

আহত সাইদুল ইসলাম বলেন, “রাতে আমাদের তিনজনকে পেয়ে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এর আগে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “শুক্রবার রাতে বালিপাড়ায় এক হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। আহতরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগ কর্মী। অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নেব।”

মো. তামিম সরদার
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত

রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, মূলধন ও ডলারসংকট, কাঁচামালের অপর্যাপ্ততা, শ্রমসংকট এবং পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে বাংলাদেশে শিল্প খাত মারাত্মক সংকটে পড়েছে। দেশের বড় থেকে ছোট সব ধরনের শিল্পই বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শিল্প খাতের উৎপাদন কমার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি শ্রম অসন্তোষ, মূলধন সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং পণ্যের চাহিদা হ্রাস অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সিমেন্ট, রড, স্টিল, ওষুধ, ওয়েভিং টেক্সটাইল, নিট ফেব্রিক্স, জুট টেক্সটাইল, কাগজ, সফট ড্রিংকস, চা ও কফি, ফলজ প্রক্রিয়াজাত পণ্যসহ বিভিন্ন শিল্পের উৎপাদন কমে গেছে বলে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।

শিল্প খাতের সংকট মোকাবিলায় উদ্যোক্তা-ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করছেন, তবে এখনও সুষ্পষ্ট সমাধান মিলছে না। বিশেষ করে পোশাক এবং বস্ত্র খাতের সংকট আরও ঘনীভূত হচ্ছে, যেখানে শ্রমিক সংকট এবং মূলধন ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বড় শিল্পগুলোর উৎপাদন প্রায় প্রতিটি ক্ষেত্রে হ্রাস পেয়েছে। বিশেষত বস্ত্র খাত, নিটওয়্যার, বিল্ডিং এবং শিপস অ্যান্ড ফ্লোটিং স্ট্রাকচার, কাগজ, সার, পেট্রোলিয়াম পণ্য, ফলজ প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।

বিকেএমইএ (বাংলাদেশ Knitwear Manufacturers and Exporters Association) এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানিয়েছেন, “আমাদের মূল চ্যালেঞ্জ জ্বালানি খাত, আইনশৃঙ্খলার অবনতি, ব্যাংকিং খাত এবং কাস্টমস সংক্রান্ত সমস্যা। এসব সমস্যা সমাধান না হলে শিল্পের উৎপাদন কমতেই থাকবে এবং এর প্রভাব রপ্তানি আয়েও পড়বে।”

এছাড়া, ছোট ও মাঝারি শিল্পেও উৎপাদন কমেছে। বিশেষত ফিনিশড টেক্সটাইল, হ্যান্ডলুম টেক্সটাইল, নিট ফেব্রিক্স এবং আয়রন ও স্টিল শিল্পের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এসব শিল্পের উৎপাদন সীমিত হয়ে পড়েছে।

রড এবং সিমেন্ট শিল্পের সংকট আরও গভীর হয়ে উঠেছে। বিশেষ করে নির্মাণ শিল্পের স্থবিরতার কারণে সিমেন্ট এবং রডের চাহিদা কমে গেছে। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলমগীর কবির জানিয়েছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বন্ধ রেখেছে, যার কারণে সিমেন্ট শিল্পে ৩৫ শতাংশ পর্যন্ত চাহিদা কমে গেছে।

এদিকে, সরকারি প্রকল্পের কাজও বন্ধ হয়ে যাওয়ায় রড-সিমেন্ট শিল্পের উৎপাদন কমেছে এবং সংশ্লিষ্ট শিল্পগুলোর ব্যবসায়ীরা সংকটের সমাধান খুঁজে বের করতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম