আবারও বাড়বে তাপমাত্রা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টানা দুদিন তাপমাত্রা কমার পর আবারও তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ০৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।



টিভি পর্দায় আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির কোয়ালিফায়ার আজ।

ক্রিকেট

এসএ-২০
কেপটাউন-পার্ল
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

টেনিস
ডালাস ওপেন
সকাল ৭টা, ইউরোস্পোর্ট

আমরো ওপেন

রাত ১২টা, ইউরোস্পোর্ট

 




শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সাথে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সম্ভাব্য এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও হতে পারে। তবে এই সফরের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বেশ কয়েকটি সূত্রের বরাতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর এটাই হবে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর।

যদি প্যারিস থেকে মোদি যুক্তরাষ্ট্রে যান, তবে এই সফর অভিবাসন এবং শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের উদ্বেগের মধ্যেই হবে।

ডোনাল্ড ট্রাম্প গত রোববার কানাডিয়ান এবং মেক্সিকান পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরও ১০ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন। পরে তিনি মেক্সিকান ও কানাডিয়ান পণ্য আমদানির ওপর আরোপকৃত শুল্ক স্থগিত করেন, কিন্তু চীনের বিষয়ে কোনও ছাড় ঘোষণা করা হয়নি।

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর এক সপ্তাহ পরে ২৭ জানুয়ারি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। ওই ফোনকলে বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস-সহ উভয় দেশের “বিশ্বস্ত” অংশীদারিত্বের দিকে কাজ করতে সম্মত হন মোদি এবং ট্রাম্প।

এদিকে নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ বেশ কয়েক জন ভারতীয়কে নিয়ে রওনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছেন— এসব প্রশ্নের কোনো উত্তর এখনও পাওয়া যায়নি, তবে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় পর ভারতের ভূখণ্ড স্পর্শ করবে বিমানটি।

যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে।




ইরানই একমাত্র দেশ, যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে’

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানি জাতির অন্যতম বৈশিষ্ট্য হলো সত্য বলার সাহস। বিশ্বে অনেক দেশ যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেলেও ইরানই একমাত্র দেশ, যারা আমেরিকাকে তার প্রকৃত চরিত্র অনুযায়ী মূল্যায়ন করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী শক্তি যে কোনো মানবিক নীতি অনুসরণ করে না।

রোববার (২ ফেব্রুয়ারি) দেশটির ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোরআনের শীর্ষ শিক্ষক ও আবৃত্তিকারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তার বক্তব্য ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অকপট অবস্থান

আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান সেই রাষ্ট্র, যা কোনো ধরনের ভয় বা কূটনৈতিক চাপে মাথা নত করে না। আমরা আমেরিকাকে তার প্রকৃত নামে ডাকি—এটি একটি সাম্রাজ্যবাদী, প্রতারক ও যুদ্ধবাজ শক্তি। তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ সৃষ্টি করে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নেয়।

তিনি আরও বলেন, গত ৪৬ বছর ধরে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীন অবস্থান বজায় রেখেছে এবং বিশ্বের দাম্ভিক শক্তির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। এই প্রতিরোধ ইরানকে ব্যাপক প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে।

গাজার জনগণের বিজয় ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা

ভাষণের আরেক অংশে আয়াতুল্লাহ খামেনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের সংগ্রামকে ‘অসম্ভবকে সম্ভব করার’ বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, যুদ্ধের আগে কেউ ভাবত না, গাজার ছোট্ট ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির সহযোগিতায় পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় এই অসম্ভব কাজটি বাস্তব হয়েছে।

বিশ্বব্যাপী ইরানের সত্য বলার দৃষ্টান্ত

ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আসছে। দেশটি মনে করে, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব দ্বৈত নীতি অনুসরণ করে, যা দুর্বল দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়।

খামেনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের অন্যায় নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। কিন্তু ইরান এই ভয়কে জয় করেছে। আমরা সত্য বলার সাহস রাখি এবং সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি।

ইরানের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা

বিশ্ব রাজনীতিতে ইরান তাদের স্বাধীন অবস্থান বজায় রেখে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে যাবে বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খামেনি।

তিনি বলেন, ইরানি জাতি কখনো সাম্রাজ্যবাদীদের সামনে মাথা নত করবে না। আমাদের প্রতিরোধ, ধৈর্য এবং আদর্শিক অবস্থানই আমাদের শক্তি ও অগ্রগতির মূল চাবিকাঠি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অকপট অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে দেশটির ভূমিকা আরও সুসংহত করবে এবং যুক্তরাষ্ট্রবিরোধী বিশ্বশক্তির সঙ্গে দেশটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।




ইউএসএআইডি সন্ত্রাসী সংস্থা, এটির মরে যাওয়া উচিত: ইলন মাস্ক

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কড়া সমালোচনা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। তিনি বলেছেন, ইউএসএআইডি একটি সন্ত্রাসী সংগঠন। সোমবার (৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সংস্থাটির স্বাধীনতা কেড়ে নিয়ে একে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরপরেই মাস্ক এমন মন্তব্য করলেন।

ইলন মাস্ক বলেছেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে ইউএসএআইডি। সেইসঙ্গে সংস্থাটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে। তাই সময় হয়েছে সংস্থাটির ‘মরে যাওয়া’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনটি পোস্ট শেয়ার করেছেন মাস্ক। সেখানে তিনি বলেছেন, আপনারা জানেন কী, ইউএসএআইডি আপনাদের করের অর্থে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে কোভিড-১৯ এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন।




দুমকিতে চাঁদা না দেয়ায় ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে ড্রেজার ব্যবসায়ীর প্রতি ঘনফুট বালুর জন্য এক টাকা চাঁদা না দেয়ায় দুই ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদাবাজির অভিযোগ

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা নেছার মাহমুদ এর নেতৃত্বে একটি চক্র ৫ আগস্টের পর থেকে লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি দখল এবং চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠে। সোমবার সকালে, লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা বুদ্ধিজীবী মোড় এলাকায় ইদ্রিস শিকদারের জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলতে গেলে ছাত্রদল নেতা নেছার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা নেছার উদ্দিন ও যুবদল নেতা মহসিনসহ সংঘবদ্ধ একটি চক্র প্রতি ঘনফুটে ১ টাকা করে চাঁদা দাবি করে।

পিটিয়ে আহত ও পাইপলাইন ভাঙচুর

দাবিকৃত চাঁদা না দেয়ায় মো: কবির হোসেন (৩৫) ও মো: আবুল হোসেন (৩০) নামের দুই ড্রেজার শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করে চক্রটি। এসময় ড্রেজারের পাইপলাইনও ভেঙে ও উপড়ে ফেলা হয়। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা নেছার উদ্দিন বলেন, “চাঁদা চাওয়ার অভিযোগ সত্য নয়, আমরা রাস্তার ওপর দিয়ে পাইপলাইন বসাতে বাধা দিয়েছি। বালু ব্যবসায়ীরা রাস্তার ওপর উঁচু করে পাইপলাইন দেয়ায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়শই দুর্ঘটনা ঘটে।”

পুলিশের অবস্থান

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, “বিষয়টি শুনেছি এবং সঙ্গে সঙ্গে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সড়ক সংস্কার বন্ধ, পটুয়াখালীতে বিক্ষোভ

পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ভোগান্তির প্রতিবাদে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ

স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে সড়ক সংস্কারের কাজ বন্ধ রয়েছে। রাস্তার ওপর ফেলে রাখা নিম্নমানের ইটের গুড়া আশপাশের বাড়িঘরে প্রবেশ করে খাবার ও পোশাক নষ্ট করছে। এছাড়া ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি এই সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে। কাজটি পিরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ পায়, যার মালিক আওয়ামী লীগ নেতা মহারাজ মিরাজ। পরে স্থানীয় ঠিকাদার মো. বশির সিকদার তাদের কাছ থেকে কিছু অংশ কিনে কাজ শুরু করেন।

কিন্তু গণ-অভ্যুত্থানের পর মহারাজ মিরাজের ব্যাংক হিসাব জব্দ করায় আর্থিক সংকটে পড়ে প্রকল্পটি থমকে যায়। চেক ইস্যু করা হলেও নগদায়ন সম্ভব হয়নি। ফলে স্থানীয় ঠিকাদারও বিনিয়োগ করতে পারছেন না।

ঠিকাদার ও প্রশাসনের বক্তব্য

স্থানীয় ঠিকাদার মো. বশির সিকদার বলেন, ‘আমি এক কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি, কিন্তু পাওনা টাকা পাব কিনা নিশ্চিত নই। নতুন করে আর বিনিয়োগ করবো কীভাবে? আমাদের প্রতিষ্ঠান ছোট, ইচ্ছা থাকলেও এর বেশি কিছু করা সম্ভব না।’

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘মিরাজের ব্যাংক হিসাব জব্দ হওয়ায় জটিলতা তৈরি হয়েছে। আমরা চেক ইস্যু করেছি, কিন্তু তারা টাকা উত্তোলন করতে পারছেন না। এ কারণেই কাজ বন্ধ রয়েছে।’

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে।’

স্থানীয়দের হুঁশিয়ারি

তবে স্থানীয়রা এই দেরি মানতে নারাজ। তারা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন বরিশালের পাকিস্তানি পেসার আলী

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৫-এর অভিষেকে এক নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে রেকর্ড গড়লেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। তার অসাধারণ বোলিংয়ে এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল-এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে এক ওভারে চারটি উইকেট তুলে নিয়েছেন আলী, যা তাকে বিপিএলে এক ওভারে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডধারী বোলার বানিয়েছে। এই পারফরম্যান্সটি তার ক্যারিয়ার সেরা বোলিংও বটে। চার ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি, যা এক কথায় অসাধারণ।

বিপিএলে এই কীর্তি আগে কখনও দেখা যায়নি। চিটাগংয়ের ইনিংসের ১৯তম ওভারে আলী ২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। প্রথম বলেই তিনি বোল্ড করে দেন সৈয়দ খালেদ আহমেদকে, যিনি ৮ বলে ১ রান করেছিলেন। এরপর শামীম হোসেন পাটোয়ারীকে তিনি আউট করেন বড় শট খেলার চেষ্টায়, ইবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে। শামীম ৪৭ বলে ৭৯ রান করেন। এরপর, শেষ দুই বলে আরাফাত সানি ও আলিস আল ইসলামকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন আলী।

বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ডটি আলীর নামে হওয়ার পর, তার এই কীর্তি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বিপিএল-এর অভিষেক ম্যাচে বরিশাল এই দুর্দান্ত বোলিংয়ের পর চিটাগং কিংসকে ১৪৯ রানে থামাতে সক্ষম হয়।

এদিকে, চিটাগং কিংস শিরোপাধারী ফরচুন বরিশালের বিপক্ষে ৯ উইকেটে ১৪৯ রান করে ম্যাচটি হারিয়েছে। ফলে, এখন তাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে ফাইনালে পৌঁছানোর জন্য, যা তারা আগামী বুধবার খুলনা টাইগার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে পেতে পারে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নিখোঁজের ২ দিন পর সাবেক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার

নলছিটিতে নিখোঁজ হওয়ার ২ দিন পর সাবেক নারী ইউপি সদস্য আফরোজা খানম ফোরকোন (৬০)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম এলাকার একটি পুকুর থেকে আফরোজা খানমের লাশ উদ্ধার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহত আফরোজা খানম ফোরকোন ওই এলাকার মৃত আ: ওহেদ খানের মেয়ে এবং তিনি সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন, “আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েক মাস আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার থেকে নিখোঁজ ছিলেন এবং আজ বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।”

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে, এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবিতে মতামত যাচাই-বাছাই

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলাকে পুনরায় ‘জিয়ানগর’ নামকরণ করার দাবিতে এলাকাবাসীর মতামত যাচাই-বাছাই করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এই দাবির প্রেক্ষিতে ইন্দুরকানী উপজেলায় ব্যাপক জনসমাবেশ, মিছিল, পথসভা এবং গণস্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের সহায়তায় এলাকাবাসীর মতামত সংগ্রহ করছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা সভাকক্ষে এবং ইন্দুরকানী সদর বাজারের ভূমি অফিসের সামনে গণস্বাক্ষরের আয়োজন করা হয়। এই কার্যক্রমে উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে জিয়ানগর নামকরণের দাবি জানান।

বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী, বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সাবেক জামায়াত আমির মো. হাবিবুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক হোসাইন, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।

এরা সকলেই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর নামকরণের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন বক্তৃতা দেন এবং এই দাবির সমর্থনে মিছিলও করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম