বদলে গেলো বিএসএমএমইউ’র নাম

চন্দ্রদ্বীপ ডেস্ক: (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামের বদলে টানানো হয়েছে নতুন নামের ব্যানার। নতুন ব্যানারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নাম দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই নামের ব্যানার দেখা যায়।
এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিএসএমএমইউর সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু স্থান থেকে খুলে ফেলে হয় বঙ্গবন্ধুর নাম সংবলিত সাইনবোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাফতরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, ‘অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’




পুলিশের ৩০০ গাড়ি পুড়িয়েছে, দিতে হবে ৫০০ কোটি টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাজেটের মাধ্যমে ভ্যাট না বাড়িয়ে বছরের শুরুতে বিভিন্ন পণ্যের ভ্যাট বাড়ানোর ব্যাখ্যা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত তাদের ৩৫ লাখ টাকা করে কয়েকশ কোটি টাকা দিতে হয়েছে। পুলিশের ৩০০ গাড়ি পুড়িয়েছে সেখানে ৫০০ কোটি টাকা দিতে হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভার আয়োজনে সহযোগিতা করে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর মাধ্যম ‘ট্যাপটপ সেন্ড’।

বাজেটের মাধ্যমে ভ্যাট না বাড়িয়ে বছরের শুরুতে ভ্যাট বাড়ানোর কারণ জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমাকে অনেকে টাকা দিতে হয়েছে। যেমন বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত তাদের ৩৫ লাখ টাকা করে কয়েকশ কোটি টাকা দিতে হয়েছে। পুলিশের ৩০০ গাড়ি পুড়িয়েছে সেখানে ৫০০ কোটি টাকা দিতে হবে। এই টাকাগুলো আমি কোথা থেকে দেব। ভ্যাট হলো দ্রুত করা যায়, সেটা আমি করেছি। তারপর অনেকগুলোতে কমিয়ে দিয়েছি।

তিনি বলেন, আমার রিসোর্স গ্যাপ অনেক বেশি। এজন্য আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি এদের সহায়তা নিতে হয়েছে। আমাদের ঋণশোধ করতে হয়, কোনোদিন ডিফলটার হইনি। আমাদের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আমাদের সাহায্য করছে।

উপদেষ্টা বলেন, আমরা খড়ের ওপর দিয়ে হাঁটছি। চেষ্টা করছি, বলব না যে আমরা খুব ভালো করছি। অন্যান্য দেশের তুলনায় আমরা খারাপ নেই। আমরা মোটামুটি ভালো আছি। অবশ্যই আমরা একটা কল্যাণমুখী, সমতাভিত্তিক রাষ্ট্র করার চেষ্টা করছি। তবে সেটা অনেক দূরে সেটা পলিটিক্যাল সরকার করবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে অর্থ আনতে অর্থনীতির কতগুলো শর্ত মানতে হবে। আমরা কখনো শর্তে ফেইল করিনি। এই বিষয়ে তাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তারা বলেন ভ্যাট বাড়াও, ভ্যাট বাড়িয়ে নানা রকম বিপত্তি হয়েছে। এগুলো খুব সেনসিটিভ, এক দুই টাকা বাড়ানো মানে প্রবাসীদের জন্য না, আমাদের এখানে আমদানিকারক আছে, নানা রকম অবলিগেশন আছে। যতকিছু আমদানি করছে সেগুলোর দাম বেড়ে যাবে।

তিনি বলেন, জনগণের এখতিয়ার মানে রাজনৈতিক সার্পোট, আমরা কিন্তু ক্ষমতায় আসিনি, আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যেটা করছি কিছু কিছু কারণ আছে, সব কিছু ভেবে চিন্তে করছি। এখানে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা আছে, এখানে রাজনৈতিক ব্যাপার আছে। তাহলে কীভাবে আমরা রাজস্ব ব্যয় কমাব। এক্ষেত্রে আমি পজিটিভ।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রবাসীরা ব্যবসা করতে চান না। ব্যবসা করা কঠিন। সবকিছুতো আমরা করে দেব না। সরকারের আয়-ব্যয়ে ব্যালেন্স করতে হয়। সেটা সবসময় যুক্তিসংগত হবে তা কিন্তু না। ট্যাক্সের ক্ষেত্রে আপনি দেবেন লাভবান আপনি হবেন। আমরা চাই একেবারেই সাধারণ মানুষ যাতে লাভবান হয়। এখন শিক্ষকদের অনেক ডিমান্ড আছে, সেটা আমরা বিচার বিশ্লেষণ করে দেখব।

তিনি বলেন, প্রতিদিন যে তারা রাস্তাঘাট আটকে রাখে এটা সত্য যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পলিটিক্যাল গভর্মেন্টের মতো শক্তিশালী না। এখন যদি মূল্যস্ফীতি বেড়ে যায়। তখন দোকানদাররা দোষ দেওয়া শুরু করে। এটা সত্য আমরা অনেক চাপের মধ্যে আছি। ১০০টা চাপের মধ্যে আমরা ১০টা মানি। এ যেমন রেলওয়ের ডিমান্ড, ওভার টাইম দাও, দিলাম। এরপর বলে লিমিট উঠিয়ে দাও, সেটাও উঠিয়ে দিলাম। কয়েক দিন পর বলবে চাকরি থাকবে না বেতন দাও? তখন আমি কি করব। সেটা নিয়ে চিন্তায় আছি।

ভ্যাট বাড়ানোর পর চপ্পলের দাম বেড়েছে সেটা নিয়ে কিছু মেয়েরা প্রতিবাদ করেছেন সে বিষয়ে জানতে চাইলে অর্থ  উপদেষ্টা বলেন, ভ্যাটের একটা …. থাকে, সেখানে সস্তা চপ্পলে যদি ভ্যাট থাকে সেটা আমি রিভিউ করব। যেমন ২০০ টাকা দামের উপরে বিস্কুটে ভ্যাট আরোপ করা হয়েছে। এইচএসকোড থাকে সেখানে অনেকগুলো পণ্য থাকে। সেখানে যদি চপ্পল থাকে তাহলে একটু সমস্যা।

তিনি বলেন, আমি যে এতো টাকা পয়সা আনছি, এডিবি ডিসেম্বর ৫০০ মিলিয়ন ডলার দেবে, জুনে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন দেবে এবং আইএমএফ মার্চে না হয় জুনে ২ বিলিয়ন ডলার দেবে। তাদের কতগুলো শর্ত আছে। যেমন ট্যাক্স, ভ্যাট বাড়ানোর। সেখানে আমি যৌক্তিকভাবে দেখলাম যে আয়কর বাড়ালে সংসদে যেতে হবে।৷ আর যদি ভ্যাট ট্যাক্স বাড়াই তাহলে একটি এসআরও দিয়ে আমি করতে পারব। এখানে কিন্তু বেশি টাকা না। মাত্র ১২ হাজার কোটি টাকা। এতে কিছু প্রভাব পড়েছে ঠিক।

বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। এসময় আরও উপস্থিত ছিলেন ট্যাপটপ সেন্ড-র মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ মনি।




নিখোঁজের ৫৪ ঘণ্টা পর পটুয়াখালী ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল উদ্ধার

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) নিখোঁজের ৫৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানিয়েছেন, কেরানীগঞ্জ থানা-পুলিশের সহায়তায় কামরাঙ্গীরচর এলাকায় অন্তরের এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্তরকে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুপুরের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে অন্তর নিখোঁজ হন। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসার কাছে পার্কিং অবস্থায় এবং কিছু দূরে তাঁর হেলমেট উদ্ধার করা হয়।

অন্তরের বাবা মো. সোলায়মান মৃধা বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে আন্দোলন করে আসছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়, যা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তবে এখন তাঁকে পাওয়া যাওয়ায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”

অন্তরের নিখোঁজের ঘটনায় তাঁর বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

পুলিশ জানায়, দুপুরের পর পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আশাদুল সিকদার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা রাশেদ সিকদার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশাদুল চরবিশ্বাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আগস্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

জানা গেছে, রাশেদ সিকদার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভোটার তালিকা হালনাগাদে ছবি তুলতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা বাজার সংলগ্ন খলিফা বাড়ির সামনে একটি তিন চাকার অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যান। এতে আশাদুল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী বলেন, “পরিবারটি ভোটার তালিকার কাজের জন্য ইউনিয়ন পরিষদে আসছিল। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

চন্দ্রদ্বীপ ডেস্ক :  সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তা তা জানানো হয়।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেতে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।

প্রফেসর ইউনূস বলেন, বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।




সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনও ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতোদিন ছিল সেটা বাতিল করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংস্থাটি বলছে, চাকরিরত অবস্থায় মারা যাওয়া সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সুবিধা বাতিল করেছে সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ।

তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধার জন্য যোগ্য হবেন। স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

এছাড়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে সম্পন্ন করা নিয়োগগুলোও এই রায়ের কারণে প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর, পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরির কোটা প্রকল্পকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার রায় দেয়। অতীতে এই প্রকল্পের অধীনে কোনও মৃত কর্মচারীর বিধবা স্ত্রী বা স্বামী বা চিকিৎসাগতভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তানকে উন্মুক্ত প্রতিযোগিতা বা যোগ্যতা-ভিত্তিক নির্বাচনী পরীক্ষার প্রয়োজন ছাড়াই কোনও একটি সরকারি পদে নিয়োগ করা হতো।

রায়ে পাকিস্তানের শীর্ষ আদালত উল্লেখ করে, এই ধরনের প্রকল্পটি নিম্ন-গ্রেডের কর্মচারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে বিশেষভাবে বৈষম্যমূলক। আদেশে বলা হয়, “এই চাকরিগুলো বংশগত নয় বা করা যাবে না।”

আদালত আরও বলেছিল, যে কোনও নীতি বা আইন যদি সাংবিধানিক নীতির সাথে সাংঘর্ষিক হয় তা বিচারিক পর্যালোচনার বিষয় হবে। ফেডারেল এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে সাংবিধানিক কাঠামোর সাথে সামঞ্জস্য করে এই আইনগুলো প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে।




অপারেশন ডেভিল হান্ট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে।




বিসিএস পরীক্ষা নিয়ে যে সব সুপারিশ কমিশনের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পদায়নের একটি রোডম্যাপ দেওয়া হয়। এছাড়া মৌলিক বিষয়ের নম্বর পুনর্বণ্টন, তিনটি পূর্ণ কমিশন গঠনের প্রস্তাব করা হয়।

প্রতিটি কমিশনের সদস্য সংখ্যা চেয়ারম্যানসহ ৮ জন রাখার সুপারিশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (সাধারণ), এতে শিক্ষা ও স্বাস্থ্য সার্ভিস ব্যতীত অন্য সব সার্ভিসে নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা আয়োজন করবে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন (শিক্ষা) ও পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য)। এই কমিশন দুটো শুধুমাত্র শিক্ষা ও স্বাস্থ্য সার্ভিসের জনবল নিয়ে কাজ করবে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা/আইন প্রণয়ন করা যেতে পারে যাতে সহজেই সেটি পরিবর্তন করা না যায়। সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়রেখা প্রতিষ্ঠা করা উচিত। প্রতিবেদনে একটি পরীক্ষা ও পদায়নের রোডম্যাপ দেওয়া হয়েছে। এতে পিএসসির পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। এর ফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে, লিখিত পরীক্ষা জুন মাসের দ্বিতীয়ার্ধে, পরীক্ষার ফল প্রকাশ হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে পরবর্তী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ফল প্রকাশ হবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ছাড়পত্র মে মাসের তৃতীয় সপ্তাহে হবে। নিয়োগের আদেশ গেজেটে প্রকাশ হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। জুলাইয়ের এক তারিখে তারা যোগদান করবেন।



বৈশ্বিক পাসপোর্ট সূচকে একই অবস্থানে বাংলাদেশ-ফিলিস্তিন-লিবিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা বিশ্বের সবেচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে। ২০২৪ সালে এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৯৭তম অবস্থানে থাকলেও এ বছর ৯৩তম স্থানে রয়েছে।

যদিও বৈশ্বিক পাসপোর্ট সূচকে গত বছরের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশের পাসপোর্ট এই তালিকার ৯৭তম স্থানে ছিল। একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। গত বছরের শেষ সংস্করণের তুলনায় চলতি বছরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানের চার ধাপ উন্নতি ঘটেছে।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করেছে।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়।




শাকিব খানের ভক্ত হয়ে গেছি : প্রভা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো।

দু’জনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।

প্রভা বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

এসময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। যেখানেই নিজের অভিনয়, ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন।