পিরোজপুরে দিনব্যাপী অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পিরোজপুরে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসাথে একটি ইটভাটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
এই অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, পিরোজপুর জেলা কার্যলয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, পুলিশ, ব্যাটলিয়ন সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে মেসার্স এম এস বি ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স মিজান ব্রিকস, কেশরতা গ্রামের মেসার্স আর এম মি ব্রিকস এবং দক্ষিণ গাজীপুর গ্রামের মেসার্স এম টি বি ব্রিকস সহ মোট ৬টি অবৈধ ইটভাটা নির্মাণ করা হয়েছিল। তবে, অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয় এবং একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়।
অভিযান চলাকালে কিছু ভাটাকে ভেকুর মাধ্যমে ভেঙে ফেলা হয়, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ইটভাটাগুলোর ইট তৈরি ও পোড়ানোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, “আমরা বরিশাল বিভাগের অধীনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








