দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি পৌঁছান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

এসময় প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি স্বাগত জানান।‌

ড. আহমেদ বেলহৌল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকে বার্ষিক দুবাইয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত

তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে আজ‌ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের দিছে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ১৩ জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারি ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে।




রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি ট্রাম্প-পুতিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার “দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ” কথোপকথন হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, “আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।”

তিনি বলেন, তারা প্রত্যেকে তাদের দেশের শক্তি এবং সেই “মহান সুবিধা” সম্পর্কে কথা বলেছেন যে তাদের একদিন একসাথে কাজ করতে হবে।

ট্রাম্প আরও বলেন, “কিন্তু প্রথমে আমরা উভয়ে একমত হয়েছি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যে লাখ লাখ মৃত্যুর ঘটনা ঘটছে তা আমরা বন্ধ করতে চাই। প্রেসিডেন্ট পুতিন আমার খুব প্রচারাভিযানের শক্তিশালী নীতিবাক্য ব্যবহার করেছেন, ‘কমন সেন্স’। আমরা উভয়েই এটিতে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি।”




পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

১৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এ নোটিশটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবো

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। এই ভূখণ্ডে হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে আয়না ঘর প্রকাশিত হয়েছে, আজকেই অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে, আজকেই আমাদের ভাই শহীদ হলেন। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পর এ ভূখণ্ডের দখল আমরা পেয়েছি। এ ভূখণ্ডে হয় আমরা থাকব না হলে আওয়ামী লীগ থাকবে। বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এ দেশে থাকতে পারে না। আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন।

মিছিলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গাজীপুরে অভ্যুত্থানের ৬ মাস পরে আমাদের ভাইকে কুপিয়ে শহীদ করা হলো। আমরা কিছুই করতে পারলাম না। লাশ সামনে নিয়ে বিগত দিনের ফ্যাসিবাদকে মনে পড়ছে। যে আওয়ামী লীগ আমার ভাইকে শহীদ করেছে সেই আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদের লাশের শপথ করে বলছি, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব।




মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে।

সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট ‘নাজিউ’ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসাবে শেষ মুহূর্তে আল-আলি বাঁধকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে। এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসি অস্ত্র বাঁধ ধ্বংস করে বন্যার সৃষ্টি করতে পারে।

সাইটটি আরও জানিয়েছে ওই বন্যা আল আকসার এবং আসওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে পৌঁছে যেতে পারে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে!




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে রাকিব আহমেদকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. শাহেদ হোসেনকে মুখ্য সংগঠক, মো. মাইনুল ইসলামকে মুখপাত্র, মো. জাহিদুল ইসলাম এবং শারমিলা জামান সেঁজুতিকে সহ-মুখপাত্র করা হয়েছে। এছাড়া ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম সদস্য সচিব, ৮ জনকে সংগঠক এবং ৩২ জনকে সদস্য করা হয়েছে।

কমিটির আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “২৪ আন্দোলনের প্রথম স্বাধীন ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়। যাদের হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বাধীন হয়েছে, তাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ক্যাম্পাসের উন্নয়নে আমাদের এই কমিটি কাজ করে যাবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে মামলা

পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি হলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার ও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার। উল্লেখ্য, হেলেন পটুয়াখালী জেলা মহিলা লীগের সভাপতি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকারি ২,২০০ কম্বল ও ক্রীড়াসামগ্রী বিতরণ না করে নিজেদের বাসায় মজুত রাখেন।

বিষয়টি জানার পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অভিযুক্তদের বাসায় যান, তবে সেখানে কম্বল ও ক্রীড়াসামগ্রী পাওয়া যায়নি। পরে খবর আসে, পৌরসভার ডাম্পিং জোনসংলগ্ন ছাইচ্চার খালের পাশে কিছু সামগ্রী ফেলে রাখা হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সেখানে অভিযান চালিয়ে ২৫টি কম্বল, তিন জোড়া ক্রিকেট প্যাড ও দুটি হেলমেট জব্দ করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, “বিশেষ ক্ষমতা আইনে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবেক সহকারী কমিশনার রাজন কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ




বরিশালে পুকুরের পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার

বরিশাল জেলা, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনের পুকুরের পাড় থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পুকুর পাড়ে বাজারের ব্যাগে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় এবং তা থানায় জানায়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি খোলার পর পাঁচটি পাইপগান উদ্ধার করে। পরে এসব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমানে দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট” চালু রয়েছে। এর অংশ হিসেবে এয়ারপোর্ট থানা পুলিশ ওই এলাকার অভিযান পরিচালনা করছে। ধারণা করা হচ্ছে, অপরাধীরা অভিযান শুরুর আগেই এ অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নুরুজ্জামান কাফির ঘরে আগুন, দায়ীদের গ্রেপ্তারের আল্টিমেটাম

পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেছেন, এটি পরিকল্পিত এবং প্রতিশোধমূলক হামলা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে পোড়া ঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কাফি।

তিনি বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্যই আমাকে টার্গেট করা হয়েছে। ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধ নিতেই আমার ঘর প্রথমে পোড়ানো হলো।”

কাফি আরও জানান, “আমার বাবা ও ভাই দু’বার কেঁদেছেন— একবার জুলাই আন্দোলনের সময়, যখন আমি আত্মগোপনে ছিলাম, আর দ্বিতীয়বার আজ, যখন আমাদের বাড়ি আগুনে পুড়লো। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত!”

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ ও দোষীদের গ্রেপ্তার করা না হলে আমি একাই এই পোড়া বাড়ির সামনে দাঁড়াবো। বিপ্লবী ছাত্রজনতা আমার সঙ্গে আছে। প্রয়োজন হলে আমি বিপ্লবী সরকারের ডাক দেবো।”

কাফির দাবি, “দেশের ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আমরা কখনো সুবিধা চাইনি, উপদেষ্টা হতে চাইনি। শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি, নিজের নিরাপত্তা চেয়েছি। অথচ আজ আমার নিজের ঘরই নেই!”

তিনি আরও অভিযোগ করেন, “এই আগুন হাসিনা দেননি, তবে এখানকার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এর সঙ্গে জড়িত। দেশে এখনও ৭০ শতাংশ আওয়ামী লীগ এক্টিভ আছে, এই ফ্যাসিস্টদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।”

সংবাদ সম্মেলনে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই নুরুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এই অগ্নিকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম