কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত
সুন্দরবন রক্ষায় জনসচেতনতার ওপর জোর দিতে কলাপাড়ায় সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা প্রান্তজন, অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জাস্ট নেট-বিডি) এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ। সংলাপে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।
সংলাপে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও পরিবেশ সংগঠক মো. হুমায়ূন কবির। সুন্দরবন দিবসের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট গণমাধ্যমকর্মী ও পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য অমল মুখার্জী, সমাজকর্মী মো. ইয়াকুব খান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজন, নারী সংগঠক দুলারী কবীর, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ রাসেল, সংগঠন “আমরা কলাপাড়াবাসী”র সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, রাখাইন নারী নেত্রী লাখাইন এবং প্রান্তজনের মাঠ সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ফাতেমা হেরেন বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি লক্ষাধিক উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সাথে সরাসরি সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবন সংরক্ষণ অত্যন্ত জরুরি। পরিবেশ সুরক্ষায় আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
অন্যান্য আলোচকরা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। এ বিষয়ে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জাস্ট নেট-বিডি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক এবং প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা জানান, “সুন্দরবন সংরক্ষণের লক্ষ্যে আমরা নীতিগত আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাবো।”
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








