ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ ৩ বছর পূর্ণ হতে চলেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এবং জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। যদিও এদিন ইউরোপ সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘে গৃহিত হয়েছে। ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া যেন সেনা প্রত্যাহার করে নেয়, প্রস্তাবে সেই দাবিও করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র দুবার রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান টানা তিন বছর ধরে চলা এই যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের পরিবর্তনের বিষয়টিই তুলে ধরছে।

প্রথমে দুটি দেশ মস্কোর কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে একটি ইউরোপীয় খসড়া প্রস্তাবের বিরোধিতা করে। তারপরও ওই প্রস্তাটি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়।

সংবাদমাধ্যম বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৩ বছর সম্পন্ন হয়েছে। এই আবহে জাতিসংঘে সোমবার ইউরোপ সমর্থিত একটি প্রস্তাব গৃহিত হয়েছে। সেই প্রস্তাবে দাবি করা হয়েছে, ইউক্রেনের ভূখণ্ড থেকে যেন সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। এই প্রস্তাব জাতিসংঘে গৃহিত হওয়াটা মস্কোর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এদিকে জাতিসংঘের মঞ্চে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব সামনে আনা হয়। সেখানে যুদ্ধের সমাপ্তির কথা বলা হয়েছে। তবে স্পষ্ট করে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ ছিল না। সেই প্রস্তাব জাতিসংঘের সাধারণ সভায় প্রত্যাখ্যাত হয়। এটা নিঃসন্দেহে ট্রাম্প সরকারের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ভোটাভুটিতে রাশিয়ার সঙ্গেই এক সুর ছিল আমেরিকার। এই প্রস্তাবে রাশিয়ার সঙ্গে শুধু আমেরিকাই ছিল না, রাশিয়া পাশে পেয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া এবং সুদানকেও।

এদিকে জাতিসংঘের সাধারণ সভায় মার্কিন প্রস্তাবের পাশে থাকতে ইউক্রেনকে তার প্রস্তাব তুলে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত আমেরিকার প্রতিনিধি। তবে নিজের অবস্থানে অনড় ছিল ইউক্রেন। এছাড়া মার্কিন প্রস্তাবের খসড়ায় ইউরোপ পক্ষের কিছু সংস্কারের দাবিকেও মেনে নেওয়ার কথা বলা হয়। যেখানে উল্লেখ করা ছিল— প্রতিবেশী দেশে হামলা করে জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে রাশিয়া।

অন্যদিকে জাতিসংঘে এদিনের ভোটাভুটিতে ইউক্রেনের পক্ষে সমর্থন ছিল বেশ কম। ভোটাভুটিতে ৯৩ টি দেশ তাদের প্রস্তাবের সমর্থন করে। ১৮ টি দেশ বিরোধিতা করে। আর ৬৫ টি দেশ ভোটাভুটি থেকে বিরত ছিল।

প্রসঙ্গত, এর আগে জাতিসংঘে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে বৈশ্বিক সমর্থন ছিল চোখে পড়ার মতো। এর আগে বিশ্বের ১৪০ টি রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেছিল। সেই জায়গা থেকে সর্বশেষ এই ভোটাভুটিতে কিয়েভের পক্ষে পড়া ভোটের সংখ্যা কমে যাওয়াকে বেশ তাৎপর্যের বলে মনে করা হচ্ছে।




দশমিনায় এক রাতে ২২ ঘর চুরি, আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের পরিবার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক রাতেই ২২টি ঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আউলিয়াপুর গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িগুলোতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাস আগে মতুয়া সম্প্রদায় ও কৃষ্ণ ভক্তদের মধ্যে মন্দির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে কৃষ্ণ ভক্তদের একজন নিহত হন। এ ঘটনায় মামলা হলে মতুয়া সম্প্রদায়ের পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে চলে যান। ফলে সম্প্রদায়টির পরিবারগুলোতে কেবল নারী ও শিশুরা অবস্থান করছিল।

সোমবার রাত ১২টা থেকে ১টার মধ্যে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে চোরচক্র একযোগে ২২টি ঘরে হানা দেয়। ফজরের আজানের সময় উত্তম চন্দ্র হাওলাদার প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দেখেন, তার ঘরের দরজা খোলা, মালামাল এলোমেলো পড়ে আছে। চিৎকার দিলে অন্য ঘর থেকেও লোকজন বের হয়ে একই অবস্থা দেখতে পান। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, থালা-বাটি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী উত্তম চন্দ্র হাওলাদার বলেন, “একসঙ্গে এতগুলো ঘর চুরির ঘটনা দশমিনায় প্রথমবার ঘটল। একটি দক্ষ চক্রই এই ঘটনা ঘটিয়েছে।”

বকুল চন্দ্র হাওলাদার বলেন, “আমাদের সম্প্রদায়ের পুরুষরা মামলা সংক্রান্ত কারণে এলাকা ছেড়ে থাকায় দুর্বৃত্তরা এই সুযোগ কাজে লাগিয়েছে। এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, একটি শক্তিশালী চক্র জড়িত রয়েছে।”

কৃষ্ণ ভক্ত স্বপন বলেন, “এক রাতে ২২টি ঘর চুরি হওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানাই।”

রনগোপালদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিম সমাদ্দার বলেন, “মতুয়া সম্প্রদায়ের পুরুষশূন্যতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে। এটি কোনো সাধারণ চুরি নয়, স্থানীয় ও অন্য উপজেলার লোকজন জড়িত থাকতে পারে। বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় ভাতিজা হত্যাকাণ্ড: চাচাসহ ৪ আসামি গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা শামীম (৩০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন

  • কুদ্দুস সিকদার (৫৫)
  • তার স্ত্রী রেহেনা বেগম (৪৮)
  • পুত্র এনামুল সিকদার (২৩)
  • মেয়ে সুখী বেগম (২৫)

গ্রেফতার অভিযান

পটুয়াখালী র‍্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর তথ্য অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ফজলু সরদারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১২। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয় এবং রবিবার সকালে তাদের গলাচিপায় নিয়ে আসা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা

গত ১৩ ফেব্রুয়ারি গলাচিপা উপজেলার গ্রামর্দন গ্রামে চাচা কুদ্দুস সিকদার বিরোধীয় জমিতে বসতঘর তুলতে গেলে ভাতিজা শামীম সিকদারসহ কয়েকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং তিনজন গুরুতর আহত হন। শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের মা করফুল নেছা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া চারজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।

গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান বলেন, “শামীম হত্যার ঘটনায় গলাচিপা থানায় মামলা হলে প্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় আসামিদের পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দুটি দাবিই পূরণ করা হচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শহীদ পরিবারের দাবি ছিল দ্রুত বিচার ও শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু দুটোই করছি। শহীদ সেনা দিবস ঘোষণা করেছি, আর সঠিক বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানায় শহীদ সেনাসদস্য ও কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনায় এখানে এসেছিলাম। প্রতিবছরই এখানে আসা হয়। এবার থেকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। শহীদ সেনা দিবস হিসেবেই এখানে এসেছি। শহীদ সেনা পরিবারের সদস্যরাও এখানে এসেছেন।

তিনি বলেন, শহীদ পরিবারের দাবি ছিল দ্রুত বিচার ও শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু দুটোই করছি। শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, আজকে শহীদ সেনা দিবস হিসেবেই পালিত হচ্ছে। আর বিচারের দাবিতে কিন্তু তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে তারা কাজ শুরু করেছে। কমিশনের তদন্তে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায়, হত্যা মামলার রায় হয়ে গেছে। সেই মামলায় যারা খালাস পেয়েছেন তাদের অনেকে বিস্ফোরক মামলার আসামি। হত্যা মামলা এখন হাইকোর্টে বিচারাধীন। কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত ছিল। সেটি শুরু করা হবে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো আমাদের হাতে নেই। এটা কোর্টের হাতে। কোর্ট চাইলে জামিন দিতেই পারে।

আপনি কী মনে করেন? গত ১৫ বছর কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়নি? জানতে চাইলে তিনি বলেন, গত ১৫ বছর তারা কেন ঘোষণা করেনি সেটা তো আমি বলতে পারবো না। আমরা কিন্তু সঠিক বিচার যাতে হয় সেজন্য তদন্ত কমিশন গঠন করেছি। এটা তদন্ত কমিশন, ইনকুয়ারি কমিটি না। কমিশন প্রধান মর্যাদায় এপিলেট ডিভিশনের জাজের মর্যাদার সমান। কমিশন সদস্যরা হাইকোর্টের জাজের মর্যাদার সমতুল্য। একটাই উদ্দেশ্য সঠিক তদন্ত ও সঠিক বিচার। তারা যেন ভালোভাবে কাজ করেন।

এখন তো বিচারের কথাই বেশি আসছে। সঠিক বিচারের নামে যেন টালবাহানা বা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া না যায়, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের বিষয়ে তো ১৫ বছরে প্রশ্ন করতে পারতেন। এখন তো স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন। গত ১৫ বছরের বিষয়ে তো আমি উত্তর দিতে পারবো না। এখন যে হারে প্রশ্ন করতে পারছেন, গত ১৫ বছর কি করতে পারছিলেন? এখন তো স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন। আগে গত ১৫ বছরে তে কতো ঘটনা ঘটে গেছে, তখন তে বুক ফেটে গেছে। প্রকাশ করতে পারেননি।




ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: শীর্ষ মার্কিন ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের স্টারলিংকের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কথা জানান বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ‘ডিজিটাল রূপান্তর এবং এমএসএমই বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেকগুলো ধাপ পার হয়ে ভোক্তাদের কাছে ইন্টারনেট-সেবা পৌঁছায়। প্রতিটি ধাপেই ভালো অঙ্কের অর্থ কেটে রাখা হয়। ইন্টারনেটের দাম না কমার পেছনে এটি অন্যতম বাধা। আশা করছি মার্চ-এপ্রিলের মধ্যে এ বিষয়ে কিছু অগ্রগতি দেখা যাবে।

১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেন।

পরে ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালু করার বিষয়ে আগ্রহের কথা উল্লেখ। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ এবং আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।




বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।

তিনি বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।




আরব বিশ্বে ১ মার্চ রমজান শুরু হতে যাচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।”

আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। এ মাসে আরব আমিরাতসহ বিশ্বের কোটি কোটি মানুষ রোজা রাখেন। আরবি মাসগুলো নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ।




২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া ইভিনিউতে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে। নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ‌, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত।

সারজিস আলম বলেন, যুগের পর যুগ ধরে এই সংসদ ভবনকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারে পলিসি মেকিংয়ের জায়গা বানিয়ে রাখা হয়েছিল। জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র-জনতাকে সামনে রেখে জাতীয় সংসদকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।




পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় নিলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।




ভোলায় আটক করা হল ভুয়া এনএসআই সদস্য

ভোলার বাপ্তা ইউনিয়নে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি জয় চন্দ্র দে (২৬) নামের এই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কাছ থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়। জয় চন্দ্র দে, মৃত হারাধন চন্দ্রের ছেলে, বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, জয় চন্দ্র দে এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদের চাকরি দেওয়ার আশ্বাস দিতেন। তার প্রতারণার শিকার হয়ে সর্বশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধা এক লাখ ২৫ হাজার টাকা দেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয় এবং ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম