পটুয়াখালীর বাউফলে কৃষকের তরমুজভর্তি ট্রলার ছিনতাই, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে চাঁদার দাবিতে কৃষকের তরমুজভর্তি ট্রলার ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ৫০০ তরমুজ উদ্ধার করে ভুক্তভোগী কৃষকের ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—নাজিরপুর ইউনিয়নের যুবদল কর্মী মো. সাইফুল (৩৫), মো. মেহেদী হাসান (২০) ও গোলাম মুর্তজা (৪০)। এর মধ্যে সাইফুল নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা ছাত্রদল থেকে বহিষ্কৃত হন তিনি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কৃষক মো. মানিক ব্যাপারী তার খেত থেকে ৮৬০টি তরমুজ কেটে ট্রলারে উঠিয়ে বরিশালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিএনপি নেতা এনায়েত হোসেনের ছেলে মো. সাইফুল দেশি অস্ত্রসহ ২০-২৫ জনের একটি দল নিয়ে এসে ট্রলারের চালককে মারধর করে এবং তরমুজভর্তি ট্রলারটি ছিনিয়ে নিয়ে যায়। পরে নিমদী লঞ্চঘাটের পাশে ইটভাটার কাছে নোঙর করে চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগী কৃষক জানান, ট্রলার ফেরত পেতে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন সাইফুল ও তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কৃষক মানিক ব্যাপারী ও তার ছেলেকে মারধর করে তরমুজ অন্য ট্রলারে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ৬ হাজার টাকার বিনিময়ে ট্রলারটি ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার রাত ১২টার দিকে মানিক ব্যাপারী বাদী হয়ে মো. সাইফুলসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া ৫০০ তরমুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাইফুলের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। রোববার (২ মার্চ) ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবায়ন হয়নি। একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনপদের মানুষ ইতিহাসের নানান সময়ে নিজেদের হাজির করেছে। প্রায় ২০০ বছরের উপনিবেশবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে আমরা ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করি। কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনপদের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষকে ধারণ ও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

আরও বলা হয়, মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই জনপদের মানুষ ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশের রাষ্ট্রকাঠামো অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে। যার ফলে এ দেশের নাগরিকরা ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় বাকশাল, স্বৈরতন্ত্র এবং সর্বশেষ ফ্যাসিবাদের শিকার হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলোপ করতে এবং এই জনপদের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা, বাংলাদেশের ছাত্র-জনতা, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করেছি।

জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর যোদ্ধা শহীদ ইসমাঈলের বোন মিম আক্তার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন। উক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) আগামী ১ বছরের মধ্যে এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে।




পটুয়াখালীতে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার মা ও ভাইকে পিটিয়ে রক্তাক্ত করেছে বখাটে হাসিব প্যাদা ও তার সহযোগীরা। এ ঘটনায় শিশুটির পিতা মানিক প্যাদা বাদী হয়ে হাসিবসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিশুটির পরিবার এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিশুটির বাবা মানিক প্যাদা জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই বাড়ির হাসিব প্যাদা তাকে বিভিন্নভাবে উত্যক্ত করছিল। গত ২৪ ফেব্রুয়ারি হাসিব আবারও অশালীন আচরণ করলে শিশুটি তার মাকে জানায়। এরপর তার মা রেক্সোনা বেগম ও ভাই শাহাজাদা প্রতিবাদ করলে হাসিব ও তার দলবল তাদের ওপর হামলা চালায় এবং লাঠিসোটা দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই হাসিবসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করা হয়। কিন্তু মামলা হওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মানিক প্যাদা।

তিনি আরও বলেন, “আমাদের বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন হাসপাতালে বারান্দায় পরিবার নিয়ে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২৭ ফেব্রুয়ারি মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বাদীর আপত্তির কারণে মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার পরিবর্তন করা হয়েছে। তিনি আশ্বাস দেন যে, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে ছয় ছাত্র প্রতিনিধির পদত্যাগ

পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন। শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর সদরের প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী সদস্যরা হলেন—মুনতাসির তাসরিপ, আয়শাতুন্নেসা বর্ষা, শুভ চন্দ্র, মুহাম্মদ রুহুল আমিন, ফাতিমা জামান সামিয়া ও ফারহানা রুপাই।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ রুহুল আমিন জানান, গত ১৬ জুলাই আন্দোলন শুরু হওয়ার পর ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে তারা ন্যায্য অধিকার ও শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তবে ২২ ফেব্রুয়ারি আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের অজান্তে জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড পেজ থেকে ১১২ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

তিনি অভিযোগ করেন, রাজপথের আন্দোলনে যারা যুক্ত ছিলেন না, তারাই এখন নেতৃত্ব দাবি করছেন। এমনকি শুক্রবার (১ মার্চ) ঢাকায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতেও গেছেন তথাকথিত সদস্যরা।

রুহুল আমিন আরও বলেন, ভুল নেতৃত্বের কারণে অনেক গণআন্দোলন ও বিপ্লব ব্যর্থ হয়েছে। তাই জাতীয় নাগরিক কমিটি থেকে ছয় ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেও ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোব

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার (১ মার্চ) রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।




উত্তেজনা-তর্কে পণ্ড ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, ফিরে গেলেন জেলেনস্কি

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি।

কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই।

ওভাল অফিস সূত্রে জানা গেছে, শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাঁধে জেলেনস্কির। বৈঠকের শুরুতে জে ডি ভ্যান্স বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা।

ভ্যান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, “আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি?”

সপাট উত্তরে ভ্যান্স বলেন, “আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি, যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে।”

এর উত্তরে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, “আমরা একজন খুনীর সঙ্গে কখনও সমঝোতায় যাব না।”

বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি এখন ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড (বিকল্প) নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে।”

জবাবে জেলেনস্কি বলেন, “আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস, মিঃ প্রেসিডেন্ট।”

কিন্তু তার কথাকে আমল না দিয়ে ট্রাম্প বলেন, “আপনি কার্ড খেলছেন; শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনাকে (পুতিনের সঙ্গে) সমঝোতা করতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে আমরা সরে যাব এবং যদি আমরা সরে যাই— সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে একা লড়তে হবে। আমার মনে হয় না সেটি ভালো হবে।”

“একবার যদি আপনি সমঝোতায় পৌঁছাতে পারেন, আপনার অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ় এবং শ্রেয়তর হবে; কিন্তু আপনার কথা-বার্তা, আচার-আচরণে মনে হচ্ছে না যে আপনি (আমাদের প্রতি) কৃতজ্ঞ। এটা ভালো নয়। সত্যি বলছি, এটা একেবারেই ভালো নয়।”

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি এমনকি কখনও আমাদের ধন্যবাদও জানান নি।”

এই পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন জেলেনস্কি এবং ভ্যান্সের উদ্দেশে বেশ উচ্চকণ্ঠে বলেন, “আমি এর আগে অসংখ্যবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি।”

ট্রাম্প-জেলেনস্কি ও জেডিভ্যান্স যখন বৈঠক করছেন সে সময় অতিথিদের দুপুরের খাবারের আয়োজন চলছিল ওভাল অফিসে। কিন্তু বৈঠকে উত্তেজনা-বাক বিতণ্ডা এক পর্যায়ে ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার দুই সহকারী জেলেনস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান। তা মেনে নিয়ে জেলেনস্কিও ওভাল অফিস ত্যাগ করেন।

জেলেনস্কি চলে যাওয়ার কিছু সময় পর ফ্লোরিডায় নিজের বাসভবন মার-এ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে ‘আমি আর যুদ্ধ চাই না’ কিংবা ‘আমি শান্তি চাই’; কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলেছেন। তার এমনটা করা উচিত হয়নি।”

পাশাপাশি জেলেনস্কিকে ফের বৈঠকের জন্য আমন্ত্রণও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ প্রসঙ্গে তিনি লেখেন, “যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার (হোয়াইট হাউসে) ফিরে আসতে পারবেন।”




পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

চন্দ্রদ্বীপ ডেস্ক : অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ। এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে। কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন।

বিবিসি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ কম্পিউটরের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়া কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। কিন্ত তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল, তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়।




বৈষম্য বি*রো*ধী ছাত্র আন্দোলন’ কমিটিকে অবাঞ্চিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চন্দ্রদ্বীপ ডেস্ক : হবিগঞ্জে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে ছাত্র সংগঠনের নবগঠিত জেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে সংগঠনেরই একাংশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন i

সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি অরাজনৈতিক সংগঠন হলেও নবগঠিত কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের স্থান দেওয়া হয়েছে। এছাড়াও কমিটি অনুমোদনে স্বচ্ছতা রক্ষা করা হয়নি এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দিয়েছেন বলে তারা দাবি করেন। অভিযোগকারীদের মতে, প্রকৃত ত্যাগী ও আন্দোলনরত ছাত্রদের বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার প্রথম যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিব।

তিনি জানান, সংগঠনের ৪০ জন সক্রিয় সদস্য এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তাদের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিতর্কিত কমিটি বিলুপ্ত না করা হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল বের হয়। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ‘অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নবগঠিত জেলা কমিটির সহ-সদস্য সচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ।




গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নতুন দল, প্রত্যাশা বিএনপি-জামায়াতের

চন্দ্রদ্বীপ ডেস্ক : আত্মপ্রকাশ করল তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অগ্রভাগে থাকা একদল তরুণ-তরুণী এই দল গঠনের উদ্যোক্তা।

নতুন এই রাজনৈতিক দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দুই দলের নেতারা বলছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে নতুন দলও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি, লেবার পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বিকল্প ধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খেলাফত মজলিসের নেতা আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আজহারুল ইসলামও ছিলেন।

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক কমিটির অন্যদের নাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।

তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, এখনই সময়—নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার!

নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেটি পরিচর্যা করে। আমরা আশা করব নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটল, তা দেশের গণতন্ত্রের জন্য কাজ করবে।

আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বাংলানিউজকে বলেন, নতুন রাজনৈতিক দল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে এবং আগামী দিনের দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটিই প্রত্যাশা।




দুমকির পায়রা পয়েন্টে ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র ৬১১তম আউটলেট চালু হলো পটুয়াখালীর দুমকীর পায়রা পয়েন্টে। ঢাকা-কুয়াকাটার হাইওয়েতে পায়রা ব্রিজের পাদদেশে অবস্থিত লেবুখালীর পায়রা পয়েন্ট মার্কেটে শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন নিউভিশন গ্রুপের এমডি মো. তারিকুল ইসলাম মনির।

এসময় তিনি বলেন, “দুমকির লেবুখালীতে আধুনিক আউটলেটের পরিকল্পনা দীর্ঘদিনের। আশা করছি, এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে এবং গ্রাহকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে নিয়মিত বাজার করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্বপ্ন’র অপারেশনস ম্যানেজার মো. নাইম খান জানান, নতুন এই আউটলেটে মাসব্যাপী বিশেষ অফার থাকবে। এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য হোম ডেলিভারি সেবাও চালু করা হয়েছে।

অনুষ্ঠানে পরে যোগ দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম।

এদিকে আসন্ন ঈদের আগে স্বপ্ন’র আউটলেট হওয়ায় খুশি স্থানীয়রা। তাদের আশা এবার আর জেলা শহরে যেতে হবেনা। ‘স্বপ্ন’র নতুন শাখা তাদের বাজারের অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করবে।