পটুয়াখালীতে ২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন।

সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এতে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফত আরা জামান ঊর্মি, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে ২৫ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, মুক্তিযোদ্ধা, ইমাম, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন বলেন, রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে নির্ধারিত নির্দেশনার আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালিত হবে। তিনি সবাইকে এসব কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নানার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে ফিহান (১০) নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফিহান বরিশালের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাছুম হাওলাদারের ছেলে। সে নানা নিজাম ভূঁইয়ার বাড়িতে থেকে পূর্ব চরকুতুবপুর একে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

ফিহানের নানা নিজাম ভূঁইয়া জানান, দুপুর পৌনে ১টার দিকে নাতিকে নিয়ে আড়িয়াল খাঁ নদে গোসলে নামেন তিনি। ফিহান সাঁতার না জানায় নদীর কিনারায় গোসল করছিল। তবে হঠাৎ পা পিছলে সে স্রোতে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমি সঙ্গে সঙ্গে ডুব দিয়ে খোঁজার চেষ্টা করি, কিন্তু পাইনি। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং নদীতে তল্লাশি শুরু করে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল দিয়ে ফিহানকে উদ্ধারের চেষ্টা চলছে, তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রমজানে গৌরনদীতে ন্যায্যমূল্যের দোকানে ব্যাপক সাড়া

 পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে ন্যায্যমূল্যে ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ স্বস্তি প্রকাশ করছেন।

গত ২৬ ফেব্রুয়ারি গৌরনদী পৌর বালুর মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং “মানুষ মানুষের জন্য যুবসঙ্ঘ”-এর সহায়তায় এ দোকান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার মো. রাজিব হোসেন দোকানটির উদ্বোধন করেন।

কম দামে ২০ ধরনের পণ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রি করায় দোকানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, দোকানে চার ধরনের ডাল, আলু, পেঁয়াজ, আদা, ছোলা, চিনি, মুড়ি, খেজুর, তরমুজ, আনারস, মাল্টাসহ ২০ প্রকারের পণ্য পাওয়া যাচ্ছে। বাজারের তুলনায় এসব পণ্যের দাম কম হওয়ায় সাধারণ মানুষ ভিড় করছেন।

বাজারের তুলনায় কম দাম

“মানুষ মানুষের জন্য যুবসঙ্ঘ”-এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন জানান,“আমরা চেষ্টা করছি বাজারের তুলনায় কম দামে পণ্য বিক্রি করতে। যেমন- মাল্টা বাজারে ৩৪০ টাকা, আমরা বিক্রি করছি ২৮০ টাকায়। খেজুর ৫০-২০০ টাকা কম দামে, তরমুজ ৫ কেজি ২০০ টাকায়, চিনি ১২৫ টাকার বদলে ১২০ টাকায়, মুড়ি ৯০ টাকার বদলে ৭০ টাকায় দিচ্ছি।”

তিনি আরও জানান, মূলধন সংকটের কারণে প্রতিদিন ১০০-১৫০ জন ক্রেতার চাহিদা মেটানো সম্ভব হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান বলেন,“রমজানে এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের কষ্ট কমাতে আমরা ন্যায্যমূল্যে ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছি। এতে মানুষ উপকৃত হচ্ছে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবির জমির গাছ কাটার অভিযোগে দুইজন গ্রেফতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির ৪৪টি গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. বাদল ও বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান আবু রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে পীরতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা ভবনের পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিলেন সৈয়দ বাদল ও আবু রায়হান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় গাছগুলো জব্দ করেন এবং দুমকি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০২/৩মার্চ ২০২৫)।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আবু রায়হান নামমাত্র ল্যাব টেকনিশিয়ান হিসেবে চাকরিতে থাকলেও অধিকাংশ সময় উপজেলা পরিষদ ও ভূমি অফিসে অবস্থান করতেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় দম্পতিকে মারধর ও শ্লীলতাহানি, অভিযুক্তরা প্রভাবশালী

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার অভিযোগ তুলে এক দম্পতিকে নির্মমভাবে মারধর, শ্লীলতাহানি এবং অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী নারী নুরজাহান বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। চার দিন পর, সোমবার (৩ মার্চ) রাতে তিনি কলাপাড়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে। অভিযোগে বলা হয়, নুরজাহান বেগম ও তার দ্বিতীয় স্বামী শামিম মোটরসাইকেলে চাপলী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে তুলাতলী এলাকায় পৌঁছালে সাইফুল, বশির, স্বপন, নুর আলমসহ ১০ যুবক তাদের মোটরসাইকেল আটকায় এবং বেধড়ক মারধর শুরু করে। এরপর পাশের এক বিলের মধ্যে নিয়ে গিয়ে ফের তাদের ওপর হামলা চালানো হয়। নুরজাহান বেগমের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করা হয়।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

শামীম চৌকিদার জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রথমে চিকিৎসা ও থানায় অভিযোগ দিতেও বাধা দেওয়া হয়। এমনকি এখনো তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, অভিযুক্ত সাইফুল গাজী দাবি করেন, শামীম ও নুরজাহান বৈধ স্বামী-স্ত্রী নন। তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলেই তারা ব্যবস্থা নিয়েছেন। তবে ভুক্তভোগী দম্পতি তাদের কাবিননামা দেখিয়ে বৈধ সম্পর্কের প্রমাণ দেন।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কঙ্গোতে ২ হাসাপাতালের ১৩০ রোগীকে অপহরণ করেছে বিদ্রোহীরা




৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান




সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী




গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য : নেতানিয়াহু




রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া-দাওয়া, নাইজেরিয়ায় আটক বহু মুসলিম