আওয়ামী লীগ এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না- এমন এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সর্বশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।’ অন্যদিকে গণ-অভ্যুত্থানে পরাস্থ আওয়ামী লীগের সিদ্ধান্ত এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না।

ভারতে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কয়েকটি ভার্চুয়াল সভা থেকে জানা যায়, তিনি আগামী নির্বাচনের বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তার ভাষ্য, এই সরকারের অধীনে নির্বাচন নয়। অনুকূল পরিবেশ এলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।

এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা অজ্ঞাত কারণে নিশ্চুপ হয়ে আছেন। আর বেশকজন কেন্দ্রীয় নেতা আছেন কারাগারে। গণ-অভ্যুত্থানের পর হত্যা মামলাসহ নানাবিধ মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন প্রায় সব কেন্দ্রীয় নেতা ও সাবকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি। আত্মগোপনে থেকে বেশ কজন নেতা অনলাইন প্ল্যাটফর্মে এসে দলীয় সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন। এই নেতাদের ভাষ্য এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। তাদের ধারণা, এই সরকারের সময় খুব বেশি নেই। পরবর্তী সময়ে সাংবিধানিকভাবে স্বীকৃতি কোনো সরকার এলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে সাবেক নৌপ্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। ফলে এই কাঠামোতে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। আগে দখলদার বাহিনীকে হটিয়ে দেশে সংবিধানিক প্রক্রিয়ায় না ফিরলে আওয়ামী লীগ

নির্বাচনে অংশ নেবে না।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘এমন কোনো বৈরী পরিবেশ নেই যে নির্বাচনে আমাদের দল অংশ নেয়নি। ইউনূস সরকার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়িত হবে না। আর হ্যাঁ এটা উনি সত্য বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা উনার (প্রধান উপদেষ্টা) ওপর নির্ভর করছে না। কারণ, আমরা যতটুকু জানি বা ধারণা করছি খুব বেশি দিন তিনি ক্ষমতায় নেই। উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানান, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনেক ভাবনার। এটা নিয়ে নীতি-নির্ধারকরা ভাববেন। তবে দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতাকর্মী অংশ নেবে। এ বিষয়ে নেতাকর্মীদের প্রস্তুত করাও হচ্ছে।




কলাপাড়ায় দুর্নীতির অভিযোগে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত বর্জন অব্যাহত

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি, যার ফলে বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জ্যেষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান চুন্নু বিষয়টি নিশ্চিত করে জানান, বিচার বিভাগে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি চলছে। এর আগে বুধবার সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালত বর্জনের ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাদের মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল, তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলেন, কিন্তু বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন।

আইনজীবীরা জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়কে দ্রুত অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তাদের দাবি, বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই, তাই বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনজীবীদের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকীতে যুবকের বাড়ির সামনে দুই সন্তানের জননীর অনশন

পটুয়াখালীর দুমকীতে জুয়েল হাওলাদার নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে অনশনে বসেছেন আখি আক্তার নামে দুই সন্তানের জননী। অভিযুক্ত জুয়েল হাওলাদার স্থানীয় আলমগীর হাওলাদারের ছেলে। বুধবার (৫ মার্চ) সকাল থেকে দুমকীর এম কেরামত আলী হাই স্কুল সংলগ্ন জুয়েলের বাড়ির সামনে অনশন করছেন ওই নারী।

আখি আক্তার জানান, তার স্বামী বিদেশে থাকার সুযোগে জুয়েল হাওলাদার তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর তারা দীর্ঘদিন ধরে দুমকীসহ ঢাকা ও পটুয়াখালীতে একসঙ্গে বসবাস করেছেন। তবে সম্প্রতি জুয়েল তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বাধ্য হয়ে ন্যায্য অধিকার আদায়ে অনশনে বসেছেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত জুয়েল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কেউও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনশনে থাকা নারী সুবিচার চাচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি বসতঘর ও ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পটুয়াখালী শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধিমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০) ও বিকাশ চন্দ্র দাস (৪৫)। এছাড়াও, “নিকুঞ্জ সোনা ঘর” ও “শ্যামল আর্ট” নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ সবকিছু পুড়ে যায়, ফলে পরিবারগুলো চরম সংকটে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সহায়তা করেন। আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, “এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখিনি। মুহূর্তের মধ্যেই আগুনে সবকিছু পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আসায় আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাবুল চন্দ্র শীলের মেয়ে অর্পিতা রানী শীল বলেন, “আমাদের সব শেষ হয়ে গেছে। এই আগুন আমাদের স্বপ্ন, আশ্রয়—সবকিছু কেড়ে নিয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো, সেটাই বুঝতে পারছি না।”

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন জানান, “এখনো আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।”

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা




অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র




মিসরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ-আরব নেতাদের সমর্থন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পাঁচ বছর মেয়াদী পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল তৈরির প্রস্তাব তুলে ধরেছেন। সে প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ।

এই তহবিলের লক্ষ্য হলো গাজায় ভবন, রাস্তাসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সে পরিস্থিতি তৈরি করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে খালি করে সেখানে ভ্রমণ গন্তব্য তৈরির পরিকল্পনার কথা বলেন। এর বিপরীতে আরব লীগ এই প্রস্তাব গ্রহণ করে।

সিসির পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার প্রথম দুই বছর দুই লাখ আবাসিক ভবন তৈরির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে ২০৩০ সাল পর্যন্ত আরও দুই লাখ হাউজিং ইউনিট, একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক তৈরির কথা বলা হয়েছে। মোট ৩০ লাখ মানুষের থাকার জায়গা তৈরি করার কথা বলেছে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সমর্থন করেছে। জাতিংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন।




জুলাই-আগস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিগত আওয়ামী সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দদা সংস্থাগু‌লো গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। যা মানবতাবিরোধী অপরাধের মতো উদ্বেগের পাশাপাশি জরুরিভাবে ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। একইসঙ্গে এসব অপরাধ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর তদন্ত শেষে বুধবার (৫ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক প্রতিবেদন উপস্থাপন করেন।

জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ বাংলাদেশ সরকারের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের পক্ষ থেকেও একাধিক প্রতিনিধি উপস্থিত থেকে ওই সময়ের ঘটনাগুলো বর্ণনা করেন। পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের তত্ত্বাবধানে নির্মিত যাত্রাবাড়ীতে মানবাধিকার লঙ্ঘনের ওপর একটি ভিডিও চিত্র দেখানো হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় থেকে বাংলাদেশে জুলাই-আগস্টে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্বাধীনভাবে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে বাংলাদেশের প্রকৃত বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। যা ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এমন অবস্থান থেকে উত্তরণ ও সংস্কার কর্মসূচিকে সমর্থন করছে। যার মধ্যে ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




প্রথম দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাচ্ছেন ড. ইউনূস?

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে সাত মাস পার করেছেন। এই সময়ে তিনি চারটি বহুপক্ষীয় সফর করেছেন। তবে এখনো দ্বিপক্ষীয় কোনো সফর করেননি ড. ইউনূস। আশা করা হচ্ছে, চলতি মাসে প্রথম দ্বিপক্ষীয় সফর শুরু করবেন তিনি। আর সেটি হতে পারে চীনে।

ঢাকা-বেইজিংয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এসব ইঙ্গিত দিয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসের শেষের দিকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে ড. ইউনূসের বেইজিং সফরের কথাবার্তা চলছে। প্রধান উপদেষ্টার আগামী ২৭ থেকে ২৮ মার্চ চীন সফর করার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্বিপক্ষীয় সফরে বেইজিংয়ের পাশাপাশি বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।




বাকেরগঞ্জে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের বাকেরগঞ্জে সরকারি হালট ও খালের জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। পত্রিকায় সংবাদ প্রকাশের পরই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপড়কাঠী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের তিন পুত্র— মো. বাবুল হাওলাদার, মো. জাহাঙ্গীর হাওলাদার ও মো. কবির হাওলাদার— সরকারি জমি দখল করে তিনতলা ভবন নির্মাণ করছিলেন।

এই অবৈধ দখলের খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ৪ ও ৫ মার্চ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেয়। এরপর ইউএনও রুমানা আফরোজ সরকারি জমি পুনরুদ্ধারের নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, “পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই আমরা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ভবিষ্যতেও বাকেরগঞ্জ উপজেলায় এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম