বিপ্লবী নারী পরিষদের আত্মপ্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : নির্যাতন নিপীড়ন বঞ্ছনার অবসান ঘটিয়ে বাংলাদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নারী সংগঠন বিপ্লবী নারী পরিষদ।

এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন জুলাইয়ে রাজধানীর উত্তরায় রাজপথের সংগ্রামী রোটারিয়ান রাবেয়া আক্তার ও শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

কমিটিতে লেখক ও প্রকাশক সুলতানা আক্তারকে উপদেষ্টা, রোটারিয়ান রাবেয়া আক্তারকে আহ্বায়ক ও রুবি বেগমকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও কমিটিতে লাইলী বেগম ও নুসরাত রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক; খুরশিদা মামুন, তামিমা জোবায়দা ও মেহেরুন্নেসা যুগ্ম আহ্বায়ক; শারমিন জাহান, নাসরিন আক্তার, অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তিকে সহকারী সদস্য সচিব; রাবেয়া সুলতানা, তাহামিনা আকন্দ ও আফতিহা জাহান আমরিনকে সমন্বয়ক; মোসা. মাহমুদা খাতুন, জাকিয়া জাফরিন তন্নী, জয়নব আশ শিফা, মরিয়ম, সাহিদা সুলতানা তামান্না, ইসরাত জাহান জ্যোতি, তাহমিনা বেগম ও শামসুনাহার বীথিকে সদস্য করা হয়েছে।




ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চন্দ্রদ্বীপ ডেস্ক ; ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ছাত্রী হলের সামনে দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছায়। এতে প্রায় ১০ থেকে ১২টি হলের শিক্ষার্থীরা অংশ নেন।

রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলতে থাকে প্রায় আধা ঘণ্টা, পরে রাত তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’; ‘চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইংরেজী বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, “কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষককে গ্রেপ্তার করে কার্যকর ব্যবস্থা না নিলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দেব।”




মহিপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ জিএম জসিম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাতে মহিপুর সদর ইউনিয়নের ওয়াপদা কলোনীর গরুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর গরুর বাজার এলাকায় নিজ বাসা থেকে জিএম জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সবুজ পলিথিনে মোড়ানো ও সাদা কাগজে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, জিএম জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (৮ মার্চ) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, চিহ্নিত মাদক কারবারি জিএম জসিমকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পুতিন শান্তি চান, নিশ্চিত ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার সর্বসাম্প্রতিক বিমান হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোটেই আশাহত করছে না। যুক্তরাষ্ট্র এখনও ব্যাপকভাবে আশাবাদী, শিগিগরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি।

শুক্রবার রাতভর দেশজুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ইউক্রেনের পাঁচটি অঞ্চলে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানা হয়। এতে আবাসিক ভবনগুলোর ক্ষতি হয় এবং বাসিন্দারা আহত হন।

তবে শুক্রবার ওভাল অফিসে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন যে তিনি শান্তি চান, তখন পুতিনের কথা বিশ্বাস করেন তিনি।” ট্রাম্প বলেন, “আমি তাকে বিশ্বাস করি। আমার মনে হয় আমরা রাশিয়ার সঙ্গে খুব ভালো করছি। অবশ্য এটাও সত্য যে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনে প্রচণ্ড বোমা বর্ষণ করছে।”

পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় তিনি (ইউক্রেনে) আগের চেয়ে আরও শক্ত আঘাত করছেন এবং সম্ভবত পুতিনের অবস্থানে অন্য যে কেউ থাকলে তিনিও তাই করতেন।”

কিয়েভের ব্যাপারে নিজের অব্যাহত হতাশাও গোপন করেননি ট্রাম্প। তিনি বলেন, “সত্যি বলতে কি, ইউক্রেনের সঙ্গে কাজ করা আরও কঠিন হয়ে উঠছে। তাদের হাতে কোন কার্ড নেই।” যখন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, ট্রাম্প বলেন, তা ইউক্রেনের ওপর নির্ভর করছে।




বরিশালে সাংবাদিক লাঞ্ছিত, থানায় আটকে রাখার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক রিপন রানাকে মারধর করে থানা গারদে আটকে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, রিপন রানার মোবাইল, ক্যামেরা ও বুম ছিনিয়ে নিয়ে ডকুমেন্ট মুছে ফেলা হয় এবং রোজাদার থাকা সত্ত্বেও তাকে ইফতারের সুযোগ দেওয়া হয়নি।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রিপন রানা বরিশাল টিভি ও বরিশাল টাইমসের রিপোর্টার।

তিনি জানান, বরিশালের কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার খবর পেয়ে থানায় যান তিনি। সেখানে পাবেলের সঙ্গে কথা বলার সময় এসআই জুবায়ের সাংবাদিকদের কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানও কটূক্তি করেন এবং এরপর পুলিশ কমিশনারকে ফোন করায় রিপনকে মারধর করা হয়।

একপর্যায়ে তাকে থানার গারদে আটকে রেখে আরও মারধর করা হয় এবং তার মোবাইল ও ক্যামেরার তথ্য ডিলিট করা হয়। গারদে বসে ইফতারের জন্য পানি চাইলে ওসি তা দিতেও নিষেধ করেন বলে অভিযোগ করেছেন রিপন।

থানার গারদে থাকা এক কিশোর (অন্তর) বলেন, সাংবাদিক রিপন ভাইকে অহেতুক পুলিশ মারধর করেছে। তার কোনো ভুল আমার চোখে পড়েনি।

রিপন দাবি করেন, পুরো ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে এবং সেটি পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা জানা যাবে।

ওসি (অপারেশন) গাজী মিজান সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া রিপন ভিডিও ধারণ করছিলেন, এর বাইরে কিছু বলবো না। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে এসআই উজ্জ্বল জানান, ওসি স্যার নামাজে আছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, ভুক্তভোগী সাংবাদিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ (শনিবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।




সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

চন্দ্রদ্বীপ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”

বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরআগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।




বাংলাদেশে সকল সমস্যার সমাধানে গণতান্ত্রিক উপায়ে জোর ভারতের

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে সব ধরনের সংকটের সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত। শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়।

বাংলাদেশে ‘‘ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেছেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে।

বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছেন। বৈঠকে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি পুনর্নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা। আগামী বছর এই চুক্তি পুনর্নবায়ন করার কথা রয়েছে।

মুখপাত্র জয়সওয়াল বলেন, উভয়পক্ষ গঙ্গা পানি বণ্টন চুক্তি, পানির প্রবাহ পরিমাপ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে।

বাংলাদেশের ‘হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর সহিংসতা’র অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা আশা করছেন বাংলাদেশ কোনও ধরনের পার্থক্য না করেই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।




নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে : ছাত্রদল

চন্দ্রদ্বীপ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

শুক্রবার (৭ মার্চ) নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

ছাত্রদল সভাপতি বলেন, ‘গত ৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশের যেকোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনীতি সচেতন মানুষ অবগত। পূর্বের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।




পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে পটুয়াখালীতে। শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৬টি গ্রুপ থেকে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের শিক্ষক শাহ আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ডিজাইন আইডিয়াস অ্যান্ড টেকনোলজি লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি সাইদুর রহমান খান পাবেল।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি বিকালে জেলা পরিষদ শিশু পার্কে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬টি ক্যাটাগরিতে ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ৫ জন করে মোট ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম