গলাচিপার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন, অপপ্রচারের অভিযোগ নুরুর

পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, ইউএনওর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে।
ভিপি নুর বলেন, “রাজনৈতিকভাবে কিছু লোক অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে ইউএনওর বিরুদ্ধে মনগড়া অভিযোগ করছে। এর আগেও তাকে ‘ইসলামের শত্রু’, ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যায়িত করে আন্দোলন হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।”
স্থানীয় সূত্র জানায়, মানববন্ধনে অংশ নেওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে মাদকসেবন ও বিক্রির অভিযোগ রয়েছে এবং তাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে অনৈতিক চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়ে কিছু ব্যক্তি ইউএনওর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সত্তার চেয়ারম্যান বলেন, “যারা ডিলারশিপ পাননি, তারা হয়তো ক্ষোভ থেকে আন্দোলনে গেছেন। তবে প্রশাসনের নিরপেক্ষ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করা অনৈতিক।”
জামায়াতের আমির মাওলানা ডা. জাকির হোসেন বলেন, “সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সঠিক তদন্ত হওয়া দরকার, তবে মিথ্যা প্রচারণা দুঃখজনক।”
এ বিষয়ে ইউএনও মিজানুর রহমান বলেন, “সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে করা হয়। কিছু স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা চেয়েছিল, যা আমি প্রত্যাখ্যান করেছি। এরপর থেকেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
সচেতন নাগরিকরা ইউএনওর পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং তাকে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে উৎসাহ দিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








