কমেছে সয়াবিন তেল-ছোলা-চিনির দাম

ঢাকা জেলার ধামরাইয়ে সপ্তাহের ব্যবধানে কমেছে সয়াবিন তেল, ছোলা এবং চিনির দাম। তবে, সবজি ও চালের বাজারে কোনো পরিবর্তন আসেনি, তবে কিছুটা বেড়েছে লেবু ও কাঁচামরিচের দাম।
শনিবার (১৫ মার্চ) সকালে সরেজমিনে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া, কালামপুর, ধামরাই, ধানতারা, বারবাড়িয়া, কাওয়াখোলাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত সপ্তাহের তুলনায় সয়াবিন তেল, ছোলা ও চিনির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। তবে খোলা তেলের সরবরাহ ঠিকঠাক থাকলেও বোতলজাত তেলের সংকট রয়েছে। চিনির দাম এখন ১২০ থেকে ১২২ টাকা প্রতি কেজি, মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, ছোলা ১০৫ টাকা এবং বেসন ১০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি বাজারে দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৮০ টাকা, পটল ১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, পাতা কপি ১০ থেকে ১৫ টাকা পিস, ছোট লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি এবং বড় লেবু ১০০-১২০ টাকা হালি বিক্রি হচ্ছে।
এছাড়া, মসলার বাজারে হলুদ ৩৩০ টাকা, শুকনা মরিচ ৩২০ টাকা, জিরা ৬৫০ টাকা, দেশি আদা ও রসুন ১০০ টাকা, লং ১৬০০ টাকা, এলাচ ৫০০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। মসলার দামও গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে গেল কিছু দিন ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তারা রমজান মাসে দ্রব্যমূল্য কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম











